এক সুতায় গাঁথা ১০২
পঞ্চগড় থেকে টেকনাফ— সব জায়গা থেকে আই-জিনিয়াসদের ঢাকায় আসার প্রস্তুতি চলছিল নভেম্বর ২০১১ শেষ সপ্তাহ থেকে। অনুষ্ঠান কবে, কোথায়, কীভাবে, কখন হবে—এ রকম হাজারো প্রশ্ন। ১০২ জন আই জিনিয়াসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার দায়িত্ব পড়েছিল এই অভাগার কাঁধে। জানুয়ারির শুরু হতেই উৎকণ্ঠা আই-জিনিয়াসদের। ফোনের পর ফোন। আপু, চিঠি পাইনি। কোন কুরিয়ারে পাঠিয়েছেন? যাওয়ার আগে চিঠি পাব তো? চিঠি না পেলে আসতে পারব তো? মেইল করেছেন? ফেসবুকে দেখেছি। ওটার প্রিন্ট আউট আনলে হবে?আই-জিনিয়াসদের নিজেদের একটা ফ্যান পেজ আছে। একজনকে একটা তথ্য জানালে সঙ্গে সঙ্গে সে তা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিত। অন্তত ৫০ জন তা জেনে যেত ঘণ্টা পেরোনোর আগেই। এক দিনে এক সময়ে এক অনুষ্ঠানে সারাদেশ থেকে শতাধিক প্রতিযোগীর উপস্থিতি নিশ্চিত করা চাট্টিখানি কথা নয়! কারো না কারো কোনো সমস্যা দেখা দিতেই পারে। একজন ফোন দিয়ে বলে, ৬ জানুয়ারি কলেজে টার্ম পরীক্ষা। শিক্ষকদের বুঝিয়ে বলার পর তার সুযোগ হলো উৎসবে যোগ দেওয়ার।আখাউড়ার আই-জিনিয়াস এসেছিল দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে, যেখানে ফোনের নেটওয়ার্ক সবসময় থাকে না। শেষ পর্যন্ত সেও এসেছিল।অনুষ্ঠানের আগের দিন পার্বত্য অঞ্চলের একজন আই-জিনিয়াস চলে আসে ঢাকায়। কোনো দিন ঢাকায় আসেনি সে। তাই তার বড় ভাই উৎকণ্ঠা নিয়ে ফোনে বলেন, ‘আপা, আমার ভাই কোনো দিন ঢাকায় যায়নি। ওকে একটু দেখে রাখবেন।’সব উৎকণ্ঠার অবসান ঘটিয়ে ঢাকার গ্রামীণ ফোন হাউসে ঠিক সময়ের আগে হাজির হলো সব আই জিনিয়াসেরা। এ যেন এক সুতায় বাঁধা শত প্রাণ!