
সিঁদুরগোলা ভোরের আকাশটা যখন আয়েশি শেষ প্রস্থ ঘুমের হাতছানি দেয় তখনই শাঁওলিকে প্রতিদিন উঠতে হয়। প্রতিদিনের মতো বিছানা ছেড়ে এয়ারকন্ডিশনটাকে ফ্যান মোডে দেয় শাঁওলি।
এরপর জানালার পর্দাটা সরিয়ে লালচে আকাশটাকে একমনে কিছুক্ষণ দেখে শাঁওলি। আকাশটা রং পাল্টে হলুদাভ হয়ে উঠছে। কড়া রোদের আভাস আকাশজুড়ে। আজও সূর্যটা তেতে সবাইকে নাকাল করবে তা এখনই বোঝা যায়। এ বছর গরমটা যাওয়ার নাম নিচ্ছে না।
জানালার পাশ থেকে সরে এসে পাতলা একটা কম্বল জড়িয়ে কুণ্ডলী পাকিয়ে থাকা সাগ্নিকের কপালে হাত রাখে শাঁওলি। ঘুম জড়ানো চোখে সাগ্নিক শাঁওলিকে দেখে আবার পাশ ফিরে শোয়।
শাঁওলি ফ্রেশ হয়ে কিচেনে আসে। বাসার কাজের সাহায্য করার মেয়ে থাকলেও সাগ্নিকের সকালের চা টা শাঁওলিকেই করতে হয়। চা ফুটছে, হালকা লাল থেকে কালচে লাল, ঘরময় মিষ্টি একটা গন্ধ। সাগ্নিকের এখন পছন্দ অল্প লিকারে বেশি দুধ মিশিয়ে কিছুটা হলদে চা আর শাঁওলি কড়া লিকারে দুধ মেশানো লালচে চা পছন্দ করে। আগে অবশ্য সাগ্নিক আর শাঁওলির পছন্দগুলো এক ছিল। এখন কেন যেন পছন্দগুলো আর এক সুরে বাজে না।
অল্প কিছুদিন সাগ্নিক ব্রেকফাস্টে ওটস, টক দই আর ড্রাই ফ্রুটস খায়। আর শাঁওলি সেই আটপৌরে রুটি আর সবজিতেই আটকে আছে। এ জন্যই সাগ্নিকের কাছে যত দিন যাচ্ছে ততই শাঁওলি ব্যাকডেটেড হয়ে যাচ্ছে।
ব্রেকফাস্টে রুটি আর সবজি দেখে বিরক্ত সাগ্নিক বলে ওঠে, ‘তুমি দেখছি ওয়েট পুট করার প্রজেক্ট হাতে নিয়েছ। এভাবে চললে তোমাকে নিয়ে অফিশিয়াল পার্টিগুলোতে অ্যাটেন্ড করতে আমার বিব্রত লাগবে। নিজের প্রতি তোমার এই বেখেয়াল আমার খুব অপছন্দ।’
একটু হেসে শাঁওলি ভাবে অথচ এই বেখেয়ালটাই সাগ্নিক ভালোবাসত একসময়। বলত, তুমি আর পাঁচটা মেয়ের মতো টিপিক্যাল না।
‘তুমি আজ অফিসের গাড়ি কনফার্ম করো পিক আর ড্রপ করার জন্য। তোমাকে ড্রপ আর পিক করতে গেলে আমার অনেক সময় নষ্ট হয়।’ সাগ্নিক বলে।
‘ঠিক আছে তুমি আজ চলে যাও, আমি ট্যাক্সি করে চলে যাব।’ বলেই শাঁওলি ভাবতে থাকে একটা সময় দুজনে একসঙ্গে সময় কাটাতে অজুহাত খুঁজতাম আর এখন কাটানো সময়গুলো নষ্ট মনে হয়।
সাগ্নিকের চলে যাওয়া দেখতে দেখতে শাঁওলি ভাবে সময় বদলে যায়, না মানুষগুলো! নাকি নিজেকে বদলাতে হয় সময়ের সঙ্গে তাল মিলিয়ে!
প্রবাসের বন্ধুরা আপনারাও বন্ধুসভার পাতায় প্রকাশের জন্য লেখা পাঠাতে পারেন। বন্ধুসভার ই–মেইলে