এক সড়কে ঝুঁকিপূর্ণ ১১ সেতু!
রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ডিসি সড়কের দৈর্ঘ্য আট কিলোমিটার। ছোট-বড় সেতু আছে ১৫টি। এর মধ্যে ১১টিই এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রায় সময়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। কিন্তু সেতু মেরামতের কোনো উদ্যোগ নিচ্ছে না সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। শুধু ‘এটি ঝুঁকিপূর্ণ সেতু’ বলে নির্দেশনাফলক (সাইনবোর্ড) দিয়ে দায় সেরেছে। সূত্র জানায়, ১৯৬০-৬২ সালে তত্কালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় মরিয়মনগর ডিসি সড়ক নির্মাণ করা হয়। তখন এ সড়ক দিয়ে শুধু রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল চলাচল করত। পরে সওজ বিভাগ ১৯৮৬ সালে সড়কটি পাকাসহ অতিরিক্ত চার ফুট প্রশস্ত করলে বাস, মাইক্রোবাস, জিপ ও ট্রাক চলাচল শুরু করে। সড়ক পাকা করলেও পুরোনো সেতুগুলো মেরামত করা হয়নি। ফলে বেশির ভাগ সেতু দেবে গিয়ে নড়বড়ে হয়ে পড়েছে।সওজ বিভাগের রাঙ্গুনিয়া উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, মরিয়মনগর ডিসি সড়কের ধামাইর হাট থেকে মরিয়মনগর চৌমুহনী পর্যন্ত ১৫ সেতুর মধ্যে চারটি ভেঙে যাওয়ার পর পুনর্নির্মাণ করা হয়েছে। তবে বাকি ১১টি সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আরও সাত থেকে আট বছর আগে। এসব সেতুর ওপর দিয়ে যানবাহন চলছে ঝুঁকি নিয়ে।জানা যায়, গত এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে কুরমাই খালের ওপরের বেইলি সেতুর পাটাতন থেকে ছিটকে পড়ে দুজন মোটরসাইকেলের আরোহী গুরুতর আহত হন। মে মাসের শুরুর দিকে ওই সেতুতে ইটবাহী একটি ট্রাক উল্টে নিচে পড়ে যায়। এ ছাড়া জান মোহাম্মদপাড়া সেতুর ভাঙা রেলিং দিয়ে অটোরিকশা, জিপ ও মাইক্রোবাস প্রায় সময় খাদে পড়ে যায়।উপজেলার স্বনির্ভর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহিম জানান, সড়কের কুরমাই খালের ওপর নির্মিত সেতুটি ২০০১ সালে গাড়িসহ ভেঙে পড়ে। ওই সময় সওজ বিভাগ ভাঙা সেতুটির ওপর পুরোনো একটি বেইলি সেতু বসিয়ে দেয়, যা মাত্র দুই বছরের মাথায় নড়েবড়ে হয়ে পড়ে।লালানগর ইউপি চেয়ারম্যান এম শাহ আলম তালুকদার জানান, এ ইউনিয়নের ধামাইর হাট ব্র্যাক কার্যালয়ের সামনের সেতু, মোগলের হাট বাজারের সেতু, আলমশাহপাড়া কামিল মাদ্রাসার উত্তর ও দক্ষিণ পাশের সেতু দুটি এবং দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁও রাস্তার মাথা এলাকার সেতুটিও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়কে চলাচলকারী বিরতিহীন বাসের চালক ফরিদ উদ্দিন (৪৩) বলেন, ‘সেতুগুলোর ওপর বাস উঠলে মনে হয়, এই বুঝি সেতু ভেঙে পড়বে।’ এ প্রসঙ্গে সওজ বিভাগের রাঙ্গুনিয়া কার্যালয়ের কার্য সহকারী রাসেল দেওয়ান বলেন, সেতুগুলো দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেটা সত্য। কিন্তু দুর্ঘটনা এড়াতে সেতুর পাশে ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড লাগানো হয়েছে। সওজ চট্টগ্রাম বিভাগের উপনির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ বলেন, সেতুগুলো পুনর্নির্মাণের প্রস্তাব প্রকল্প আকারে পাঠানো হয়েছে। কিন্তু অর্থাভাবে প্রকল্প বাস্তবায়ন অনুমোদন মিলছে না।