এক হাজার হেক্টর জমিতে বোরো চাষে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে টঙ্কাবতী খালে ২০০১ সালে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে স্থাপিত ৫০ মিটার দীর্ঘ রাবার ড্যামে ছিদ্র দেখা দিয়েছে। এতে উপজেলার চরম্বা, কলাউজান ও আমিরাবাদ ইউনিয়নে প্রায় এক হাজার হেক্টর জমিতে সেচসুবিধা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।

জানা গেছে, রাবার ড্যাম হওয়ার পর চালের উৎপাদন বেড়েছে প্রায় সাড়ে তিন হাজার মেট্রিক টন। কিন্তু ছিদ্র হওয়ার কারণে ড্যামটি ফুলিয়ে রেখে শুষ্ক মৌসুমের জন্য পানি ধরে রাখা সম্ভব হবে না বলে আশঙ্কা করছেন কৃষকেরা। এতে বোরো ধানের পাশাপাশি মরিচ, বেগুন, মুলা, ফুলকপি, বাঁধাকপি, টমেটোসহ বিভিন্ন প্রকার শাকসবজির উৎপাদন কমে যেতে পারে। এর আগে রাবার ড্যামের সঞ্চিত পানিতে মাছ চাষ করেও কৃষকেরা বেশ লাভবান হয়েছিলেন। পানি না থাকলে এবার মাছ চাষও করা যাবে না।

অনুসন্ধানে জানা যায়, ২০১৩ সালের এপ্রিল মাসে রাবার ড্যামে প্রথম ছিদ্র দেখা যায়। তখন টঙ্কাবতী রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি নিজেদের উদ্যোগে তা মেরামত করে। বর্তমানে ওই একই স্থানে আবার ছিদ্র দেখা দিয়েছে। যত দিন যাচ্ছে ছিদ্রটি বড় হচ্ছে।

টঙ্কাবতী রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুল ইসলাম জানান, রাবার ড্যাম হওয়ার পর থেকে সেচ খরচ কমায় কৃষকেরা ধান ও শাকসবজি উৎপাদন করে আর্থিকভাবে লাভবান হয়েছেন। তিনি আরও জানান, বোরো মৌসুমে সেচের জন্য আগামী জানুয়ারি মাসের শুরুতে রাবার ড্যামটি সাড়ে তিন মিটার ফুলাতে হবে। এতে প্রায় সাত কিলোমিটার পর্যন্ত উজানে পানি খালে মজুত থাকবে।

বর্তমানে রাবার ড্যামটি ছিদ্র হওয়ায় গত ২৮ অক্টোবর সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী প্রতিপদ দেওয়ান জানান, তিনি টঙ্কাবতী রাবারড্যাম সরেজমিন পরিদর্শন করে বিভাগীয় কর্মকর্তাদের কাছে দ্রত সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য প্রতিবেদন পাঠিয়েছেন। তিনি আরও বলেন, সাধারণত একটি রাবার ড্যাম ১০ থেকে ১১ বছর পর্যন্ত কার্যকর থাকে। সে হিসেবে এই বাঁধের মেয়াদ শেষ।

লোহাগাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিজনুর রহমান জানান, বিষয়টি খতিয়ে দেখতে উপজেলা প্রকৌশলীকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।

লাহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরীও রাবার ড্যাম সংস্কারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।