এক হাজারের বেশি নারী হত্যার শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশ মহিলা পরিষদের হিসাব বলছে, গত পাঁচ বছরে শুধু যৌতুকের কারণে এক হাজারের বেশি নারী হত্যার শিকার হয়েছেন। এর বাইরে আত্মহত্যা, শারীরিক, মানসিক নির্যাতনের ঘটনা তো আছেই। এ বছর জানুয়ারি থেকে জুন—এই ছয় মাসেই ৯৭ জন নারীকে হত্যা করা হয়েছে একই কারণে।
বাবা ও মা শিক্ষক। নিজেও রাজধানীর একটি স্কুলের শিক্ষক। স্বামী বিদেশ যাবেন, তাই বাবার বাড়ি থেকে ১৮ লাখ টাকা এনে দেওয়ার দাবি করেছিলেন। কিন্তু এ বিষয়ে অপারগতা প্রকাশ করায় ওই নারী শিক্ষককে অত্যাচার করে হাসপাতালে পাঠান স্বামীর বাড়ির লোকজন। এর আগে থেকে চাকরি ছাড়তে চাপ, বাবার বাড়ির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়াসহ চলতে থাকে নির্যাতন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এখন প্রাণ বাঁচাতে তিনি বাবার বাড়ি আশ্রয় নিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সেই শিক্ষকের বাবা প্রথম আলোকে বলেন, ‘বিয়ের সময় যৌতুক চায়নি। বিয়ের ছয় মাস পার না হতেই মেয়ের স্বামীর বাড়ির আসল চরিত্র প্রকাশ পাওয়া শুরু হয়। সরাসরি যৌতুক চায়নি, বলেছে ১৮ লাখ টাকা ধার চাচ্ছে। মেয়ে স্বামীর বাড়ি আর ফিরে যায়নি বলে ও বাড়ি থেকে টাকাপয়সা নিয়ে পালিয়েছে অভিযোগে ওর নামে জিডিও করেছে। এখন প্রতিদিন মেয়ে চাকরির জন্য বের হচ্ছে আর আমরা পুরো পরিবার ভয়ে তটস্থ থাকছি। এভাবে মেয়েকে কত দিন নিরাপত্তা দিতে পারব? মেয়ের কাছে স্বামী বিবাহবিচ্ছেদের কাগজ পাঠিয়েছে। অন্যদিকে বলছে, আইনি কোনো আশ্রয় না নিলেই কেবল ডিভোর্স দেবে না। মেয়ের সব সার্টিফিকেট ও অন্যান্য জিনিস ফেরত দেবে।’
মাত্র দেড় লাখ টাকা যৌতুকের জন্য ২৪ বছর বয়সী সুখীর স্বামী ও স্বজনেরা তাঁর এক চোখ ইলেকট্রিক টেস্টার দিয়ে উপড়ে ফেলেছেন। আরেক চোখেও তীব্র আঘাত করেন। গত জুলাই মাসে ঈদের আগের দিন এলাকাবাসী সাভার থেকে যখন সুখীকে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তির জন্য নিয়ে আসেন তখন সুখীর উপড়ে ফেলা চোখটিও কাগজে মুড়িয়ে নিয়ে আসেন। যদি চিকিৎসকেরা আবার চোখটি লাগিয়ে দিতে পারেন এই ভাবনায়। তা সম্ভব হয়নি। মাস খানেক ধরে সুখী ও তাঁর পুরো পরিবার হাসপাতালে কাটাচ্ছে। সুখীর সাত বছর বয়সী মেয়ে মায়ের চেহারা দেখে ভয় পায়। ঘটনার পর থেকে সুখীর স্বামী রবিউল ইসলাম কারাগারে।
বেসরকারি সংস্থা বাংলাদেশ মহিলা পরিষদের পরিসংখ্যান অনুযায়ী, ২০১০ সাল থেকে গত বছর পর্যন্ত পাঁচ বছরে ১ হাজার ২৪৩ জন নারীকে শুধু যৌতুকের কারণে স্বামী ও স্বজনেরা হত্যা করেছেন। এর বাইরে একই সময়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন আরও ১ হাজার ৩৪ নারী। আর চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসেই হত্যা করা হয়েছে ৯৭ জন নারীকে। নির্যাতনের শিকার ৭৫ জন।
আইন ও সালিশ কেেন্দ্রর উপাত্ত বলছে, ২০০৭ সালে ১৬, ২০০৮ সালে ৭, ২০১৩ সালে ২১, ২০১৪ সালে ১১ এবং চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত তিনজন নারী যৌতুকের কারণে আত্মহত্যা করেছেন।
১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনে যৌতুকের কারণে মারাত্মক জখমসহ বিভিন্ন অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ডসহ কঠোর সাজার কথা বলা আছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এ (সংশোধিত ২০০৩) যৌতুকের জন্য শাস্তির বিধান আছে।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির ২০১২ সাল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত হিসাবে বলা হয়েছে, এ সময়ে সমিতির কাছে স্বামীর পরিবার যৌতুক চাচ্ছে বা বিভিন্নভাবে নির্যাতন করছে এ অভিযোগ এসেছে ২৯ হাজার ৫১৭টি। নির্যাতনের মাত্রা চরম পর্যায়ে বা মেরে না ফেললে মামলা কম হয়। সমিতির পক্ষ থেকে সালিসি বৈঠকে নিষ্পত্তিসহ বিভিন্ন যাচাই-বাছাইয়ের পর সমিতি ভিকটিমের পক্ষ হয়ে এ সময়ে ১৯৪টি মামলা করেছে।
গত বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আনিসুল হক জানান, যৌতুক নিরোধ আইনের অধীনে ৪৬ হাজার ৭৫৪টি মামলা বিভিন্ন আদালতে নিষ্পত্তির অপেক্ষায় আছে। যৌতুক নিরোধ আইনটির বেশি অপব্যবহার হচ্ছে বলেও অভিযোগ আছে।
আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক প্রথম আলোকে বলেন, একশ্রেণির আইনজীবী ও পুলিশ পারিবারিক যেকোনো ঘটনার ক্ষেত্রেই যৌতুক মামলা করতে ভিকটিমের পরিবারকে উৎসাহিত করেন। শুধু স্বামীর সঙ্গে ঝগড়া অথচ যৌতুক মামলা করে স্বামীর পক্ষের অনেককেই আসামি করা হচ্ছে। এতে করে পরে আর মামলাটি প্রমাণ করা সম্ভব হচ্ছে না। পুলিশ এবং আইনজীবীরা যথাযথ তদন্ত করে সঠিক মামলা দায়ের করলে মিথ্যা মামলার সংখ্যা কমবে।
মানবাধিকারকর্মী, আইনজীবী, নারীনেত্রী, সমাজবিজ্ঞানীসহ বিশেষজ্ঞরা বলছেন, যৌতুক নেওয়া-দেওয়া চলছেই। এ অপরাধকে অপরাধ মনে না করে ‘স্বাভাবিক বিষয়’ হিসেবেই মেনে নেওয়া হচ্ছে। মেয়েকে ‘যোগ্য’ পাত্রের হাতে তুলে দেওয়া বা ভালো বিয়ে দিতে মেয়ের জন্মের পর থেকেই বাবা-মা টাকা জমাতে থাকেন। মেয়েকে বিয়ে দেওয়ার সময় যে বাবা-মা যৌতুক দিতে বাধ্য হচ্ছেন তাঁরাই তাঁদের ছেলের বিয়েতে যৌতুক নিয়ে ক্ষতি পুষিয়ে নিতে চাচ্ছেন।
বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, যৌতুক এখন একটি পরিবারের স্ট্যাটাসের প্রতীক হিসেবে পরিণত হয়েছে। এটা সব পেশা-শ্রেণির ক্ষেত্রে প্রযোজ্য। এর পেছনের মূল কারণ পরিবারে মেয়েকে পণ্য হিসেবেই দেখা হচ্ছে। মেয়ের বিক্রয়যোগ্য মূল্য নির্ধারণ করা হচ্ছে। যৌতুকসহ বিয়ে দিয়ে পরিবার মেয়ের সুখ কিনতে চাচ্ছে। তবে বাস্তবে তা হচ্ছে না, মেয়েটাকে পুরো জীবনের জন্য অশান্তির আগুনে ফেলে দেওয়া হচ্ছে। ছেলের পরিবার যৌতুককে ব্যবসার হাতিয়ার হিসেবে বিবেচনা করছে।
সমাজবিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবা নাসরীন বলেন, হিন্দু ধর্মে মেয়েরা সম্পত্তি পায় না। মুসলিম মেয়েরা বাপের বাড়ি থেকে যেটুকু সম্পত্তি পায় তাও বেশির ভাগ নেয় না। বিয়ের সময় মেয়েকে কিছু উপহার দেওয়ার চল থেকেই যৌতুকের শুরু। আর্থিক ক্ষমতায় নিজেদের চেয়ে উঁচু এবং শিক্ষিত ছেলের কাছে মেয়েকে বিয়ে দিয়ে নিজেদের স্ট্যাটাস বা ওপরের দিকে ওঠার জন্যও অনেক পরিবার যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দিচ্ছে। যৌতুকের বিষয়টি এখন রেওয়াজে পরিণত বা ‘প্রাতিষ্ঠানিকীকরণ’ হয়ে গেছে। ফলে সমাজে যে পরিমাণে আলোচনা-সমালোচনা হওয়ার কথা ছিল তা হচ্ছে না।