জিতেই চলেছেন জিতেন্দ্র সূত্রধর। দরিদ্র পরিবারে জন্মেছেন, তা-ও আবার এক হাত নিয়ে। ভিক্ষাবৃত্তি ছাড়া আর অন্য বিকল্প ছিল সামনে। অন্য পথগুলোতে দুস্তর বাধা। কিন্তু জিতেন্দ্র মানুষের করুণা নিয়ে বেঁচে থাকতে চাননি। এক হাতেই সব বাধা সরিয়েছেন তৈরি করেছেন নিজের অবলম্বন। দীঘিনালার এই প্রতিবন্ধী মানুষটি নিজেই আসবাবপত্র বানান। এক হাতে তৈরি সেসব আসবাব ঘুরে ঘুরে বিক্রিও করেন। বর্তমানে শহরের কাঁঠালতলীপাড়ায় গড়ে তুলেছেন নিজের আসবাবপত্র তৈরির কারখানা।জিতেন্দ্র সূত্রধর শৈশবেই আসবাবপত্র তৈরি শিখেছেন। স্বপ্ন দেখেছেন বড় হয়ে একদিন আসবাবপত্রের কারখানা দেবেন। তাঁর সেই স্বপ্ন সত্যি হয়েছে। পরিবারের সদস্যরাও এখন তাঁর কারখানায় কাজ করেন। দরিদ্র পরিবারে এই এক হাতের মানুষটির কারণে সচ্ছলতা আসবে কেউ ভাবেনি তা। কাঁঠালতলীপাড়ার নিজ বাড়িতে গড়ে তুলেছেন ছোট্ট আসবাবপত্র তৈরির কারখানা। জীতেন্দ্রের তৈরি আসবাবপত্রের দাম কম বলে বিক্রিও হয় ভালো।গত শনিবার জীতেন্দ্রর বাড়িতে দেখা যায়, দুটি চেয়ার ও একটি জল চৌকি তৈরি করছেন তিনি। এক হাতে কাজ করতে করতে জীতেন্দ্র জানালেন, জন্মগতভাবেই ডান হাতের অর্ধেক ছিল না তাঁর। চিন্তায় পড়েছিলেন বাবা-মা। ছেলের ভবিষ্যৎ কী হবে? পরিবারে তেমন সম্পত্তি নেই যে ছেলে সেগুলো বিক্রি করে বসে বসে খাবে। কিন্তু মাত্র ১০ বছর বয়সেই বাবা-মায়ের ধারণা পাল্টে দিলেন জীতেন্দ্র। বাবা যশধা সূত্রধর ছিলেন কাঠমিস্ত্রি। শৈশবেই বাবার সহকারী হিসেবে কাজ শুরু করেন অদম্য জীতেন্দ্র। বাবা তাকে এই পেশায় আনতেই চাননি। কিন্তু জীতেন্দ্রর জেদের কাছে হার মানতে হয় শেষে। কাজ শুরু করার কয়েক মাসের মধ্যেই সব কৌশল আয়ত্বে আসে তাঁর। কিন্তু কাজ জানার পরও এক হাত না থাকার কারণে কোনো আসবাবপত্রের দোকান মালিক তাঁকে কাজে নিতে চাননি। পরে আর চাকরির আশায় ধরনা না দিয়ে নিজেই বাড়িতে শুরু করেন আসবাবপত্র তৈরির কাজ। এরই মধ্যে বিয়ে করেন লিসু বালা সূত্রধরকে। স্বামীর এক হাত দিয়ে আসবাবপত্র তৈরির কষ্ট দেখে স্ত্রী লিসু বালাও সহকারী হিসেবে তাঁর সঙ্গে কাজে লেগে যান। জীতেন্দ্র সূত্রধরের বয়স এখন ৬৫ বছর। চার ছেলে তিন মেয়ে তাঁর। মেয়েদের বিয়ে দিয়েছেন। ছেলেরাও নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। জীতেন্দ্র বলেন, ‘আসবাবপত্র তৈরি কাজে সব সময় অনুপ্রেরণা দিয়েছে আমার স্ত্রী। ছেলেদেরও আসবাবপত্রের কাজ শিখিয়েছি। তাঁদের কেউই বেকার নেই। নিজেরা বিয়ে করে তাঁরা আলাদা থাকে। আমি এখানো নিজেই আসবাব বানিয়ে সংসার চালাই।’কাঁঠালতলীপাড়ার পারুল বড়ুয়া বলেন, ‘জীতেন্দ্র এক হাতে যে কাজ করেন তা দেখে বিস্মিত হই। গ্রামের এমন কোনো ঘর নেই যেখানে জীতেন্দ্রর তৈরি আসবাবপত্র পাওয়া যাবে না।’উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বজিৎ চাকমা বলেন, ‘প্রতিবন্ধীরা যে সমাজের বোঝা নয় তারই বড় প্রমাণ জীতেন্দ্র সূত্রধর। সমাজের জন্য এ ধরনের মানুষ অনুকরণীয়।’