এক হাতেই জ্ঞানের পসরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূর্যটা ঠিক যেন মাথার ওপর এসে কাঠফাটা রোদের আগুন ঝরাচ্ছে। একজনের সাক্ষাৎ পেতেই রাজধানীর বিজয় সরণিতে এই রোদের নিচে দাঁড়িয়ে থাকা। একটু আগেই লালবাতি জ্বলেছে, গাড়ির চাকা থেমে গেছে। এরই মধ্যে পাওয়া গেল তাঁকে। বই হাতে এ-গাড়ি ও-গাড়ির জানালায় জানালায় ছুটছেন। গলায় গামছা ঝোলানো। পেটের দিকে গামছার ওপর এক টুকরা কাঠ। তার ওপর থরে থরে বই। ডান হাতেও রয়েছে বেশ কিছু বই। এই একটাই হাত তাঁর। ঘুরে ঘুরে বই বিক্রির চেষ্টা করছেন। বেশির ভাগ ক্ষেত্রেই ক্রেতা বই না কিনেই ফিরিয়ে দিচ্ছেন। প্রথম দেখায় এই মানুষের বয়স মনে হলো পঞ্চাশের মতো। তাঁর নাম মো. গফুর সরদার।
রাজধানীর বিজয় সরণি হয়ে যাঁদের রোজ চলতে হয়, তাঁদের কাছে অতি পরিচিত এই মুখ। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা বই হাতে ছুটে বেড়ান তিনি। যানজটে আটকা পড়া গণপরিবহনের যাত্রী কিংবা ব্যক্তিগত গাড়িতে থাকা মানুষ—সবার কাছেই তিনি ছুটে যান গলায় ঝুলিয়ে রাখা বইগুলো নিয়ে।
৬ মার্চ দুপুরে একসময় ট্রাফিক িসগন্যালে সবুজ বাতি জ্বলল। তাঁর কাছাকাছি যেতেই হাসিমুখে এগিয়ে এলেন। হয়তো ভেবেছিলেন, বই কিনব! তবে ‘কথা বলতে চাই’ বলার পরও আন্তরিকতার কমতি ছিল না। রাস্তার পাশের ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ালাম। বলতে শুরু করলেন তাঁর জীবনের গল্প।
গফুর সরদার প্রায় ২৫ বছর ধরে বিজয় সরণির ট্রাফিক সিগন্যালে বই বিক্রি করেন। তাঁর বয়স এখন ৪৯ বছর। ব্যবসার এত কিছু থাকতে বই কেন? গফুর সরদারের জবাব, ‘বইয়ের লাইগা আমার একটা আলাদা ভালো লাগা আছে। দ্যাশ-বিদ্যাশের অতীত ইতিহাস, বিখ্যাত মাইনষের জীবনী—সবকিছুই পাবেন আমার বইয়ের মধ্যে।’
তাঁর কাছে থাকা বইগুলোর দিকে নজর দিলে চমকে উঠতে হয়। চেতন ভগতের হাফ গার্লফ্রেন্ড, মালালা ইউসুফজাইয়ের আই অ্যাম মালালা, জে কে রাউলিংয়ের ক্যারিয়ার অব এভিল, ক্যারেন ব্লুমেন্থালের স্টিভ জবস: দ্য ম্যান হু থট ডিফারেন্ট, বারাক ওবামার লেখা দ্য অডাসিটি অব হোপ, হ্যারি পটার সিরিজ ছাড়াও রয়েছে সাড়া জাগানো সব ইংরেজি বই।
গফুর সরদারের বাড়ি যশোরের কেশবপুরে। ছোটবেলায় রেল দুর্ঘটনায় বাঁ হাত হারান। সাত ভাইবোন নিয়ে তাঁর বাবা-মায়ের দরিদ্র সংসারেই বড় হয়েছেন। পড়াশোনার সুযোগ পাননি। তবে বড় হয়ে এক নৈশকালীন স্কুলে কিছুদিন পড়েছেন। এখন মহাখালীর সাততলা বস্তিতে থাকেন, একটি টিনের ঘরে। মাসে এক হাজার টাকা ভাড়া। গফুর সরদারের চারজনের সংসার। দুই ছেলেকে নিয়ে তাঁর স্ত্রী কেশবপুরেই থাকেন। গফুর সরদার বলেন, জটিল ব্যাধিতে আক্রান্ত হয়ে তাঁর বড় ছেলে মারা যায় প্রায় ১২ বছর আগে। মেজ ছেলেও একই রোগে আক্রান্ত। টাকার অভাবে ঠিকমতো চিকিৎসাও করাতে পারছেন না। আর ছোট ছেলে পড়ছে পঞ্চম শ্রেণিতে।
বই বিক্রির আয় দিয়েই সংসার চালাতে হয় গফুর সরদারকে। তিনি বলেন, ‘বই বেচে দৈনিক ৩০০-৪০০ টাকা আয় হয়। খুব কষ্টে সংসার চালাতি হয়।’
বই কমে এলে নীলক্ষেত যান। সেখান থেকেই পাইকারি দরে বই সংগ্রহ করেন গফুর সরদার। বই নির্বাচনের ক্ষেত্রে দামের বিষয়টা মাথায় রাখেন। মূলত ১৫০–২০০ টাকার মধ্যে পাওয়া যায় এমন ছাপানো বই তিনি বেশি বিক্রি করেন। গফুর সরদার বলেন, বাংলা বই কম িবক্রি হয়। তাই বিখ্যাত মানুষ আর িহস্ট্রির বই রাখি। ইংরেজি বইয়ের নামগুলো বইয়ের দোকান থেকেই বলা হয়।
গফুর সরদারের স্বপ্ন একটি স্টেশনারি দোকান দেওয়ার। কিন্তু মূলধন নেই। তারপরও স্বপ্ন দেখেন আর প্রতিদিন ঢাকার রাস্তায় এক হাতে ফেরি করে বেড়ান বই।