
হ্যামিল্টনে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের ঘটনা। ৪৮তম ওভারে বল করতে এলেন নাসির হোসেন। প্রথম বলেই নাসিরকে লং-অন দিয়ে উড়িয়ে মারলেন কোরি অ্যান্ডারসন। বলের ঠিকানা গ্যালারি! সঙ্গে সঙ্গে সেখানে এক হাতে ‘ক্যাচ’টা লুফে নিলেন কমলা রঙের টি-শার্ট পরা এক দর্শক! সে কী আনন্দ তাঁর!
আনন্দ হবে না? এ ক্যাচের দাম যে অ-নে-ক!
না, এ ক্যাচে কোনো দলের জয়-পরাজয় নির্ভর করছে না। তবে বিপুল অর্থযোগ হবে ক্যাচ লুফে নেওয়া দর্শকের পকেটে।
খুলেই বলা যাক, বিশ্বকাপের শুরুর আগেই বলা হয়েছিল, কমলা টি-শার্ট পরে এক হাতে ক্যাচ ধরতে পারলে জুটবে মোটা অঙ্কের নগদ অর্থ। অবশ্য সেটা নির্ভর করবে নিউজিল্যান্ড কত দূর এগোয়, তার ওপর।
কিউইরা কোয়ার্টার ফাইনালে গেলে সাড়ে তিন লাখ ডলার, সেমিফাইনালে গেলে পাঁচ লাখ, ফাইনালে গেলে সাড়ে সাত লাখ, আর চ্যাম্পিয়ন হলে পুরো ১০ লাখ ডলারের হাতছানি। আর এ টাকাটা ভাগাভাগি হবে গ্যালারিতে যাঁরা এক হাতে ক্যাচ লুফে নেবেন, তাঁদের মধ্যে। গ্রুপ পর্বে মোট পাঁচ দর্শক এক হাতে লুফে নিয়েছেন ক্যাচ। ঘোষণা অনুযায়ী, তাঁরা ভাগাভাগি করে নেবেন সাড়ে তিন লাখ ডলার। অবশ্য এটি নতুন নয়; নিউজিল্যান্ডে সীমিত ওভারের ম্যাচে দর্শকদের জন্য এর আগেও এমন ‘ক্যাচ প্রতিযোগিতা’ চালু করেছিল একটি প্রতিষ্ঠান।
এবার বুঝতেই পারছেন, ব্যাটসম্যানদের ছক্কার বল গ্যালারিতে এলে কেন অমন হুলুস্থুল পড়ে যায়!
তথ্যসূত্র: আইসিসি-ক্রিকেটডটকম।