তাঁরা স্বামী-স্ত্রী, আবার তাঁরাই সহকর্মী। রোজিনা খান-মাকসুদুর রহমান। ফিন্যান্স অফিসার হিসেবে দুজনেই কর্মরত আছেন আন্তর্জাতিক সংস্থা কেয়ার বাংলাদেশে। দুজনের কর্মক্ষেত্র এক হওয়ায় প্রতিদিন একসঙ্গে আসা-যাওয়া করেন। দুপুরের খাওয়ার বিরতিতে খেতে খেতে দুজন দুজনকে সময়ও দিতে পারেন। সবচেয়ে বড় সুবিধা হলো, অফিসে কাজের চাপ বেশি হলে, বাসায় ফিরতে দেরি হলে ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকে না। আরেক দম্পতি তাজিন হাসান-রাকিব হাসান। চাকরি সূত্রেই প্রথম পরিচয়। তারপর ভালো লাগা, জানা-শোনা...। সবশেষে পারিবারিক সম্মতিতে বিয়ে। অফিসের কাজকর্ম, সংসার—সবকিছুই চলছিল ঠিকঠাক। কিন্তু দুই বছর ঘুরতে না ঘুরতেই বিপত্তি বাধল পদোন্নতিকে কেন্দ্র করে। কর্মনিষ্ঠা ও দায়িত্বশীলতার পুরস্কারস্বরূপ তাজিনের পদোন্নতিকে ভালো চোখে দেখলেন না রাকিব। অথচ তিনি যে তাজিনের চাকরিতে যোগদানের এক বছর পর এ প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন, সে কথা বেমালুম ভুলে গেছেন। পদমর্যাদার ব্যবধানের কারণে দুজনের মধ্যে সৃষ্টি হলো মনোমালিন্যের। একপর্যায়ে নিজের স্ত্রীকে সন্দেহ করতে শুরু করলেন। অফিসের অন্য সহকর্মীরা বিষয়টি বুঝতে পেরে পেছনে হাসাহাসি করতে লাগলেন। শেষমেশ সংসারধর্মকেই মেনে নিতে বাধ্য হলেন তাজিন। সন্তানদের দিকে তাকিয়ে ছেড়ে দিলেন চাকরি।একই অফিসে চাকরির সুবাদে স্বামী-স্ত্রী পরস্পরের সুবিধা যেমন অনেক, তেমনি অসুবিধাও কম নয়। এ বিষয়ে গ্রো এন এক্সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা এম জুলফিকার হোসেন জানান, এখন করপোরেট জগতে যিনি ভালো কাজ করেন, তাঁকেই মূল্যায়ন করা হয়। এটি নারী-পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য। স্বামী-স্ত্রী যেকোনো প্রতিষ্ঠানের একই বিভাগে কাজ করতে পারেন, যদি তাঁরা উভয়ে কাজের প্রতি সমান দায়িত্বশীল থাকেন।কর্মব্যস্ত এ নাগরিক জীবনে ভিন্ন ভিন্ন কর্মক্ষেত্রে কর্মরত স্বামী-স্ত্রীর পরস্পরকে বাড়তি সময় দেওয়ার সময় কোথায়? এ সুবিধাটিও লুফে নিতে পারেন। অফিসের কোনো জটিল বিষয় বুঝে নিতে নির্ভরশীল সহকর্মী ও বন্ধুর মতো চাইতে পারেন সাহায্যও। ব্র্যাক ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান কর্মকর্তা ত্যাহনিয়াত আহমেদ করিম জানান, স্বামী-স্ত্রী একই অফিসে চাকরির ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। বরং এর মাধ্যমে পরস্পরকে সময় দেওয়া যায়, পরস্পরের সমস্যা বুঝতে পারা যায় এবং পরস্পরের প্রতি স্বচ্ছ ও সৎ থাকা যায়। এতে দুজনের মধ্যেই একটি সুন্দর সুসম্পর্ক বজায় থাকে। কাজের ক্ষেত্রে দুজনের আচরণই যেন প্রতিষ্ঠানের প্রতি সৎ ও দায়িত্বশীল হয়।একই প্রতিষ্ঠানে কর্মরত স্বামী-স্ত্রী দায়িত্বশীল কর্মজীবন ও শান্তিময় সংসারজীবনের জন্য কিছু বিষয় বিবেচনা করতে পারেন: পারিবারিক জীবন ও কর্মজীবন—দুটোর মধ্যে পার্থক্যটি বজায় রাখুন। অফিসে প্রবেশের পর স্বামী-স্ত্রী পরিচয়টি যেন কেবল সহকর্মী হয়। আপনার কথাবার্তা-আচরণেও এর বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করুন। অফিসে নিজের দায়িত্ব পালনের প্রতি মনোযোগী হন। প্রয়োজন ছাড়া একে অন্যের কাজে অযথা মাথা ঘামাবেন না। প্রতিষ্ঠানের স্বার্থকে সব সময় বড় করে দেখুন। দেখবেন, আপনার বিপদে-আপদে প্রতিষ্ঠান আপনার সুবিধা বিবেচনা করছে। অফিসে স্বামী-স্ত্রী পরস্পরকেন্দ্রিক না হয়ে অন্য সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। অফিসের কোনো বিষয় নিয়ে সমস্যা হলে কিংবা ছোটখাটো ভুল বোঝাবুঝির সৃষ্টি হলে দুপুরের খাবার খেতে খেতে স্বামী-স্ত্রী দুজনে খোলামেলা আলোচনা করুন। পরস্পরের প্রতি সহানুভূতিশীল হোন।অফিসের দুশ্চিন্তা দয়া করে বাসা পর্যন্ত টেনে আনবেন না। বাসায় ফিরে এবার ব্যক্তিপরিচয়ে ফিরে আসুন। দায়িত্বশীল সহকর্মীর বদলে এবারে হয়ে উঠুন শুধুই সঙ্গী।