একই ছাদের নিচে

চাল, ডাল, সয়াবিন তেল ও নিত্যপ্রয়োজনীয় আরও কিছু সদাইপাতি ট্রলিতে নিয়ে ঠেলতে ঠেলতে সামনের দিকে এগোচ্ছিলেন গৃহিণী ইশরাত জাহান। কেনাকাটার মাঝখানেই তাঁর সঙ্গে কথা বলার অনুমতি নিয়ে জানতে চাওয়া হয়েছিল, বাজার করতে কি সব সময় এমন সুপারশপেই আসা হয়? উত্তর ‘হ্যাঁ’ হওয়ায় ফের প্রশ্ন করা হয়, ‘কাঁচাবাজারে না গিয়ে সুপারশপেই কেন?’ এক সেকেন্ডও না ভেবে ইশরাত জাহান বললেন, ‘একই জায়গায় দরকারি সব জিনিস পেয়ে যাচ্ছি—এই সুবিধা আর কোথায় পাব? তা ছাড়া বাইরের থেকে এখানে জিনিসপত্রের দামও আমার কাছে সাশ্রয়ী মনে হয়।’ সাশ্রয়ী? ‘হ্যাঁ, বাজারের চেয়ে অনেক কিছুর দামই এখানে তুলনামূলকভাবে কম। আর বছরজুড়ে নানা অফার বা মূল্যছাড় থাকে—এটিও এখানে আসার একটি কারণ।’
সুপারশপে সাশ্রয়ী মূল্যে কেনাকাটা করা যায় না—অনেকেই এমন ধারণা নিয়ে বসে আছেন। তবে ইশরাত জাহান যেহেতু একজন মাঝবয়সী গৃহিণী, তাই ধরে নিতেই হয় নানা জায়গায় যাচাইবাছাই না করে তিনি হুট করেই এমন মন্তব্য করে ফেলেননি। কথা বলে আরও জানা গেল, মাসিক বাজারের সঙ্গে মাছ, মাংসও সুপারশপ থেকেই কিনে থাকেন তিনি।
একটা সময় ছিল, যখন দেশে সুপারশপের ধারণাটি তেমন জনপ্রিয়তা পায়নি। এত সুপারশপও ছিল না তখন। কেবল উচ্চবিত্ত শ্রেণিই তখন ওমুখী হতো। তবে বর্তমানে চিত্র অন্য রকম। বাজার ঘুরে দেখা গেল, মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির ক্রেতার সংখ্যাও এখন বাড়ছে। বিষয়টি নিশ্চিত করলেন আগোরা সুপারশপের বিপণনপ্রধান সামির মুহম্মদ সালেহ। তিনি জানালেন, পণে্যর যথাযথ মান বজায় রেখেই তার মূল্য সব শ্রেণির ক্রেতার হাতের নাগালে রাখার চেষ্টা করছেন তাঁরা। ঝামেলা ছাড়া কেনাকাটা করার সুযোগ থাকছে এখানে; কাজেই এদিকে আকৃষ্ট হওয়াই স্বাভাবিক।
সামির মুহম্মদ সালেহর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, লোকে কেনাকাটা করতে কেন যাবে সুপারশপে? উত্তরে তিনি বলেন, এখানে আসার কারণ মূলত চারটি—পণে্যর মান, পণে্যর বিভিন্নতা, ন্যায্যমূল্য ও সেবা।
তিনি জানান, আগোরার আছে নিজস্ব কোয়ালিটি টিম, এই দলের কাজই হলো যাচাইবাছাই করে পণে্যর যথাযথ মান নিশ্চিত করা। ‘কাঁচাবাজারে যে বিক্রেতার থেকে কোনো সবজি বা মাছ–মাংস কেনা হচ্ছে, তিনি কিন্তু আরেকজন পাইকারের কাছ থেকে মাল কিনে আনার সময় এভাবে মান যাচাই করেন না। সেখানে জবাবদিহির বিষয়টিও অনুপস্থিত। আর একই ছাদের নিচে একসঙ্গে যখন নিত্যপ্রয়োজনীয় সব জিনিস পেয়ে যাবেন, তখন অন্য জায়গায় আর আলাদা করে ছুটতেও হচ্ছে না।’ বলেন সামির মুহম্মদ সালেহ।
‘আমরা চেষ্টা করি সব সময় সঠিক মূল্যে ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে। রমজান মাস বা বছরের অন্যান্য সময় যখন ব্যবসায়ীরা হুট করে নিত্যপ্রয়োজনীয় পণে্যর দাম অস্বাভাবিক হারে বাড়িয়ে দেন, তখনো কিন্তু আমরা পণ্যমূল্য ক্রেতাদের হাতের নাগালেই রাখি। এটা সম্ভব হয় সঠিক ব্যবসায়িক নীতি ও কৌশল মেনে চলার ফলে। আমাদের ভাবনার একটি বড় অংশজুড়ে রয়েছে ক্রেতার উপকারের কথা। আমরা তাই পণে্যর দাম হাতের নাগালেই রাখছি। তা না হলে শীতাতপনিয়ন্ত্রিত বা ঝামেলাহীন পরিচ্ছন্ন পরিবেশ দেওয়া সত্ত্বেও কষ্টে রোজগার করা পয়সা বাঁচাতে মানুষ কাঁচাবাজারেই যাবে, সুপারশপে বেশি টাকা দিয়ে কেউ কিনতে আসবে না।’ যোগ করেন তিনি।
হোস্টেল কিংবা মেসে থাকেন—এমন কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেল, বাজারসদাই করার জন্য এমন জায়গাই তাঁদের পছন্দ, যেখানে এক ছাদের নিচেই সব পাওয়া যাবে এবং জিনিসপত্রের দাম নিয়ে দোকানির সঙ্গে বচসা হবে না। ব্যবহারের পর কোনো কিছু মনঃপূত না হলে সুপারশপে অভিযোগ করার উপায়ও আছে। যেটা সাধারণত ফেরিওয়ালা বা খুচরা বিক্রেতা থেকে কেনাকাটা করলে হয়ে থাকে না।
দেশে সুপারশপের ধারণা নিয়ে আছে রহিমআফরোজ গ্রুপ। সেটি ২০০১ সালের কথা। তারা মাছ, মাংস, চাল, ডাল, খাবার, জীবনযাপনের অন্যান্য উপকরণ, প্রসাধনী, থালাবাসন, নিত্যপ্রয়োজনী সব জিনিস একই ছাদের নিচে এনে বিিক্র করার ব্যবস্থা নিয়ে হাজির হয়। এখন আগোরা ছাড়াও মিনা বাজার, নন্দন, স্বপ্নসহ আরও অনেক সুপারশপ হয়েছে। সেগুলোর অনেক শাখা হওয়ার ফলে ভোক্তাসাধারণের যাতায়াত–সুবিধাও আগের চেয়ে বেড়েছে।
অবশ্য ঢাকার বাইরে চট্টগ্রাম ও সিলেট ছাড়াও অন্যান্য শহরে সুপারস্টোরে কেনাকাটার বিষয়টা ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। সুপারশপগুলোর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেল৷
আর তাই মাসকাবারির বাজার করতে এখন আর শহরবাসীকে এক দোকান থেকে আরেক দোকানে ছুটতে হবে না। শীতাতপনিয়ন্ত্রিত, পরিচ্ছন্ন পরিবেশে সময় নিয়ে দেখে–শুনে আরামে কেনাকাটার কাজটা তাঁরা অনায়াসেই সেরে ফেলতে পারবেন এসব সুপারশপে৷