১৯৭৫ সালে নগরের এনায়েতবাজারে যাত্রা শুরু করে চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল। আবাসন অধিদপ্তর থেকে বরাদ্দ পাওয়া একটি ভবনে সীমিত লোকবল নিয়ে শুরু হয় হাসপাতালের কার্যক্রম। প্রায় তিন যুগ পর ডায়াবেটিসের রোগীদের জন্য বড় ভরসা হয়ে উঠেছে এই চিকিৎসালয়। একই ছাদের নিচে আধুনিক সেবা পাচ্ছেন তাঁরা। হাসপাতালকে ১০০ শয্যায় রূপান্তরের কাজ শুরু হয়েছে। ধীরে ধীরে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ পাচ্ছে এটি। চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি পরিচালিত এই হাসপাতালে শুরুর দিকে প্রতিদিন গড়ে ৮০-১২০ জন রোগী আসতেন, আর এখন আসেন ৬০০-৭০০। এনায়েতবাজারে শুধু বহির্বিভাগ নিয়ে চালু হওয়া এই হাসপাতালে পরে ৫০ শয্যার অন্তর্বিভাগ চালু হয়। হাসপাতালও স্থানান্তর করা হয় খুলশী জাকির হোসেন সড়কের ওয়্যারলেস এলাকায়। এখানে শুধু ডায়াবেটিসের রোগীদের চিকিৎসা দেওয়া হয় না; আছে খাদ্য ও পুষ্টি বিভাগ, দন্ত, চক্ষু, সমাজকল্যাণ, ফিজিওথেরাপি, চর্ম ও যৌন বিভাগ। আছে আধুনিক অস্ত্রোপচার কক্ষ। ২ জুন থেকে চালু হয়েছে প্রসূতি বিভাগ। ৪ জুন ওই বিভাগে ভর্তি হওয়া ডায়াবেটিসে আক্রান্ত মা নাসিমা আক্তার একটি সুস্থ ছেলের জন্ম দেন। হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল ইসলাম জানান, বিশিষ্ট চিকিৎসক মো. ইব্রাহিম চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠা করেন। মানবকল্যাণে নিবেদিত মানুষের সহযোগিতায় হাসপাতালের কার্যক্রম সম্প্রসারণ করা হয়; গড়ে ওঠে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি। চিকিৎসার জন্য ডায়াবেটিসের রোগীদের নানা জায়গায় দৌড়াতে হয়। তাঁদের এক জায়গায় চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যে এই হাসপাতাল অনন্য ভূমিকা রাখছে। হাসপাতাল সূত্র জানায়, আরও উন্নত ও সহজলভ্য চিকিৎসার জন্য প্রায় এক কোটি টাকার ল্যাবরেটরি সরঞ্জাম কেনা হয়েছে। এর মধ্যে রয়েছে অটোমেটেড বায়োক্যামিস্ট্রি অ্যানালাইজার, এলাইজা রিডার, ইলেকট্রোলাইকাসসহ আধুনিক সরঞ্জাম। চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী বলেন, ‘উন্নত মানের সেবা দেওয়া ও একই হাসপাতালে ডায়াবেটিস ছাড়াও অন্যান্য সেবা দিতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। শিগগিরই করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), ইনটেনসিভ কেয়ার ইউনিটসহ (আইসিউ) আটটি বিভাগ খোলা হবে। গাইনি বিভাগ, মেডিসিন, হূদেরাগ ও কিডনি বিভাগ দুই থেকে আড়ই মাসের মধ্যে চালু হবে। এ লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। ১০০ শয্যায় উন্নীত করা ছাড়াও হাসপাতালকে ডায়াবেটিক জেনারেল হাসপাতলে রূপান্তর করার স্বপ্ন রয়েছে।’গত মঙ্গলবার মহিলা ওয়ার্ডে কথা হয় সীতাকুণ্ডের বার আউলিয়া থেকে আসা গৌরি দত্তের সঙ্গে। তিনি জানান, দুই দিন আগে তিনি হাসপাতালে ভর্তি হন। এখনে বেশ ভালো আছেন। চিকিৎসার পর তাঁর ডায়াবেটিস নিয়ন্ত্রণে এসেছে। বহির্বিভাগে চকরিয়া থেকে আসা খালেদা বেগম বলেন, ‘ডায়াবেটিক রোগ নিয়ে বেশ কষ্টে আছি। ভালো চিকিৎসার কথা শুনে এখানে এসেছি।’হাসপাতালের খাদ্য ও পুষ্টি বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা হাসিনা আকতার বলেন, ‘কাউন্সেলিংয়ের মাধ্যমে আমরা রোগীদের সচেতন করি। খাবার ও ওষুধ-পথ্যের তালিকা ঠিক করে দিই, যাতে তাঁরা তা ঠিকমতো মেনে চলে। এ ছাড়া বাচ্চারা যাতে জাঙ্ক ফুডের প্রতি আকৃষ্ট না হয়, ওভার ওয়েট বা ওবিসিটি যে একটি রোগ, যাঁদের পরিবারে ডায়াবেটিক আছে, তাঁরা যেন নিয়মিত চেকআপ করেন—এসব বিষয়ে পরামর্শ দিয়ে থাকি।’ হাসপাতালের বহির্বিভাগের তত্ত্বাবধায়ক নৌশাদ আজগার বলেন, ‘আমাদের এখানে একই ছাদের নিচে ডায়াবেটিক রোগীরা সব ধরনের আধুনিক সেবা পাচ্ছেন। নিয়মিত চেকআপ থাকলে একজন ডায়াবেটিক রোগী সুস্থ মানুষের মতো সব কাজ করতে পারেন।’