একই ছাদের নিচে নারী বুটিকস মালিকেরা
‘এই উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামের নারী বুটিকস-মালিকদের একই ছাদের নিচে নিয়ে আসা হয়েছে। এতে নারীরা পণ্য উত্পাদন ও বাজারজাত করতে উত্সাহিত হবেন। চট্টগ্রামে এ ধরনের মেলা আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।’ নগরের পূর্ব নাসিরাবাদের একটি সামাজিককেন্দ্রে (কমিউনিটি সেন্টার) বৈশাখী মেলা উদ্বোধনের সময় এসব কথা বলেন বাংলাদেশ মহিলা সমিতি চট্টগ্রামের সভানেত্রী কামরুন মালেক। ১ এপ্রিল থেকে পক্ষকালব্যাপী এ মেলা শুরু হয়। বুটিক হাউস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং ফ্যাশন ডিজাইনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ যৌথভাবে এর আয়োজন করে। সহযোগিতায় রয়েছে চিটাগং ওম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুটিক হাউস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সুলতান নূর জাহান, ফ্যাশন ডিজাইনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মোহচ্ছেনা কোরাইশী ও চিটাগং ওম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মনোয়ারা হাকিম আলী। মেলায় আসা দর্শক সামিনা আক্তার জানান, ‘বৈশাখ উপলক্ষে বেশ কিছু নতুন ডিজাইনের পোশাক এসেছে এখানে, দেখতেও ভালো লাগছে।’মেলায় স্টল আছে ৫৫টি। বুটিক হাউস ছাড়াও গহনা, নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি পণ্য ও খাবারের স্টল রয়েছে এতে।