একই ফ্রেমে কপিল দেব, শোয়েব আখতার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টির ফাঁকে আড্ডায়: কপিল দেব, শোয়েব আখতার, রমিজ রাজা, ভি ভি এস লক্ষণ ও অন্যান্যরা। ছবি: শামসুল হক
বৃষ্টির ফাঁকে আড্ডায়: কপিল দেব, শোয়েব আখতার, রমিজ রাজা, ভি ভি এস লক্ষণ ও অন্যান্যরা। ছবি: শামসুল হক

৬ মার্চ বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচের দিন। আচমকা নেমে আসা বৃষ্টিতে খেলা বন্ধ। ভাবলাম ওপর থেকে মাঠের একটা ছবি তোলা দরকার। ছবি তোলা শেষে সিঁড়ি বেয়ে নেমে আসব। তখনই চোখে পড়ল দৃশ্যটা। ধারাভাষ্যকারদের ঘরের দরজা হাট করে খোলা। শোয়েব আখতার আর কপিল দেব পাশাপাশি। শোয়েব কোনো একটা কৌতুক করছিলেন। আর সবাই খুব হাসছিলেন। পাশেই হাসিমুখে কপিল দেব। উপমহাদেশের দুই সময়ের এই দুই কিংবদন্তিকে একসঙ্গে বন্দী করার সুযোগ কীভাবে ছাড়ি! দ্রুত শাটার চেপে তিন-চারটা ছবি তুললাম। ছবি যে খুব ভালো হয়েছে তা নয়। আরও কিছু ছবি তোলার ইচ্ছে ছিল। কিন্তু বিশ্বের দ্রুততম গতির বোলার পাকিস্তানের শোয়েব আখতার এগিয়ে এসেছেন ততক্ষণে। এগিয়ে এসে চোখের ইশারা করলেন। তার মানে এখন আমাকে চলে যেতে হবে। যথাযথ ছবিটা তোলা হলো না। শোয়েব দরজা বন্ধ করে দিয়েছেন ততক্ষণে।
পরদিন ৭ মার্চ খুব সকালে হাজির বিমানবন্দরে। বাংলাদেশ দল ধর্মশালায় যাবে, তাদের ছবি তুলতে হবে। সেখানে আবারও সেই সুযোগ! আবারও শোয়েব-কপিল জুটি। কপিল আর শোয়েব একসঙ্গে যাচ্ছেন ট্রলি ঠেলতে ঠেলতে। সঙ্গে আমাদের আতহার আলী খানও। এবার তাঁরা বেশ নমনীয়। কপিল দেবের সঙ্গে ছবি তুলতে চাইলাম, তিনি হাসিমুখে রাজি হলেন। তারপর রোদচশমাটা চোখে লাগিয়ে হনহন করে চলে গেলেন ভেতরে। তাঁদের বিমানের সময় হয়ে এসেছিল বোধ হয়। আমিও ছুটলাম অন্যদিকে। ততক্ষণে মাশরাফি বাহিনী চলে এসেছে বিমানবন্দরে!
অনুলিখিত