একই বৃন্তে ৬টি কুসুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরাজেয় বাংলা আর স্বোপার্জিত স্বাধীনতার মধ্যে শুরু হয়ে গেছে তুমুল বাকযুদ্ধ (কিছুতেই থামানো যাচ্ছে না তাদের)...এ খবর শুনে সবাই নিশ্চয় চমকে উঠেছেন? ভাবছেন, অপরাজেয় বাংলা আর স্বোপার্জিত স্বাধীনতার মানুষগুলো কি কথা বলতে পারে? আসলেই তো, ওরা তো মূর্তি, কথা বলবে কী করে। নাহ্! আর ধাঁধায় রাখছি না আপনাদের। এবার তাহলে খুলেই বলি ঘটনাটি।সম্প্রতি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্টামফোর্ড ডিবেট ফোরাম (এসডিএফ) আয়োজিত পঞ্চম জাতীয় বিতর্ক উৎসবের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেওয়া দুটি বিতর্ক দলের নাম ছিল ‘অপরাজেয় বাংলা’ আর ‘স্বোপার্জিত স্বাধীনতা’। এটা অবশ্য তেমন কোনো খবর নয়। খবরটি অন্য জায়গায়। খবরটি হচ্ছে এ বিতর্ক উৎসবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিতর্ক দলকে পরাজিত করে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) এ দুটি দল চূড়ান্ত পর্যায়ের বিতর্কে চ্যাম্পিয়ন ও রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে। পাশাপাশি শ্রেষ্ঠ বক্তা হওয়ার খ্যাতিটাও পেয়েছেন তাঁদেরই একজন।চ্যাম্পিয়ন দলের সদস্যরা হচ্ছেন গালিব ইবনে আনোয়ারুল আজিম, রিয়াসাদ আজিম ও ইকবাল হাসান। আর রানারআপ দলের সদস্যরা হচ্ছেন আসাদুজ্জামান, প্লাবন গঙ্গোপাধ্যায় ও অনিন্দ্য রহমান। আর শ্রেষ্ঠ বক্তা হয়েছেন স্বোপার্জিত স্বাধীনতার রিয়াসাদ।গত ৩০ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হওয়া এ বিতর্ক উৎসবে অংশ নেয় ৬০টি দল। এর মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, এআইইউবি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা কলেজ, স্টামফোর্ড ইউনিভার্সিটিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিতর্ক দল অংশ নেয়।স্বোপার্জিত স্বাধীনতার গলিব ও অপরাজেয় বাংলার আসাদ বলেন, তাঁদের চূড়ান্ত পর্যায়ে আসতে ছয়টি দলের সঙ্গে বিতর্ক করতে হয়েছে। চূড়ান্ত পর্যায়সহ তাঁরা বিতর্ক করেছেন সাতটি। বিতর্কগুলো ছিল সংসদীয় কায়দায়। স্বোপার্জিত স্বাধীনতা দলের ইকবালের কাছে জানা গেল, বিতর্ক করতে গিয়ে তাঁদের অনেক মজার অভিজ্ঞতাও হয়েছে। তবে সবচেয়ে আনন্দের বিষয় ছিল তাঁদের দুটি দলই চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হয়েছে। কারণ ডিইউডিএস হচ্ছে চ্যাম্পিয়ন, এটা নিশ্চিত হয়েছে। আর সে কারণেই কোনো টেনশন ছিল না রিয়াসাদেরও। বিষয়টি ছিল কিছুটা এ রকম। ‘আরে, আমরা আমরাই তো...’ বলে হাসলেন গালিব।ডিইউডিএসের মডারেটর অধ্যাপক মাহবুবা নাসরিন বলেন, ‘আমাদের বিতার্কিকেরা নিয়মিত বিতর্ক চর্চা করে বলে তাঁরা সব সময়ই ভালো করে। যখনই কোথাও বিতর্ক করতে যাওয়া হয়, আমাদের আস্থা থাকে ওরা ভালো করবে।’পঞ্চম জাতীয় বিতর্ক উৎসব নিয়ে তাঁদের মজার অভিজ্ঞতার কথা তো বলাই হয়নি। প্রথম মজার অভিজ্ঞতাটি হলো কোনো এন্ট্রি ফি ছাড়াই তাঁরা বিতর্ক করেছেন। ডিইউডিএসের নতুন কমিটির দায়িত্ব নেওয়ার পর্বটি আসলে শেষ হয়নি, তাই অ্যাকাউন্টটি স্থগিত ছিল বলে তাঁদের এন্ট্রি ফি দেওয়া সম্ভব হয়নি। স্টামফোর্ড ডিবেট ফোরামের (এসডিএফ) সভাপতি সাইফকে বিশেষ ধন্যবাদ জানিয়েছে ডিইউডিএস কর্তৃপক্ষ। সাইফ হচ্ছেন এসডিএফের নিবেদিতপ্রাণ বিতার্কিক। ‘আমরা তাঁকে আড়ালে-আবডালে ডাকতাম বিতর্ক-শ্রমিক হিসেবে’, বললেন আসাদ। এসডিএফের নাইম, সাইফ, রাইসুল একান্তভাবে কাজ করেছেন এই বিতর্ক উৎসবকে সুন্দর করার জন্য।