একক প্রার্থী নির্ধারণে দুদলের তোড়জোড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী নির্ধারণে তোড়জোড় শুরু করেছেন আওয়ামী লীগ ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা। এ নিয়ে প্রার্থীদের সঙ্গে বৈঠক হয়েছে, কিন্তু এখনো সুরাহা হয়নি। তবে জ্যেষ্ঠ নেতারা আশাবাদী, শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত মেনে একক প্রার্থী ঠিক করা হবে।

দুদলের নেতাদের সঙ্গে আলাপে জানা যায়, আওয়ামী লীগ-সমর্থিত একক প্রার্থী নির্ধারণ হবে আগামী ১ ফেব্রুয়ারি। বিএনপির একক প্রার্থীও দু-এক দিনের মধ্যে ঘোষণা হতে পারে। দুদলের তৃণমূল নেতা-কর্মীরাও চান সমঝোতা।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, একক প্রার্থী নির্ধারণ করতে ২৮ জানুয়ারি স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বর্তমান এবং সাবেক সভাপতি-সম্পাদকদের নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এম এ সালাম ও সাত চেয়ারম্যান প্রার্থীও।

একক প্রার্থী নির্ধারণ প্রসঙ্গে এম এ সালাম বলেন, উপজেলা নির্বাচনে একক প্রার্থী ঘোষণার ব্যাপারে নেতা-কর্মীদের মতামত নেওয়া হয়েছে। এর মধ্যে দুজন (এস এম রাশেদুল আলম ও সোহরাব হোসেন চৌধুরী) প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণাও দিয়েছেন। আগামী ১ ফেব্রুয়ারি আবার বৈঠক করে দলীয় একক প্রার্থী ঘোষণা করা হবে।

আওয়ামী লীগ-সমর্থিত সাত প্রার্থী হলেন অধ্যক্ষ মো. ইসমাইল (বর্তমান চেয়ারম্যান), জসীম উদ্দিন শাহ্, সোহরাব হোসেন চৌধুরী, এস এম রাশেদুল আলম, আবুল মনছুর, খুরশিদ আলম ও মো. ফয়জুল ইসলাম।

বিএনপির দলীয় সূত্র জানায়, ২৬ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের বাসায় একক প্রার্থী নির্ধারণে বৈঠক হয়েছে। এতে উপস্থিত ছিলেন হাটহাজারীর সাবেক সাংসদ সৈয়দ ওয়াহিদুল আলম ও উপজেলা বিএনপির সভাপতি এস এম ফজলুল হক। সভা করলেও একক প্রার্থী কে তা নিয়ে কোনো নেতাই মুখ খুলছেন না। বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন মো. নাজিম উদ্দিন, মাহবুবুল আলম চৌধুরী ও সোয়েব মোরশেদ ফারুকী। অন্যদিকে ২৭ জানুয়ারি উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দীন কাদের চৌধুরী বিএনপির একক প্রার্থী হিসেবে মাহবুবুল আলম চৌধুরীকে সমর্থন দেন। এ নিয়ে বিএনপির মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আনুষ্ঠানিক ঘোষণার আগে মাহবুবুল আলম চৌধুরী নিজেকে বিএনপির একক প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন।

এ প্রসঙ্গে মাহবুবুল আলম চৌধুরী বলেন, ‘বিএনপির তৃণমূলের নেতারা সমর্থন দেওয়ায় হাইকমান্ড আমাকে মনোনীত করেছেন। আমার পক্ষে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা কাজ করছেন।’

আরেক প্রার্থী মো. নাজিম উদ্দিন বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় কমান্ড থেকে বলা হয়েছে, সব উপজেলায় একক প্রার্থী নির্ধারণ করতে। গত বারের নির্বাচনে আমি হেরে যাওয়ার পর মাঠে তৃণমূল নেতাদের সঙ্গে থেকে কাজ করেছি। আমি বিএনপি করি, বিএনপির কেন্দ্রীয় কমান্ড যা বলে তা মাথা পেতে নেব।’

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির উপজেলা পর্যায়ের এক নেতা বলেন, বিএনপির একক প্রার্থী নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে একক প্রার্থী দিয়েই বিএনপি নির্বাচন করবে।

এ ব্যাপারে বক্তব্য জানতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও উপজেলা বিএনপির সভাপতি এস এম ফজলুল হকের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।