একক প্রার্থী মনোনয়ন নিয়ে জামায়াত-বিএনপি বিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চারটি পৌরসভায় চারদলীয় জোটের একক মেয়র প্রার্থী মনোনয়ন নিয়ে জামায়াত-বিএনপিতে বিরোধ দেখা দিয়েছে। কোনো কোনো পৌরসভায় বিএনপির দুর্বল প্রার্থী থাকায় জোটের অন্যতম শরিক জামায়াত প্রার্থী মনোনয়ন দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এতে অসন্তোষ বিরাজ করছে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে। ১২ ডিসেম্বর সন্ধ্যায় জেলা বিএনপির এক সভায় কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে পৌরসভা বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরীকে বিএনপির একক প্রার্থী ঘোষণা করা হয়। এ সময় রফিকুল হুদা চৌধুরীর পক্ষে চারদলীয় জোটের শরিকদের সমর্থন কামনা করা হয়। রফিকুল হুদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসন থেকে নির্বাচিত বিএনপির সাংসদ লুৎফুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উল্লাহসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা।সাংসদ লুৎফুর রহমান জানান, ‘কক্সবাজার পৌরসভার বিগত নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী ছিলেন রফিকুল হুদা চৌধুরী। গত দুবার নির্বাচনের তফসিল ঘোষিত হলেও শেষ পর্যন্ত মামলার কারণে নির্বাচন হয়নি। এ কারণে রফিকুল হুদা চৌধুরীকেই জোটের প্রার্থী মনোনীত করা প্রয়োজন। পৌর শহরকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করতে রফিকুল হুদা চৌধুরীর বিকল্প নেই।’ এদিকে, পৌরসভায় ভারপ্রাপ্ত মেয়রের পদ থেকে সমপ্রতি অপসারিত জামায়াত নেতা সরওয়ার কামালও মেয়র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন। দীর্ঘ সাত বছর ধরে পৌরসভার মেয়রের দায়িত্ব পালনকারী এ প্রার্থী মনোনয়ন পেতে জোর তদবির চালাচ্ছেন। সূত্র জানায়, ২০০২ সালের ১৫ জুন সর্বশেষ পৌরসভা নির্বাচনে চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগ নেতা নুরুল আবছার। কিন্তু দেড় বছরের মাথায় একটি দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে নুরুল আবছার চেয়ারম্যানের পদ থেকে অপসারিত হন। ২০০৪ সালের ১৭ জুন প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বভার নেন কাউন্সিলর সরওয়ার কামাল।গত ২০ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সহকারী সচিব মো. খলিলুর রহমান দুর্নীতির অভিযোগে এক আদেশে সরওয়ারকে মেয়র পদ থেকে অপসারণ করেন। পরে তাঁকে কাউন্সিলর পদ থেকেও অপসারণ করা হয়। তাঁর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, সিভিল এভিয়েশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া হোটেল মোটেল জোনে সরকার কর্তৃক বাতিলকৃত বহু প্লটের নকশা অবৈধভাবে অনুমোদনের অভিযোগ রয়েছে। সরওয়ার কামাল বলেন, ক্ষমতার দীর্ঘ সাত বছরে তিনি পৌরসভার বহু উন্নয়ন করেছেন। ভোটাররা তাঁর পক্ষে রায় দেবে—এ কারণে তাঁকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করে অপপ্রচার চালানো হচ্ছে।সমপ্রতি দলের এক বৈঠকে পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হায়দারকে মেয়র পদে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। অন্যদিকে নিজেকে মেয়র প্রার্থী ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন বিএনপি নেতা ও চকরিয়ার চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম।আবুল হাশেম জানান, চিরিঙ্গা ইউনিয়ন বিলুপ্ত করে ঘোষণা করা চকরিয়া পৌরসভার প্রথম নির্বাচনে (২০০৩ সালে) তিনি বিএনপির মেয়র প্রার্থী ছিলেন। কিন্তু দলের সিদ্ধান্ত মেনে সেবার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। এ কারণে দলের মনোনয়ন তাঁরই পাওয়া উচিত বলে তিনি মনে করেন। অপর প্রার্থী নুরুল ইসলাম হায়দার বলেন, দলের সিদ্ধান্তে তাঁকে মেয়র পদের জন্য একক প্রার্থী নির্বাচন করা হয়েছে। এখানে দলের অন্য কারও নির্বাচন করার সুযোগ নেই। পৌরসভায় জামায়াতের মেয়র পদপ্রার্থী আবু নঈমও মাঠে নেমেছেন। ভোটাররা জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ী নুরুল ইসলাম হায়দার নির্বাচন করলে মাঠে থাকতে পারেন আবুল হাশেমও। টেকনাফ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ একক প্রার্থী হিসেবে মো. ইসলাম মিয়াকে (ইসলাম কোম্পানি) মনোনয়ন দিয়েছে। মো. ইসলাম মিয়া কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদির চাচা। মো. ইসলাম অরাজনৈতিক ব্যক্তি হলেও জনপ্রিয়তার কারণে তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম চৌধুরী জানান, দলে মেয়র পদে নির্বাচন করার মতো যোগ্য নেতা না থাকায় মো. ইসলামকে দলের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এ পৌরসভায় মেয়র পদের জন্য এখনো পর্যন্ত বিএনপি প্রার্থী খুঁজে পাচ্ছে না। মেয়র পদের জন্য বিএনপির নেতা ও বর্তমান পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হাছন আহমদ মনোনয়নপত্র সংগ্রহ করলেও ২৩ ডিসেম্বর তিনি ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, ‘আমরা যোগ্য কাউকে প্রার্থী হিসেবে দাঁড় করানোর চেষ্টা চালাচ্ছি।’ এদিকে মেয়র পদপ্রার্থী হিসেবে ২৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন জামায়াতের নেতা মো. ইসমাইল। জামায়াতের নেতা হলেও নাগরিক কমিটির ব্যানারে তিনি নির্বাচন করবেন বলে জানান। বিএনপির সমর্থন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। মহেশখালী পৌরসভাতে মেয়র পদে প্রার্থী করার মতো জনপ্রিয় ও যোগ্য নেতা খুঁজছে চারদলীয় জোট। জোটের একাধিক নেতা পৌরসভা নির্বাচনে মেয়র পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম, বিএনপির সাবেক সাংসদ রশিদ মিয়ার ছেলে অধ্যাপক এম গোলাম মোস্তাফা ও জামায়াতের নেতা এনামুল হক সিকদার মেয়র পদে প্রার্থিতার লড়াইয়ে আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা জানান, বিএনপি থেকে জোটের প্রার্থী ঘোষণার চেষ্টায় প্রতিবন্ধকতার সৃষ্টি করছে জামায়াত। তারা চাইছে, জামায়াতের একজনকে জোটের প্রার্থী করা হোক। সূত্র জানায়, গত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির নেতা আবু বক্কর ছিদ্দিক উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলে এই পৌরসভায় বিএনপির প্রার্থী-সংকট দেখা দেয়।জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, ‘চারটি পৌরসভায় আমরা জোটগতভাবে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করছি। প্রার্থী মনোনয়ন নিয়ে এখন একটু সমস্যা দেখা দিলেও পরে ঠিক হয়ে যাবে। যেখানে জামায়াত প্রার্থীর জনপ্রিয়তা বেশি সেখানে বিএনপি জামায়াতকে সমর্থন জানাবে।’ একই কথা বলেন, জামায়াতের জেলা সম্পাদক জি এম রহিমুল্লাহ। উল্লেখ্য, আগামী ২৭ জানুয়ারি কক্সবাজারের এ চার পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।