একগুচ্ছ উন্নয়ন প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলাশ বড়ুয়া, দীঘিনালা (খাগড়াছড়ি)পার্বত্য চট্টগ্রামের জন্য একগুচ্ছ উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পার্বত্য এলাকার গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের জন্য আবারও চালু হচ্ছে পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্প (সিএইচটিআরডিপি)। এ ছাড়া প্রাক প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য চালু হওয়া সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের মেয়াদও আরও পাঁচ বছরের জন্য বাড়ানো হয়েছে। পাশাপাশি পার্বত্য এলাকার বাসিন্দাদের সুবিধার্থে ঢাকায় নির্মাণ করা হবে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স। সম্প্রতি দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের রুকচন্দ্র কার্বারি পাড়ার পাড়া কমিটির সঙ্গে মতবিনিময়ের সময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা এ তথ্য জানান। তিনি আরও জানান, সহস্রাব্দের লক্ষ্যমাত্রা অর্জনে পার্বত্য চট্টগ্রামের দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন ও পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকার কাজ করছে। পার্বত্য চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে পার্বত্য জেলা পরিষদের কাছে আরও পাঁচটি দপ্তর হস্তান্তর করা হবে।সচিব বলেন, প্রাক প্রাথমিক শিক্ষার উন্নয়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও ইউনিসেফের যৌথ প্রকল্প পার্বত্য চট্টগ্রাম সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের (আইসিডিপি) মেয়াদ ২০১৭ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের কার্যনির্বাহী কমিটির (একনেক) সভায় ৩২০ কোটি টাকার এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পে ইউনিসেফ দেবে ১৬৩ কোটি টাকা ও সরকার দেবে ১৫৭ কোটি টাকা। প্রকল্পের আওতায় পার্বত্য তিন জেলায় আরও ৫০০ পাড়াকেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। পাড়াকেন্দ্রের পাড়াকর্মীদের মাসিক ভাতা দুই হাজার টাকা থেকে বাড়িয়ে আড়াই হাজার টাকা করা হচ্ছে।নববিক্রম কিশোর ত্রিপুরা জানান, পার্বত্য চট্টগ্রামের অবকাঠামো ও গ্রামীণ সড়ক উন্নয়নে ৫০০ কোটি টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্পের (সিএইচটিআরডিপি) কাজ শুরু হচ্ছে। প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সহায়তা দিচ্ছে ১৬৭ কোটি টাকা ও সরকার দিচ্ছে ২৬৩ কোটি টাকা।তিনি আরও জানান, পার্বত্য চট্টগ্রামবাসীর সুবিধার্থে ঢাকায় পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। কমপ্লেক্স নির্মাণের জন্য মিন্টু রোডে প্রধানমন্ত্রী ১ দশমিক ৯৪ শতক জমি দিয়েছেন। এ ছাড়া পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের জন্য শিগগিরই পার্বত্য জেলা পরিষদের কাছে আরও পাঁচটি মন্ত্রণালয়ের ছয়টি দপ্তর হস্তান্তর করা হবে।বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিষদ চাকমার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপির জেলা ব্যবস্থাপক প্রিয়তর চাকমা, রুকচন্দ্র কার্বারিপাড়া উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আইস্যার চাকমা।পার্বত্য চট্টগ্রাম সমন্বিত প্রকল্প সূত্রে জানা যায়, ১৯৯১ সালে পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে ইউনিসেফ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প হাতে নেয়। বর্তমানে প্রকল্পে ২২৮ জন কর্মকর্তা-কর্মচারী ও সাড়ে তিন হাজার পাড়াকর্মী কাজ করছেন। প্রকল্পের আওতায় রাঙামাটি জেলায় এক হাজার ৩৪২টি, খাগড়াছড়িতে এক হাজার ২৯৮টি ও বান্দরবানে ৮৬০টি পাড়াকেন্দ্র ও চারটি আবাসিক বিদ্যালয় রয়েছে।