একগুচ্ছ বই পরিচিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাটখোলায় বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠানে লেখক ও আলোচকেরা
হাটখোলায় বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠানে লেখক ও আলোচকেরা

সদ্য প্রকাশিত একগুচ্ছ বইয়ের পাঠ-উন্মোচন হয়ে গেল নগরের হাটখোলা গ্যালারি ও ক্যাফেতে। গত শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের সাতজন লেখকের ১০টি বই নিয়ে এই আলোচনার আয়োজন করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউসুফ মুহম্মদ। আলোচক হিসেবে ছিলেন আবুল মোমেন, মাহফুজুর রহমান, ফেরদৌস আরা আলীম, বিশ্বজিৎ চৌধুরী, খালিদ আহসান, শান্তনু বিশ্বাস, এজাজ ইউসুফী, কামরুল হাসান বাদল, আলেক্স আলীম, মনিরুল মুনির, সৈকত দে প্রমুখ।
প্রথমেই স্বাধীনতার ঘোষণা: ধানমন্ডি থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ সৃষ্টির মূলধারা: বঙ্গবন্ধু, ছাত্রলীগ নিউক্লিয়াস নিয়ে আলোচনা করতে মঞ্চে আসেন বই দুটির রচয়িতা মাহফুজুর রহমান। তাঁর লেখা বই দুটির পটভূমি তুলে ধরেন তিনি।
সৈকত দে আলোচনা করেন ফেরদৌস আরা আলীমের প্রবন্ধ সংকলন নিম প্রবন্ধ নিয়ে।
নিজের অনুভূতি জানাতে গিয়ে ফেরদৌস আরা আলীম বলেন, ‘ছাপার অক্ষরে নিজের নাম দেখলে এখনো আনন্দ পাই। বই প্রকাশ একজন লেখকের জন্য যতটা আনন্দের, ততটা যন্ত্রণারও।’
তরুণ গল্পকার জামসেদ উদ্দিনের বিষ মন্ত্রের জাতক এবং কবি খালিদ আহসানের কলম লিখেছে কবিতা আমি তার প্রথম শ্রোতা ও বর্ণ চক্ষু অন্তকরণ নামের কবিতার বইয়ের পরিচিতি তুলে ধরেন মনিরুল মনির।
এরপর মঞ্চে আসেন খালিদ আহসান। তিনি জানান, কলম লিখেছে কবিতা আমি তার প্রথম শ্রোতা বইয়ের কবিতাগুলো ১০ বছর আগের লেখা। পরে তিনি নিজের লেখা কবিতা পড়ে শোনান।
আলেক্স আলীমের ছড়ার বই সাপ তুলেছে ফণা নিয়ে আলোচনা করেন কবি-সাংবাদিক কামরুল হাসান বাদল। তিনি বলেন, একজন ছড়াকারকে সাম্প্রতিক জ্ঞানসম্পন্ন হতে হয়। সেক্ষেত্রে আলেক্স আলীম সফল। তিনি তাই পাঠকের কাছে গ্রহণযোগ্যতাও পেয়েছেন।
নিজের কথা জানাতে গিয়ে আলেক্স আলীম বলেন, বইয়ের ৯৯ শতাংশ ছড়ায় গণজাগরণ মঞ্চের আন্দোলনসহ দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি উঠে এসেছে।
কবি-সাংবাদিক ওমর কায়সারের নির্বাচিত কবিতা এবং বিশ্বজিৎ চৌধুরীর নার্গিস উপন্যাস নিয়ে আলোচনা করেন আবুল মোমেন।
নার্গিস প্রসঙ্গে তিনি বলেন, নজরুলকে নিয়ে লেখা কঠিন। তাঁর কোনো ভালো জীবনী নেই যেটার ওপর নির্ভর করা যায়। এখানে মূল চরিত্র নজরুল নয়, নার্গিসই হচ্ছে মূল চরিত্র। তাঁকে ধরেই কাহিনি এগিয়েছে। কিছু কল্পনার আশ্রয় নিতে হয়েছে। কারণ, এগুলোর কোনো লিখিত বিবরণ পাওয়া যায় না।
ওমর কায়সারের নির্বাচিত কবিতা প্রসঙ্গে আবুল মোমেন বলেন, ‘কায়সারের কবিতায় আমরা স্পর্শের সাধ পাই। নানা ধরনের ইন্দ্রিয় অনুভূতির আবেদন বেশি। তাঁর কবিতায় রোমান্টিক কাতর অনুভূতিপ্রবণ মনের প্রকাশ ঘটে।’
এজাজ ইউসুফী বলেন, ‘ওমর কায়সারের কবিতার মধ্যে অসাধারণ সংহতি পাই।’
অনুষ্ঠানের শেষ প্রান্তে মঞ্চে আসেন নাট্যজন শান্তনু বিশ্বাস। তিনি বিশ্বজিৎ চৌধুরীর নির্বাচিত কবিতা প্রসঙ্গে বলেন, বিশ্বজিতের কবিতার রোমান্টিকতা পাঠককে মুগ্ধ করে। পরে তিনি তাঁর ভরাট কণ্ঠে নির্বাচিত কবিতা থেকে একটি কবিতা আবৃত্তি করে শোনান।