একজন অনুকরণীয় মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলুফার মাহমুদ
নীলুফার মাহমুদ

নীলুফার মাহমুদ—আমাদের সবার প্রিয় ম্যাডাম। যিনি নিজেই ছিলেন একটি প্রতিষ্ঠান। শিক্ষকতা জীবনের শুরুর মুহূর্ত থেকেই প্রতিটি ক্ষণকে কাজে লাগিয়েছেন—কীভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে উন্নত করা যায় সেই ভাবনায়। তবে তা ঢাকঢোল পিটিয়ে নয়, কিংবা কোনো ঘোষণা দিয়েও নয়। একেবারেই নীরবে। নিভৃতে। কোনো দিন কোনো রাষ্ট্রীয় পুরস্কারও পাননি তিনি। কিন্তু কে না জানে, আজকের মিরপুরের পরিবর্তিত অবয়বের জন্য তাঁর অবদানের কথা।
অধ্যক্ষ হিসেবে নীলুফার মাহমুদ কাজ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। যখন যে প্রতিষ্ঠানে ছিলেন, সেটাকে ‘সেরা’ করে গড়ে তুলতেই ছিল তাঁর পরিশ্রম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছিলেন। এরপর আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত থেকে নেন বিএড ডিগ্রি। ওকলাহামা স্টেট ইউনিভার্সিটি থেকে শিশু মনস্তত্ব বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন।
ম্যাডামের শেষ কর্মস্থল ছিল এসওএস হারম্যান মেইনার কলেজ। ১৯৮৬ সালের ১৯ জানুয়ারি হারম্যান মেইনার কলেজের যাত্রা শুরু হয় নীলুফার মাহমুদের হাত ধরে। শুরু থেকেই এর প্রতিটি পরতে পরতে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য তাঁর ছিল অবিরাম সংগ্রাম। ছাত্রছাত্রীদের মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলায় নীলুফার মাহমুদের প্রচেষ্টা ছিল কিংবদন্তিতুল্য। যত দিন ম্যাডাম হারম্যান মেইনারে ছিলেন, তত দিনই তিনি চেষ্টা করেছেন প্রতিষ্ঠানটিকে ঢাকা শহরের সুখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাশে এনে দাঁড় করিয়ে দিতে। শিক্ষকদের মান উন্নয়নের চেষ্টা করেছেন সব সময়।
ম্যাডাম হারম্যান মেইনার কলেজটিকে এতটাই ভালোবাসতেন যে তিনি বলতেন, ‘এটি আমার তৃতীয় সন্তান’। তিনি সব সময় বলতেন, দেশের উন্নতি মূলত নির্ভর করে দায়িত্ববান ও মূল্যবোধসম্পন্ন শিক্ষকদের ওপর।
প্রচারবিমুখ মানুষ ছিলেন তিনি। তাই ইট আর রঙের নতুন গন্ধ নিয়ে যখন হারম্যান মেইনার কলেজ প্রতিষ্ঠিত হলো, তখন কিছু শিক্ষক ম্যাডামকে বলেছিলেন এর প্রচারের ব্যবস্থা নিতে। ম্যাডাম বলেছিলেন, ‘ফুল যখন ফোটে তখন ফুল কি কাউকে বলে, আমি ফুটেছি, তোমরা দেখে যাও? তোমরা ভালো করে কাজ করো। তোমাদের কাজই এই কলেজকে পরিচয় করিয়ে দেবে সবার কাছে।’ কালের এই প্রান্তে দাঁড়িয়ে আজ আমরা অনুভব করতে পারি ১৯৮৭ সালে শীতের রোদে দাঁড়িয়ে নীলুফার মাহমুদের বলা এ কথাটা কতটা সত্য ছিল।
কর্মঠ মানুষ ছিলেন তিনি। কোনো সময়ে তাঁকে দেখিনি অলস হয়ে বসে থাকতে। ভয় পেতেন না অপ্রিয় সত্য কথা বলতে, কাউকেও। অনেকের কাছে তিনি অপ্রিয়ও ছিলেন তাই। ম্যাডামের দৃঢ় ব্যক্তিত্ব ছিল অনুকরণীয় ও মোহনীয়। যত দিন এসওএস হারম্যান মেইনার কলেজ থাকবে, তত দিন নীলুফার মাহমুদের নামও উচ্চারিত হবে সরবে ও নীরবে।
নীলুফার মাহমুদ আমাদের ছেড়ে চলে গেলেন গত বছরের ৭ ডিসেম্বর, বিকেল চারটায়। এসওএস হারম্যান মেইনার কলেজ-সংশ্লিষ্ট যে যেখানে আছেন, সবার পক্ষ থেকে তাঁকে জানাই বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তাঁর চলে যাওয়া মানে আমাদের এক আপনজনকে হারানো। তাঁর স্মৃতি চিরজাগরূক হয়ে থাকবে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা তাঁর অসংখ্য ছাত্রছাত্রী ও শিক্ষকদের অনুভবে এবং স্মরণে।
লেখক: অধ্যক্ষ, হিড ইন্টারন্যাশনাল স্কুল
সদরঘাট, ঢাকা।