একজন অর্থনীতিবিদের প্রতিকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য জীবন ড. নুরুল ইসলামের। তুখোড় এই অর্থনীতিবিদ কখনো হার মানেননি। পাকিস্তান আমলে ‘দুই অর্থনীতি’ নিয়ে ভেবেছেন, দেশ স্বাধীন হলে জড়িয়েছেন দেশ গড়ার কাজে। দেশে-বিদেশে পেয়েছেন খ্যাতি। সম্প্রতি তিনি পেলেন বাংলাদেশ ব্যাংক পুরস্কার। তাঁকে নিয়েই এবারের আয়োজন। ‘শিক্ষক হিসেবে আমি কঠোর শৃঙ্খলা মেনে চলতাম। ছাত্রছাত্রীদেরও তা মানতে উৎসাহ দিতাম। একদিন আমি পড়াতে গিয়ে দেখি, এক ছাত্র বই পড়ছে, উপন্যাস। আমি তাকে বললাম, তুমি ক্লাসে বসে বই পড়তে পারো না। ছাত্রটি বলল, ‘ আমি তো কাউকে ডিসটার্ব করছি না।’ বললাম, এতে শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে। তারপরও ছাত্রটি নিবৃত্ত হলো না। আমি বললাম, দুটি কাজ একসঙ্গে চলতে পারে না। হয় তোমাকে বই পড়া বন্ধ করতে হবে, অন্যথায় আমাকে পড়ানো বন্ধ করতে হবে। এরপর সে নিঃশব্দে শ্রেণীকক্ষ ছেড়ে চলে যায়। বিষয়টি বিভাগীয় প্রধান পর্যন্ত গড়িয়েছিল। তিনি একদিন আমাকে বললেন, ‘আপনি যে ছেলেটিকে শ্রেণীকক্ষ থেকে বের করে দিয়েছেন, সে ক্ষমতাধর এক সরকারি কর্মকর্তার ছেলে। আমাদের ক্ষতি করতে পারে।’ আমি বললাম, আমার কী ক্ষতি করবে?’ক্ষতির ভয়ে অন্যায়ের সঙ্গে আপস করেননি ড. নুরুল ইসলাম। হ্যাঁ, আমরা প্রখ্যাত অর্থনীতিবিদ ড. নুরুল ইসলামের কথাই বলছি, যিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক। আরও কত পরিচয় আছে তাঁর! বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সাবেক সহকারী মহাপরিচালক। বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান। পাকিস্তান আমলে দুই অর্থনীতির অন্যতম প্রবক্তা। শিক্ষকতা, পরিকল্পনা কমিশন গড়ে তোলা এবং দেশি-বিদেশি সংস্থায় গবেষণা—এই তিন পর্বে বিভক্ত তাঁর কর্মজীবন। জানতে চাইলাম, তিন পেশার মধ্যে কোনটি সবচেয়ে প্রিয়? বললেন, শিক্ষকতা। এ পেশায় তিনি নিয়োজিত ছিলেন ১৯৫৫ থেকে ১৯৬৫ পর্যন্ত। দীর্ঘ ১১ বছর কাটিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে।শিক্ষকতা কেন প্রিয়? আমি যেখানেই কাজ করেছি আনন্দ পেয়েছি। একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালনে সচেষ্ট থেকেছি। শিক্ষকতা আমাকে সব চেয়ে বেশি আনন্দ দিয়েছে। শিক্ষকতা তো শুধু পড়ানো নয়, নিজেকেও নবায়ন করা। ছাত্রছাত্রীদের সাহচর্য আমার খুব ভালো লাগত। শিক্ষকতা জীবনের কোন মজার ঘটনা ?পঞ্চাশের দশকের মাঝামাঝি আমি শিক্ষকতা পেশায় যোগ দিই। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে। গেটের সামনে একটি কক্ষ ছিল। প্রক্টর বসতেন। সেখান থেকে নজরদারি করা হতো মেয়েরা মাথায় কাপড় দিচ্ছে কি না। না দিলে তাদের সাবধান করা হতো। শ্রেণীকক্ষেও মেয়েরা স্বাধীনভাবে যেতে পারত না। তারা শিক্ষকের জন্য অপেক্ষা করত। তখন আমি বিলাত থেকে ফিরেছি মাত্র। আমার কাছে বিষয়টি অস্বাভাবিক ঠেকেছে।শৈশব, শিক্ষাজীবন, শিক্ষকতাতাঁর জন্ম ১৯২৯ সালে, চট্টগ্রামের পটিয়ায়। বাবা আবদুর রহমান ছিলেন স্কুলশিক্ষক, পরে সিলেট অঞ্চলের শিক্ষা কর্মকর্তা হয়েছিলেন। বাবার বদলির চাকরির কারণে নুরুল ইসলামকেও কৈশোরে বিভিন্ন স্থানে যেতে হয়েছে, পড়াশোনাও করেছেন বিভিন্ন স্কুলে। তিনি ম্যাট্রিক (এসএসসি সমমানের) পাস করেছেন চট্টগ্রাম মুসলিম হাইস্কুল থেকে, ১৯৪৫ সালে। উচ্চমাধ্যমিক পড়েন চট্টগ্রাম সরকারি কলেজে। অবিভক্ত বাংলায় তিনি প্রথম হন। একজন মুসলমান ছাত্রের এ কৃতিত্বে সবাই বিস্মিত হয়েছিলেন। এরপর তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন স্নাতক সম্মান শ্রেণীতে। কারও সঙ্গে পরিচিত হলে প্রথমেই জানতে চাইতেন, উচ্চমাধ্যমিকে কত নম্বর পেয়ে প্রথম হয়েছেন? প্রেসিডেন্সিতে ৩০ শিক্ষার্থীর মধ্যে মাত্র তিনজন মুসলমান। প্রথম বর্ষ শেষ করতেই কলকাতায় ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে যায়। নুরুল ইসলাম ফিরে আসেন ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়ার জন্য আবেদন করেন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে দ্বিতীয় বর্ষে ভর্তি করতে অস্বীকৃতি জানায়। তাদের বক্তব্য, প্রথম বর্ষেই ভর্তি হতে হবে। তিনি বললেন, ‘আমি এক বছর কলকাতায় পড়ে এসেছি, তাহলে কেন প্রথম বর্ষে ভর্তি হব?’ শেষ পর্যন্ত উপাচার্যের হস্তক্ষেপে তাঁকে শর্ত সাপেক্ষে ভর্তি করা হয়। দ্বিতীয় বর্ষে ফল ভালো না করলে পিছিয়ে দেওয়া হবে। সৌভাগ্যবশত দ্বিতীয় বর্ষ তো বটেই চূড়ান্ত পরীক্ষায়ও তিনি প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন। অনুষদে সর্বোচ্চ নম্বর পেয়ে লাভ করেছিলেন কালী নারায়ণ বৃত্তি। স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর নুরুল ইসলাম পাকিস্তান সরকারের বৃত্তি নিয়ে হার্ভার্ডে চলে গেলেন উচ্চশিক্ষার জন্য। চার বছর পর ফিরে এসে যোগ দিলেন রিডার (সহযোগী অধ্যাপক) পদে। তা নিয়েও বিরোধিতা ছিল। ২৬ বছরের তরুন কি করে রিডার হবেন? কেউ কেউ উপাচার্য জেনকিনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ আনলেন। জবাবে উপাচার্য বললেন, ‘আমি তো নুরুল ইসলামকে চিনিই না, স্বজনপ্রীতি করব কীভাবে? পরীক্ষার ফল দেখেই আমি তাকে নিয়েছি।’‘দুই অর্থনীতি’র প্রবক্তাশিক্ষকতায় থাকতেই অধ্যাপক নুরুল ইসলাম বিভিন্ন কমিশনের সঙ্গে যুক্ত হন। তখন দেশে অর্থনীতিবিদ বেশি ছিলেন না। তাকে মূল্য কমিশন, প্রথম ও দ্বিতীয় অর্থ কমিশনের সদস্য করা হয়। কিন্তু এসব কমিশনে কাজ করে এই চৌকষ অর্থনীতিবিদ বুঝতে পারলেন পশ্চিম পাকিস্তানিরা সব ক্ষেত্রে আমাদের ঠকাচ্ছে। কেন্দ্রীয় সরকারের বাজেটের সিংহভাগ ব্যয় হত পশ্চিম পাকিস্তানে। পূর্ব পাকিস্তানের সমস্যা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। ১৯৫৬ সালের আগস্ট মাসে অনুষ্ঠিত অর্থনীতিবিদদের সম্মেলনে পূর্ব পাকিস্তান থেকে যোগ দেন ড. এম এন হুদা, এ এফ এ হুসেইন, মাজহারুল হক, এম টি হক, এ সাদেক, আবদুর রাজ্জাক, আবদুল্লাহ ফারুক ও নুরুল ইসলাম। ওই সম্মেলনে তারা প্রথম দ্বৈত অর্থনীতির ধারণা উত্থাপন করেন। পশ্চিম পাকিস্তানিরা প্রথম থেকেই সন্দেহ করে আসছিলেন, এ ধারণা পুব ও পশ্চিমের মধ্যে বিভক্তি ডেকে আনবে। পূুবের অর্থনীতিবিদের যুক্তি ছিল, হাজার মাইল দূরত্বের দুটি দেশে এক অর্থনীতি চলতে পারে না। ষাটের দশকের শুরুতে সামরিক শাসক আইয়ুব খান ঢাবির কয়েকজন অধ্যাপককে ডেকে পাঠান অর্থনৈতিক বিষয়ে তাঁদের মতামত জানার জন্য। এ দলেও ড. নুরুল ইসলাম ছিলেন, আরো ছিলেন এস এম হুদা, এ এফ এ হুসেইন, আবদুল্লাহ ফারুক । তাদের বক্তব্য আইয়ুব ধৈর্যসহকারে শুনলেও কোনো পদক্ষেপ নেননি। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয় পাকিস্তান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকোনমিকস (পিআইডিই)। প্রথমে এ প্রধান ছিলেন একজন আমেরিকান। পরে সিদ্ধান্ত হয় দেশীয় অর্থনীতিবিদকেই এ পদ দেয়া হবে। বন্ধুদের পরামর্শে অধ্যাপক নুরুল ইসলাম সেখানে যোগ দেন ১৯৬৫ সালে। এ প্রতিষ্ঠানে যে সব গবেষণা হয়েছে তাতে পুব-পশ্চিমের বৈষম্য আরো স্পষ্ট হয়। হয়তো সে কারণেই বঙ্গবন্ধু তাকে খুঁজে নিয়েছিলেন। ছয় দফা ও বাংলাদেশের সংবিধান প্রনয়নবাংলাদেশের ইতিহাসের এ গুরুত্বপূর্ণ অধ্যায়টি শোনা যাক তারই মুখে।১৯৬৬ সালে ছয় দফা যখন রাজনৈতিক কর্মসূচি হিসেবে ঘোষিত হয়, তখন আমি এর সঙ্গে যুক্ত ছিলাম না। অন্য কোনো অর্থনীতিবিদ ছিলেন বলেও আমার জানা নেই। এর মূল সূত্রগুলো শেখ মুজিবেরই তৈরি। তাকে সহায়তা করেন তাজউদ্দীন আহমদ। ১৯৬৯ সালে গণ-অভ্যুত্থানে আইয়ুবের বিদায় নেওয়ার পর আমি চয় দফা অর্থনৈতিক রূপরেখা প্রণয়নে সহায়তা করি। মার্চ-এপ্রিলের দিকে তত্কালীন স্টেট ব্যাংকে চাকরিরত আমাদের বন্ধু রশিদ এসে জানালেন, বঙ্গবন্ধু দেখা করতে বলেছেন। এরপর তাঁর সঙ্গে দেখা হতো বিভিন্ন স্থানে। কখনো ঢাকার বাইরেও আমরা বৈঠক করেছি। বঙ্গবন্ধু আমাকে বললেন, ছয় দফা বাস্তবায়ন করতে হলে এর অর্থনৈতিক কর্মপরিকল্পনা কীভাবে সাজানো যায় সে ব্যাপারে সহযোগিতা করুন। এ প্রক্রিয়ায় যুক্ত ছিলেন আরও কয়েকজন অর্থনীতিবিদ। আমরা কাজ করলাম। সবচেয়ে মজার ব্যাপারে হলো, নির্বাচনের আগেই আমরা খসড়া সংবিধান তৈরি করেছিলাম। ১৯৭১-এর মার্চে মুজিব-ইয়াহিয়া বৈঠকেও সেই রূপরেখা পেশ করা হয়। আমরা সরাসরি আলোচনায় যোগ দিইনি; বৈঠকে অংশগ্রহণকারী আওয়ামী লীগের নেতারা এসে পরিস্থিতি জানাতেন, এরপর আমরা পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করতাম।মুক্তিযুদ্ধে যেভাবে সক্রিয় হলেনপ্রথম থেকেই আমার ধারণা ছিল, আলোচনা সফল হবে না। কেননা, পাকিস্তানিরা এটা মেনে নেবে না। আক্ষরিক অর্থে ছয় দফা বাস্তবায়ন হলে দেশ এক থাকে না। কিন্তু তারা এভাবে গণহত্যা চালাবে, সেটি ভাবিনি। শেখ মুজিবুর রহমানের গ্রেপ্তার হওয়া নিয়ে অনেকে অনেক কথা বলেন। কিন্তু তিনি কী করতে পারতেন? ভারতে পালিয়ে গেলে তাঁকে বলা হতো ভারতের দালাল। বিশ্ববাসীর কাছে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে অপপ্রচার চালানো হতো। বাংলাদেশের ভেতরে তিনি কোথাও আত্মগোপন করলে পাকিস্তানি সেনারা ঠিকই খুঁজে বের করত। সে কারণে আমি মনে করি, তিনি সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন। বিশ্ববাসী যে আমাদের মুক্তিসংগ্রামে সমর্থন দিয়েছে, তাঁর গ্রেফতার অন্যতম কারণ। তিনি ছিলেন নির্বাচিত নেতা। আমরা বিদেশিদের বলেছি, পাকিস্তানিরাই আমাদের এই দুর্দশার মধ্যে ঠেলে দিয়েছে।এপ্রিলের শুরুতে আমি আগরতলা হয়ে দিল্লি যাই। সেখানে গিয়ে শুনতে পাই তাজউদ্দীন আহমদ কলকাতায়। প্রধানমন্ত্রীর সচিব পি এন ধরের সহায়তায় আমি আমেরিকা চলে যাই। ইয়েল ইউনিভার্সিটিতে এক বছরের জন্য নিয়োগ পাই। বিভিন্ন জায়গায় গিয়ে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখি। নিক্সন প্রশাসন প্রচণ্ডভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করলেও শিক্ষাবিদ ও জনপ্রতিনিধিদের সমর্থন আমরা পাই। স্বাধীনতার পর পরই আমি দেশে ফিরে আসি। সত্য যে কঠিন, কঠিনেরে ভালবাসিলামচট্টগ্রামে আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করে ঢাকায় ফিরে এসেই শুনি, বঙ্গবন্ধু পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন। তখন ভাবলাম, দেখা করে যাই। ১১ বা ১২ তারিখ দেখা করতেই তিনি আমাকে জড়িয়ে ধরলেন। বললেন, ‘লন্ডনেই আপনার খোঁজ করেছি। আপনাকে পরিকল্পনা কমিশনের দায়িত্ব নিতে হবে। কীভাবে করবেন, কাদের নিয়ে করবেন, তার একটি রূপরেখা দিন।’ আমি কাজে লেগে পড়লাম। কমিশনের সদস্য হিসাবে যাদের নাম দিলাম তিনি মেনে নিলেন। একটি নতুন ও যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠন ও অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ ছিল খুবই কঠিন কাজ। সানন্দে আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেছি। লোকবল কম, প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা সীমিত। আমরা প্রথমে দুই বছরের জন্য একটি পুনর্বাসন কর্মসূচি নিলাম (১৯৭২-১৯৭৩)। এরপর পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করলাম (১৯৭৩-১৯৭৮)। এসব কাজে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছ থেকে যথেষ্ট সহায়তা পেয়েছি। কিন্তু অনেক সরকারি কর্মকর্তাই নতুন ধারণা ও প্রতিষ্ঠানকে সহজে গ্রহণ করতে পারলেন না। পরিকল্পনা কমিশনকে সমান্তরাল ক্ষমতাকেন্দ্র ভাবতে শুরু করলেন। সরকার সমর্থক ও বিরোধী উভয় শ্রেণীর পত্রিকায় আমাদের বিরুদ্ধে লেখালেখি হতে থাকে। ধীরে ধীরে বুঝতে পারলাম, জাতীয় নীতি গ্রহণে আমাদের গুরুত্ব থাকছে না। তখন সিদ্ধান্ত নিলাম, পরিকল্পনা কমিশন ত্যাগ করব। কিন্তু প্রধানমন্ত্রীকে সে কথা সরাসরি বললাম না। বললাম, কিছুদিনের জন্য ছুটি চাই। তিনি প্রথমে রাজি হলেন না, পরে আমার পীড়াপীড়িতে রাজি হলেন। বললেন, এক বছর পর আপনাকে ফিরে আসতে হবে। সেটি পঁচাত্তর সালের মার্চ-এপ্রিলের ঘটনা। কিন্তু আর ফেরা হলো না। ১৫ আগষ্ট বিপদগামী সেনা সদস্যদের হাতে বঙ্গবন্ধু নিহত হন।বিদেশে স্বদেশ ভাবনাড. নুরুল ইসলাম প্রথমে গেলেন অক্সফোর্ডে। সেখানে তিন বছর ফেলো ছিলেন। এরপর যোগ দেন রোমভিত্তিক বিশ্ব খাদ্য সংস্থায় সহকারী মহাপরিচালক হিসেবে। বিদেশেও এ মানুষটি দেশের কথা ভেবেছেন। যতটুকু সম্ভব সহায়তা করেছেন। এ ক্ষেত্রে দুটি বিষয়ের উল্লেখ করতে হয়। ঢাকায় এশীয় প্রশান্ত মহাসাগরীয় সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র (CIRDAP) হয়েছে, যার উদ্যোক্তা ছিলেন অধ্যাপক নুরুল ইসলাম। এ সংস্থার প্রথম মহাপরিচালক হন ড. আজিজুল হক। এ ছাড়া আন্তর্জাতিক পাট সংস্থাও (আইজেও) প্রতিষ্ঠা করেছিলেন তিনি। কিন্তু সংস্থাটি টেকেনি। সিরডাপ এখনো আছে। ১৯৯৪ সালে বিশ্ব খাদ্য সংস্থা থেকে অবসর নিয়ে আমেরিকা চলে যান। আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউটের উপদেষ্টা পদেও অধিষ্ঠিত ছিলেন। বর্তমানে তিনি ওই সংস্থার সংখ্যাতিরিক্ত ফেলো। সেখানে প্রাতিষ্ঠানিক কোনো কাজ না থাকলেও একটি কক্ষ তাঁকে দেওয়া হয়েছে, যেখানে বসে তিনি নিজের কাজ করতে পারেন। অতিথি শিক্ষক ছিলেন ইয়েল ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে, নেদারল্যান্ডের স্কুল অব ইকোনমিকসে শিক্ষাসংক্রান্ত দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘের উন্নয়ন পরিকল্পনা নীতির চেয়ারম্যানের পদেও অধিষ্ঠিত ছিলেন। বর্তমানে তিনি বিদেশে স্থায়ীভাবে বসবাস করলেও স্বদেশকে ভোলেননি। সুযোগ পেলেই দেশে চলে আসেন। এবারে এসেছেন বাংলাদেশ ব্যাংক পুরস্কার নিতে। বয়সের জ্বরা জীবনের এ অদম্য পথিককে কাবু করতে পারেনি।গবেষণা ও প্রকাশনাড. নুরুল ইসলামের গবেষণার ক্ষেত্র বিশাল। ব্যবসা-বাণিজ্য উন্নয়ন, খাদ্য নিরাপত্তা এবং জনস্বার্থ-সংশ্লিষ্ট নীতিমালা নিয়ে তাঁর অসংখ্য নিবন্ধ ছাপা হয়েছে বিদেশি পত্রিকায়। প্রকাশিত গ্রন্থ: মেকিং অব এ ন্যাশন বাংলাদেশ: অ্যান ইকোনমিস্ট’স টেল, বাংলাদেশ: জাতি গঠনকালে এক অর্থনীতিবিদের কিছু কথা, ডেভেলপমেন্ট প্ল্যানিং ইন বাংলাদেশ: এ স্ট্যাডি ইন পলিটিক্যাল ইকোনমি (ইউপিএল ১৯৭৯ পুনর্মুদ্রণ ১৯৯৩), ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি অব বাংলাদেশ, ১৯৭৮; ফুড প্রাইজ স্ট্যাবিলাইজেশন ইন ডেভেলপিং কান্ট্র্রিজ: ইস্যুজ অ্যান্ড এক্সপেরিয়েন্স ইন এশিয়া (আইএফপিআরআই, ১৯৯৬) এবং এক্সপ্লোরেশন ইন ডেভেলপমেন্ট ইস্যুজ: সিলেক্টেড আর্টিকেলস অব নুরুল ইসলাম (আলগেট যুক্তরাজ্য ২০০৩), ননফার্ম এমপ্লয়মেন্ট ইন ডেভেলপমেন্ট কান্ট্রিজ: কনসেপ্ট অ্যান্ড এভিডেন্স, রিডিউসিং রুরাল প্রভার্টি ইন এশিয়া (হাওয়ার্থ প্রেস, নিউইয়র্ক)।