একজন এনজিও-কর্মী ও কিছু কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যা শুদ্ধ বা সঠিক নয়, তা-ই ভুল। আর ভুল বেশির ভাগ সময়ই বাধায় গন্ডগোল। সবাই তা জানি, তাই বলে সব সময় মানি এমন কথা জোর গলায় বলতে পারি না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত পারেননি। তাই তিনি বলেছেন, ‘আমি জেনেশুনে বিষ করেছি পান।’ আমরাও ব্যতিক্রম নই। কখনো না জেনে আর কখনো বা জেনেই করি নানা ভুল। ভুল নিয়ে রসিকতা করে কে যেন বলেছিলেন, ‘কবি নজরুল তুমি করিয়াছ ভুল/দাড়ি না রাখিয়া রাখিয়াছ চুল।’ বিখ্যাত কণ্ঠশিল্পী বশির আহম্মেদ গেয়েছেন, ‘ভুল যদি হয় মধুর এমন হউক না ভুল’। অর্থাৎ ভুল সব সময় তিক্ত না হয়ে কখনো কখনো মধুরও হতে পারে। তবে আমি যেন তিক্ত মধুর অথবা বেদনাবিধুর অসংখ্য ভুলে সাজানো এক বুলবুল। দুষ্টুমিতে কখনো পুষ্ট না হলেও এক দুষ্টু পরির উদয়ই আমার বদলে দিল সমুদয়। ভালোবাসলাম পরিকে। সে কী ভালোবাসা! একেবারে মন্ত্রমুগ্ধ। ভালোবাসার তীব্র শক্তিতে নদী হয়ে যায় সাগর, বাতাস-প্রচণ্ড ঝড় এবং গরল পরিণত হয় অমৃতে। পরির আমাকে ছাড়া আর আমার পরিকে ছাড়া পৃথিবীর সবকিছু তখন অর্থহীন। আচরণে পরির এবং আমার পার্থক্য যেন আকাশ আর পাতাল। আমি যদি যষ্ঠিমধু, পরি নিঃসন্দেহে গরল; আমি যদি শান্ত স্নিগ্ধ নদী, পরি ঝড়ের কবলে পড়া ক্ষিপ্র সমুদ্র। আমি যদি বনের সবচেয়ে নিরীহ এবং ধীর প্রাণী, পরি টগবগে ছুটে চলা এক দুরন্ত হরিণী। তবে একটা বিশেষ পার্থক্য আমাদের মাঝে ভালোবাসার বন্ধন সুদৃঢ় করতে বিশেষ ভূমিকা পালন করেছে। সেটি হচ্ছে পরি যখন দাউ দাউ করা উত্তপ্ত অগ্নি, আমি তখন যেন অগ্নিনির্বাপক এক সমুদ্র জল। দীর্ঘ একটা সময় পরি আর আমি ভালোবাসার নামে করেছি নানা পাগলামি। হেসেছি, কেঁদেছি, নেচেছি, গেয়েছি, লুটোপুটি খেয়েছি, হাতে হাত ধরে চোখে চোখ রেখে কাটিয়েছি অফুরন্ত সময়। কিন্তু পরি নামের সেই হরিণী, যার স্বভাব ছিল বনে-বাদাড়ে ছুটে চলা, তাকে একসময় হারিয়েই আমি যেন বুঝলাম, এটা আমার প্রথম ভুল। বিশ্ববিদ্যালয়ের পাঠ সমাপ্ত করে একটি এনজিওতে চাকরি নিয়ে বুঝলাম—এটা আমার দ্বিতীয় ভুল। এনজিও এবং এনজিও-কর্মীদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি কোথায়, তা বুঝতে বেগ পেতে হয়নি। একদিন বিশ্ববিদ্যালয় পাস করা মহিলা সহকর্মীকে নিয়ে গ্রামে গেলে তাঁকে দেখে এক বয়স্ক ভদ্রলোক গভীর মমতায় মাথায় হাত বুলিয়ে বললেন, ‘আহা রে মা! ম্যাট্রিকটা পাস করতে পারলেও প্রাইমারি স্কুলে মাস্টারি তো করতে পারতা।’গ্রামে তৃণমূল সদস্যদের নিয়ে সভা করার সময় একদিন এক প্রতিবেশী প্রভাবশালী ভদ্রলোকের ব্যক্তিস্বার্থে আঘাত লাগায় ক্ষিপ্ত হয়ে আমার দিকে হাত উঁচিয়ে তেড়ে আসেন। অতঃপর তাঁর গুণধর ছেলে ছুটে এসে বাবার হাত চেপে ধরে বললেন, ‘যাঁরা আসলে অন্য কোথাও চাকরি পান না, তাঁরাই এনজিওতে কাজ নেন।’ ছাত্রজীবনের শুরু থেকে যার সঙ্গে লেখাপড়ায় তুমুল প্রতিদ্বন্দ্বিতা, সেই বন্ধু এখন প্রতিষ্ঠিত কলেজের ইংরেজি প্রভাষক। অনেক দিন পর হঠাৎ দেখা হলে এনজিওতে কাজ নিয়েছি জেনে দুঃখ করে বলল, ‘ভাবনা কোরো না, চেষ্টা চালাও, ভালো একটা কিছু হয়ে যাবে।’আমার মা-বাবার একসময় ছেলের জন্য পাত্রী খোঁজার বেশ তাড়া পড়ল। সে তাড়া আমার ওপরও বেশ প্রভাব বিস্তার করতে লাগল। একদা এক পাত্রীকে পরোক্ষভাবে খোঁজখবর করার জন্য আমার এক বন্ধুর আত্মীয়ের বাড়ি যাই। বন্ধুর গ্রাম্য সরল আত্মীয়া যখন আমাদের উদ্দেশ্য জানলেন, তখন বললেন, ‘মেয়ের জন্য কত আইএ পাস, বিএ পাস জামাই (পাত্র) আইতাছে, তাতেই পছন্দ অয় (হয়) না আর এনজিও?’একদিন এক পাত্রী দেখতে গিয়ে রীতিমতো অভিভাবকের জেরার মুখে। ‘আপনার এত ভালো সার্টিফিকেট, এনজিওতে চাকরি নিলেন কেন?’ তারপর আরও অনেক ঘাটে নৌকা ভিড়ানোর চেষ্টা করে বুঝলাম, এটা আমার তৃতীয় ভুল। প্রত্যেক অভিভাবকের ফিডব্যাক একটাই—সরকারি চাকরিজীবী পাত্র চাই। এটাও বুঝলাম, ব্যাচেলরের বাড়িভাড়া নেওয়া আর এনজিও-কর্মীর পাত্রী খোঁজা, সে এক আজব বিস্ময়। এক ব্যাচেলর বাড়িভাড়া নিতে গিয়ে নানা বিড়ম্বনার শিকার হয়ে বাড়িওয়ালি ভদ্রমহিলাকে আক্ষেপ করে বলেছিল, ‘ম্যাডাম! দয়া করে আপনার মেয়েকে কোনো ব্যাচেলরের নিকট বিয়ে দেবেন না, ব্যাচেলর কিন্তু খুব খারাপ।’ আমাকেও তাই আক্ষেপ করে বলতে হচ্ছে, ‘এনজিও-কর্মীর নিকট কেউ মেয়ে বিয়ে দেবেন না—ওরা কিন্তু খুব খারাপ।’ আমার এ লেখা পড়ে যাঁরা হূদয়ে গভীর মমতা অনুভব করছেন, তাঁরা জেনে খুশি হবেন, আমি এখন এই মন্ত্রে দীক্ষিত, ‘পুরুষ মানুষ দুই প্রকার। এক জীবিত আর এক বিবাহিত।’ মুহাম্মদ মুস্তাফিজুর রহমানআশুলিয়া বাইপাইল, ঢাকা।