মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা কুমকুমী। তার শিশুপুত্রের শরীরে পাকিস্তানিদের রক্ত বইছে। মেনে নিতে পারেনি তা কুমকুমী। তাই নিজের সন্তানকে এক কাঠের বাক্সে ঢুকিয়ে কাজলং নদীর জলে ভাসিয়ে দিয়ে আত্মহত্যা করে সে। এই শিশু জায়েদুল নামে নননপুর গ্রামে বেড়ে ওঠে। তবে সুস্থ হয়ে বেড়ে ওঠার সামাজিক অধিকার থেকে বঞ্চিত জায়েদুল কখনো মানুষের মর্যাদা পায়নি। মানুষের নানা কটুক্তি শুনতে শুনতে একসময় সে মানসিকভাবে বিপর্যস্ত হয় এবং মারা যায়। তার পুনর্জন্ম হয় বাঘ রূপে এবং গ্রামে ফিরে এসে নখর দিয়ে আঁচড়ে আঁচড়ে রাস্তার পিচ খুঁড়তে শুরু করে, যেখানে পাকবাহিনীরা মুক্তিযোদ্ধা আনিসকে মাটিচাপা দেয়। মুক্তিযোদ্ধার অস্তিত্ব খুঁজে ফেরে বাঘরূপী জায়েদুল।এ রকম ছোট ছোট কিছু ঘটনা নিয়ে নির্মিতনননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে নাটকটিতে মুক্তিযুদ্ধ এসেছে প্রান্তিক জনমানুষের সুখ-দুঃখ, বেদনা ও অনুভূতির ভেতর দিয়ে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বদরুজ্জামান আলমগীরের রচনা ও শামীম হাসানের নির্দেশনায় তির্যক নাট্যগোষ্ঠীর ৩২তম প্রযোজনা এ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হলো ১ ও ২ জুলাই।বর্ষণমুখর সন্ধ্যায়ও প্রচুর দর্শকের সমাগম হয়। দেড় ঘণ্টার এ নাটক শেষে দর্শকদের করতালিতে মিলনায়তন ছিল মুখর। নির্দেশক শামীম হাসান বলেন, ‘এ নাটকের গাঁথুনিটাই অন্যরকম, অনেকটা পালাধর্মী। এর রীতি বর্ণনাত্মক। নাট্যনির্মাণে সংগীত ও অন্যান্য ক্ষেত্রে আমাদের দেশীয় লোকনাট্যের আদি অকৃত্রিম রীতি ব্যবহার করেছি। এ ছাড়া মানুষ জায়েদুলের ঈশ্বরের সঙ্গে কথা বলা, অপূর্ণ ইচ্ছাকে পূর্ণতা দিতে তার বাঘরূপে পুনর্জন্ম—এক কথায় রিয়েলিজমের সঙ্গে স্যুরিয়েলিজমের মিশ্রণ নাটকটিকে ভিন্ন রূপ দিয়েছে।’তীর্যক নাট্যদলের সভাপতি জাহাঙ্গীর কবির বলেন, ‘এ নাটকে বাংলার আদিবাসীদের প্রায় সবগুলো ভাষাই গান, সংলাপসহ বিভিন্ন ক্ষেত্রে তুলে ধরার চেষ্টা করেছি।’নাট্যকর্মী রবিউল কাদের বলেন, ‘আমাদের সাহিত্যে মুক্তিযুদ্ধ বলতে কিছু মোটা দাগের ঘটনা, মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবীদের কথা স্মরণ করা হয়। কিন্তু প্রান্তিক জনমানুষের ছোট ছোট ঘটনা ও অনুভূতিও যে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত, তা এ নাটকে প্রকাশ পেয়েছে। এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে।’নাটকে অভিনয় করেছেন—খালেদ হেলাল, নাসিরুদ্দিন খান, নাঈমা সুলতানা, হীরা, সৌরভ, সৈকত, হান্নান, তুলিসহ আরও অনেকে। সংগীত পরিচালনায় ছিলেন দীপঙ্কর দে, বায়েন দলে ছিলেন সুমন চৌধুরী, রয়েল বড়ুয়া, অজয় ও উদয়, নৃত্যনির্মিতিতে প্রমা অবন্তী, আলোকসজ্জায় রাজ্জাক এবং পোশাকসজ্জায় নাঈমা সুলতানা ও হীরা।