একজন কর্মকর্তা দিয়ে চলছে ফটিকছড়ি মৎস্য কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনবল-সংকটে স্থবির হয়ে পড়েছে ফটিকছড়ি উপজেলা মৎস্য কার্যালয়ের কার্যক্রম। চার মাস ধরে শূন্য মৎস্য কর্মকর্তার পদ। বর্তমানে কর্মরত আছেন মাত্র একজন সহকারী মৎস্য কর্মকর্তা। ওই কর্মকর্তা কার্যালয়ের কার্যক্রম চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন। মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা পদে বর্তমানে কর্মরত আছেন মো. গোলাম মোস্তফা। এ ছাড়া সব পদই খালি রয়েছে। অর্থাৎ পাঁচটি পদের মধ্যে চারটিই শূন্য। পাশের হাটহাজারী উপজেলার মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন অতিরিক্ত দায়িত্ব হিসেবে ফটিকছড়ি উপজেলায় দায়িত্ব পালন করছেন। তিনি আসেন সপ্তাহে এক দিন।ফরহাদাবাদ গ্রামের মৎস্যচাষি ফয়সাল আহমদ বলেন, প্রায় সময় কার্যালয়ে গিয়ে কাউকে পাওয়া যায় না। পুকুরের দূষিত পানিতে চুন ছিটানোর জন্য চুনের পরিমাণ জানতে কয়েকবার গিয়েও কোনো পরামর্শ পায়নি। আজিমপুর গ্রামের সাত একর আয়তনের তিনটি পুকুরের মালিক স্বপন দত্ত জানান, মৎস্য কার্যালয়ে লোকবল-সংকটের জন্য পরামর্শ না পেয়ে সঠিক সময়ে পরিচর্যা না করায় চলতি মৌসুমে একটি পুকুরের দেড় লক্ষাধিক টাকার মাছ মরে গেছে।সহকারী মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তাফা বলেন, একজনে পুরো উপজেলার কার্যক্রম চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। নানা পরামর্শের জন্য মৎস্যচাষিরা এসে ফিরে যাচ্ছেন। বারবার তাগাদা দেওয়ার পরও শূন্য পদে নিয়োগ হচ্ছে না। সূত্র জানায়, শূন্য পদগুলো হলো মৎস্য কর্মকর্তা একজন, সহকারী মৎস্য কর্মকর্তা একজন, উপসহকারী মৎস্য কর্মকর্তা একজন ও কার্যালয় সহকারী একজন। এসব পদে লোকবল না থাকায় উপজেলার ২০ ইউনিয়নে থাকা ছয় হাজার ৪৫২টি মাছ চাষের পুকুরের মালিকেরা পরামর্শ ও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত) মো. জাকির হোসেন জনবল-সংকটের কথা স্বীকার করে বলেন, ‘প্রতিমাসেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে লিখে আসছি, কিন্তু কোনো ফলই পাচ্ছি না।’ তিনি আরও বলেন, বৃহত্তম এ উপজেলার গুরুত্বপূর্ণ একটি দপ্তরে জনবল-সংকটের ফলে জনসাধারণ সেবা পাওয়ার কথা নয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গাউছুল আজম প্রথম আলোকে বলেন, জনবল-সংকটের বিষয়টি জরুরি ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে লিখিত ভাবে জানানো হয়েছে। শিগগির শূন্যপদ পূরণ হতে পারে।