একজন কর্মকর্তাই সহায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় চলছে মাত্র একজন সহকারী শিক্ষা কর্মকর্তা দিয়ে। শিক্ষা কর্মকর্তার পদ শূন্য দুই মাস ধরে। এ ছাড়া দীর্ঘদিন ধরে শূন্য পাঁচটি সহকারী শিক্ষা কর্মকর্তার পদও। শিক্ষকদের অভিযোগ, জনবল-সংকটে ব্যাহত হচ্ছে কার্যক্রম। প্রতিদিন নানা কাজে এসে তাঁদের ভোগান্তি পোহাতে হচ্ছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, ২০০৫ সালে একজন উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সর্বোচ্চ সংখ্যক পাঁচজন সহকারী শিক্ষা কর্মকর্তা থাকার পর ২০০৬ সালের মাঝামাঝি সময়ে ক্রমান্বয়ে বদলি হন সবাই। বিপরীতে সহকারী শিক্ষা কর্মকর্তা ছৈয়দ মো. হাসান রাঙ্গুনিয়া প্রাথমিক শিক্ষা কার্যালয়ে যোগদান করে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা হিসেবে দেড় বছর দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে তিনি অবসর নেন। এরপর ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা পদে মো. আবদুল হামিদ যোগদান করেন। দেড় বছর পর তিনিও বদলি হয়ে যান। এরপর চলতি বছর মার্চ মাসে শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগ দেন মো. রবিউল হোসেন। যোগদানের এক মাসের মাথায় ২৯ এপ্রিল বদলি হন তিনিও। এ অবস্থায় বর্তমানে শিক্ষা কার্যালয়ে কর্মরত আছেন সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব। ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালনসহ ছয়জন সহকারী শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করছেন তিনি একাই। উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যরা জানান, শিক্ষার মানোন্নয়নে উপজেলার প্রতিটি বিদ্যালয়ে ক্রমানুসারে শিক্ষকদের সাব ক্লাস্টার ট্রেনিং পরিচালনা করতে হয়। প্রতিদিন বিদ্যালয় পরিদর্শনে যেতে হয়। নিয়ন্ত্রণ করতে হয় শিক্ষকদের বিদ্যালয়ে আসা-যাওয়াসহ শিক্ষা কার্যক্রম, যা করতে একজন সহকারী শিক্ষা কর্মকর্তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। ফলে নিয়মিত হচ্ছে না সাব ক্লাস্টার ট্রেনিং ও শিক্ষার মানোন্নয়ন কার্যক্রম পরিচালনা। এ প্রসঙ্গে রাঙ্গুনিয়া উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মাহবুব জনবল সংকটের সত্যতা স্বীকার করে বলেন, ‘প্রতিদিন বিদ্যালয় পরিদর্শন, শিক্ষকদের আর্থিক সুবিধা, অবকাঠামোগত উন্নয়ন, জেলা সমন্বয় সভায় অংশগ্রহণ, সাব-ক্লাস্টার ট্রেনিং, মাসিক সমন্বয় সভা, উপবৃত্তির টাকা বিতরণ ও কর্মশালাসহ নানা কাজে ব্যস্ত থাকতে হচ্ছে প্রতিনিয়ত। এসব কাজ একা করতে গিয়ে হিমশিম খাচ্ছি।’ রাঙ্গুনিয়া উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, ‘শিক্ষা কার্যালয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তার শূন্য পদগুলো পূরণের জন্য জেলার মাসিক সভায় প্রস্তাব করা হয়েছে। আশা করি শিগগির সমস্যার সমাধান হবে।’ এ ব্যাপারে যোগাযোগ করা হলে চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা বিলকিস আরা বেগম বলেন, ‘জনবল-সংকট সমাধানের জন্য বিভাগীয় পর্যায়ে ইতিমধ্যে প্রতিবেদন পাঠানো হয়েছে। আমরাও এসব সমস্যা সমাধানের অপেক্ষায় আছি।’