একজন গাছপাগল মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাছ নিয়েই সারা বেলা কাটে ইদ্রিস আলীর। ছবি: হাসান মাহমুদ
গাছ নিয়েই সারা বেলা কাটে ইদ্রিস আলীর। ছবি: হাসান মাহমুদ

বটবৃক্ষের ছায়া যেমন, মায়ের স্নেহ লাগে তেমন—বাংলাদেশ বেতারে এ রকম গান শুনে হৃদয়ে দাগ কেটেছিল। ভালোবাসা জন্মেছিল বটগাছের প্রতি। সেই ভালোবাসা থেকেই একের পর এক গাছ রোপণ করে চলেছেন তিনি।

বৃক্ষ, বিশেষ করে বটবৃক্ষপ্রেমী এই মানুষটির নাম ইদ্রিস আলী। ১৯৮০ সালে বয়স যখন ১৯-২০ বছর, তখন থেকেই গাছ লাগানো শুরু করেন। এখন এই ৫৫ বছর বয়সে এসেও রোপণ করে যাচ্ছেন একের পর এক গাছ। নিজের লাগানো গাছের সংখ্যা নিজেই জানেন না।

বৃক্ষপ্রেমী ইদ্রিস আলী
বৃক্ষপ্রেমী ইদ্রিস আলী

তবে প্রায় ৫০ হাজার গাছ রোপণ করেছেন বলে মনে করেন তিনি। পাবনার ফরিদপুর উপজেলার যেদিকে তাকানো যায়, সেদিকেই মেলে তাঁর লাগানো গাছ।
শুরুটা হয়েছিল বটগাছ রোপণ দিয়েই। এ ছাড়া আম, জাম, মেহগনি, তাল, খেজুর, কৃষ্ণচূড়া, বকুল যখন যে গাছ পাচ্ছেন, তা-ই রোপণ করছেন। গাছের প্রেমে পড়ে বিয়েও করা হয়নি। এখন সকাল-সন্ধ্যা বিভিন্ন এলাকায় ঘুরে নিজের লাগানো গাছ দেখেন, যত্ন নেন। খুঁজে ফেরেন নতুন গাছ রোপণের জমিন। খালি কোনো জায়গা পেলেই গাছ রোপণ করেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ইদ্রিস আলী একজন গাছপাগল মানুষ। গাছই তাঁর প্রেম-ভালোবাসা। গাছ নিয়েই তিনি সারা বেলা কাটান। যা আয় করেন তার পুরোটাই ব্যয় করেন গাছের জন্য। ইদ্রিস আলীর বাড়িতে গিয়ে দেখা যায়, পাটখড়ির বেড়ায় টিনের ছাপরা। একটি ছোট্ট ঘরেই ইদ্রিস আলীর বসবাস। উঠানের একচিলতে মাচায় রাখা বট, পাকুড়, তেঁতুল ও কদম চারার যত্ন করছিলেন তিনি। কাছে এগোতেই মুচকি হেসে বললেন, ‘রোপণের জন্য তৈরি করছি।’
প্রয়োজনীয় কথা সেরে বেরিয়ে পড়েন নিজের লাগানো গাছ দেখাতে। দিনভর ঘুরেফিরেও শেষ হয় না সে দেখা। উপজেলা সদর, বিভিন্ন সড়ক, বাজার, বড় বিল, চাটমোহর-বাঘাবাড়ী সড়ক, বড়াল নদের পারে বন্যানিয়ন্ত্রণ বাঁধ, মসজিদ, স্কুল ও ঈদগাহ ময়দানসহ আশপাশের প্রায় ২০টি গ্রাম— কোথায় নেই ইদ্রিস আলীর গাছ! দুপুর গড়িয়ে বিকেল হয়। চলতে চলতে ইদ্রিস আলী বলেন গাছ-জীবনের নানা গল্প।
চার ভাই ও সাত বোনের মধ্যে ইদ্রিস আলী মেজো। ভাইবোনেরা সবাই সংসার পেতেছেন। কিন্তু গাছের প্রেমে পড়ে তাঁর আর সংসার করা হয়নি। আয়ের উৎস বলতে পৈতৃক কিছু জমি ও দরজির কাজ। যা আয় করেন তার প্রায় পুরোটাই ব্যয় করেন গাছের জন্য। গরু, ছাগলের আক্রমণ থেকে গাছ বাঁচাতে খাঁচা কিনতে হয়। প্রতিটি খাঁচার জন্য ব্যয় হয় ১৫০ থেকে ২০০ টাকা। ফলে অনেক সময় না খেয়ে থাকতে হয় তাঁকে। এরপরও গাছটি যখন বড় হয়ে ওঠে, তখন ভালো লাগে। সুখ অনুভব করেন মনে।
ফরিদপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সরকারের মতে, স্বার্থপরতার এ যুগে এমন মানুষ মেলা কঠিন। প্রকৃত দেশপ্রেম এটাই। আর উপজেলা বন কর্মকর্তা জি এম শফিউজ্জামান বলেন, ‘ইদ্রিস আলী পরিবেশের ভারসাম্য রক্ষা করতে কাজ করে যাচ্ছেন। এটা প্রশংসনীয় উদ্যোগ।’
ইদ্রিস আলী জীবনের শেষ দিন পর্যন্ত গাছ লাগাতে চান। তাঁর ভাষায়, ‘গাছের মধ্যি মায়া আছে, ছায়া আছে। গাছের দমেই আমরা দম পাই। তাই গাছের বিকল্প নাই। সগলেরই বেশি বেশি গাছ লাগানো উচিত। তালি দেশটা ছায়াঘেরা হবি। শান্তিত নিশ্বাস নেওয়া যাবি।’