একজন চে গুয়েভারা
>চে গুয়েভারার মৃত্যুবার্ষিকী ছিল গত ৯ অক্টোবর। বিপ্লবী চে গুয়েভারার জন্ম ১৪ জুন ১৯২৮ আর্জেন্টিনায়। ১৯৬৭ সালের ৯ অক্টোবর বলিভিয়ায় তাঁকে আহত অবস্থায় আটক করে হত্যা করা হয়।

চে গুয়েভারার নাম শুনলেই চোখে ভাসে একজন রোমান্টিক-বিপ্লবীর অবয়ব। ১৯৬৭ সালে তাঁকে হত্যা করা হয়, কিন্তু দশকের পর দশকজুড়ে চে হয়ে রয়েছেন তারুণ্যের প্রতীক। যে তরুণ স্বপ্ন দেখে, যে তরুণ সবার জন্য সমান একটি পৃথিবীকে আলিঙ্গন করতে চায়, তার সবচেয়ে বড় অবলম্বন চে।
বিপ্লবী চে’র জীবনী পড়েছেন অনেকেই। আর্জেন্টিনার এই দুঃসাহসী তরুণ চিকিৎসক কীভাবে কিউবা বিপ্লবের সঙ্গে যুক্ত হলেন, কীভাবে রাষ্ট্রের বড় পদ থেকে ছুটে বেরিয়ে এসে পৃথিবীময় বিপ্লব ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখলেন, সে কথা অজানা নয় কারও কাছে। এ যুগে অন্তর্জালে কিছুক্ষণ ঘুরলেই চে’কে নিয়ে ভূরি ভূরি কাহিনির সন্ধান পাওয়া যাবে। এখানে আমরা কেবল তাঁর জীবনের অল্প কিছু ঘটনার উল্লেখ করছি, যাতে এই রোমান্টিক-বিপ্লবীর জীবনদর্শনের দিকে এক ঝলক তাকানো যায়।
হাঁপানি ছিল চে গুয়েভারার নিত্যসঙ্গী। এই রোগের কারণে প্রথম দুই বছর স্কুলে যেতে পারেননি, পড়াশোনা করেছেন বাড়িতে বসে। সারা জীবন তিনি এই রোগ বয়ে বেড়িয়েছেন।
আর্জেন্টিনায় জন্ম নেওয়া এই বিপ্লবী মাত্র ১১ বছর বয়সে এক বিচিত্র কারণে কিউবার প্রতি অনুরক্ত হন। কিউবার দাবা খেলোয়াড় কাপাব্লাংকা এসেছিলেন বুয়েনস এইরেসে। চে ছিলেন দাবার দারুণ ভক্ত। কাপাব্লাংকার আগমন তাঁকে কিউবা সম্পর্কে আগ্রহী করে তুলেছিল।
মাত্র চার বছর বয়স থেকেই বইয়ের সাগরে বুঁদ হয়ে থাকতে পেরেছেন চে। বাড়িতে ছিল কয়েক হাজার বই। তাই বইয়ের সঙ্গে মিতালি পাতাতে কোনো সমস্যাই হয়নি তাঁর। কবিতা পছন্দ করতেন তিনি। নিজেও লিখতেন কবিতা।
বিজ্ঞানের প্রতি দারুণ আকর্ষণ ছিল তাঁর। বিশেষ করে গণিত ছিল তাঁর প্রিয় বিষয়গুলোর অন্যতম। কিন্তু পড়াশোনার বিষয় হিসেবে বেছে নিয়েছিলেন চিকিৎসাবিজ্ঞানকে।
প্রাচীন সভ্যতার প্রতি আকর্ষণ ছিল এর্নেস্তো চে গুয়েভারার। সুযোগ পেলেই রেড ইন্ডিয়ান সভ্যতার ধ্বংসাবশেষ দেখতে চলে যেতেন।
অবস্থাপন্ন পরিবারের ছেলে হয়েও চিকিৎসক হিসেবে সনদ পাওয়ার পর তিনি চলে গিয়েছিলেন দেশের প্রত্যন্ত অঞ্চলে, বিনা পারিশ্রমিকে চিকিৎসা করেছেন সাধারণ খেটে খাওয়া মানুষের।
চে সম্পর্কে কত কিছুই তো বলা যায়। তবে তাঁর বলা একটি কথা দিয়েই এই ছোট্ট লেখাটি শেষ করি, ‘অনেকেই আমাকে রোমাঞ্চপিয়াসী বলে ভাবেন। হ্যাঁ, আমি রোমাঞ্চপিয়াসী, তবে অন্য ধরনের। আমি সেই ধরনের রোমাঞ্চপিয়াসী, যে সত্যকে প্রমাণ করার জন্য নিজের জীবনকে বাজি রাখে।’
সূত্র: রুশ ওয়েবসাইট neobychno.com