
১৯৭১ সালে আনোয়ারুল আলীম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএসসির ছাত্র। মা-বাবা, চার ভাই আর এক বোন নিয়ে নিম্নমধ্যবিত্তের সংসার ছিল তাঁদের। বাবা-মা তাঁকে আদর করে ডাকতেন জাহাঙ্গীর। বাসা ছিল তেজগাঁওয়ে, তেজতুরী বাজারে। আলীম পড়াশোনায় ছিলেন অত্যন্ত মেধাবী। ঢাকা কলেজ থেকে আইএসসি পাস করে ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পদার্থবিজ্ঞানে স্নাতক (সম্মান) পাস করেছিলেন ১৯৬৯ সালে।
মেধাবী আলীম ছিলেন সংসারের একমাত্র আশার আলো। পরিবারের স্বপ্ন ছিল, তিনি একদিন এমএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করবেন। নিম্নমধ্যবিত্ত সংসারটি সচ্ছল হয়ে উঠবে। কিন্তু বাস্তবে সেটা আর হয়ে ওঠেনি!
ছাত্রাবস্থায় অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন আলীম। যুক্ত ছিলেন ১৯৬৯ সালের ছাত্র আন্দোলনের সঙ্গে। ছাত্রজীবন থেকেই পশ্চিমা শাসনের বিরুদ্ধে নিজের মন ও মানসে দুর্বার প্রতিরোধের একটি ব্যারিকেড গড়ে তুলেছিলেন। তাই তো আন্তঃপ্রাদেশিক বৃত্তি পেয়েও সমাজতন্ত্রের আদর্শে উদ্বুদ্ধ আলীম পড়তে যাননি পশ্চিম পাকিস্তানে।
১৯৭১ সালের মার্চ মাস। আলীমের এমএসসি পরীক্ষা তখন প্রায় শেষের দিকে। তত দিনে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা দেশের প্রতিটি প্রান্তরে পৌঁছে গেছে। তার পরপরই এল সেই কালরাত, ২৫ মার্চ! সেই রাতে আনোয়ারুল আলীম ছিলেন তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে, তেজতুরী বাজারের ওই বাসায়। আর সবার মতোই কাটাচ্ছিলেন আতঙ্কগ্রস্ত সময়। পুরোটা সময়ই আতঙ্কিত ছিলেন বিভিন্ন ছাত্রাবাসে থাকা তাঁর বন্ধুদের কথা ভেবে।
২৭ মার্চ কারফিউ শিথিল হওয়ামাত্রই আলীম ছুটে গিয়েছিলেন বিভিন্ন ছাত্রাবাসে থাকা তাঁর বন্ধুদের খবর নিতে। সকাল থেকে পরিবারের সবাই ব্যস্ত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য। ঠিক ওই সময় আলীমের কোনো খোঁজ নেই! বেশ কিছুক্ষণ পর তিনি যখন ফিরে এলেন, তখন তাঁর চেহারায় গভীর শোকের ছায়া। কী হয়েছে, জানতে চাইলে মাকে জড়িয়ে কাঁদতে কাঁদতে তিনি বলেছিলেন, ‘না আম্মা, কেউ নেই! ওরা শত শত ছাত্রকে হত্যা করেছে। হত্যা করেছে আমাদের অনেক শিক্ষককেও।’
এপ্রিল মাসে আনোয়ারুল আলীম তাঁর পরিবারের সদস্যদের নিয়ে চলে যান বরিশালে গ্রামের বাড়িতে। ইতিহাস বলছে, বরিশাল তখনো হানাদারমুক্ত। চোখের সামনে দেখা প্রিয় বন্ধুদের লাশ তাঁর মনে গড়ে তুলেছিল মুক্তিযুদ্ধের দুর্বার প্রতিজ্ঞা। তাই গ্রামে গিয়েই তরুণদের হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উদ্বুদ্ধ করতে লাগলেন তিনি। প্রেরণা দিতে লাগলেন মুক্তিবাহিনীতে যোগ দেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্য, তিনি খুব বেশিদূর এগোতে পারেননি।
৭ এপ্রিল গ্রামের বাড়ি পৌঁছানোর পর মামাবাড়ি থেকে শিকারপুর হয়ে লঞ্চে ফিরছিলেন আনোয়ারুল আলীম ও তাঁর বড় ভাই আনোয়ারুল আজীম। মাঝনদীতে লঞ্চ পৌঁছাতেই আকাশে দুটি পাকিস্তান জঙ্গি বিমানের দেখা মিলল, কিছু বুঝে ওঠার আগেই ছোট লঞ্চটির নিরীহ, নিরস্ত্র যাত্রীদের লক্ষ করে আক্রমণ চালানো হলো বিমান থেকে। অবিরাম শেলবর্ষণ আর মেশিনগানের গুলিতে কিছুক্ষণের মধ্যেই ছোট লঞ্চটি ঝাঁঝরা হয়ে গেল। মুহূর্তের মধ্যেই রক্তে রাঙা হয়ে উঠল নদী। সেদিনের সেই বর্বর আক্রমণে লঞ্চের অধিকাংশ যাত্রীই প্রাণ হারিয়েছিলেন। প্রাণ হারিয়েছিলেন আনোয়ারুল আলীমও। তাঁর সঙ্গে থাকা বড় ভাই আনোয়ারুল আজীমের বাঁ হাত জখম হয়েছিল গুরুতরভাবে।
দেশ স্বাধীন হওয়ার পরপরই আনোয়ারুল আলীমের এমএসসির ফল বেরিয়েছিল, পাস করেছিলেন সম্মানের সঙ্গে। আলীম বিজ্ঞানের ছাত্র হলেও সাহিত্যসাধনা করতেন, কবিতার চর্চা করতেন। ১৯৬৪ সালে আলীম ঢাকা কলেজে স্বরচিত কবিতা প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন। শুধু কবিতাই নয়, ইমপ্রেশনিস্ট চিত্রকলার ব্যাপারেও তাঁর আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই কয়েকটি প্রবন্ধের অনুবাদ করেছিলেন, যা সে সময়ের কয়েকটি পত্রিকায় ছাপাও হয়েছিল। ‘ইমপ্রেশনিজমের প্রথম ঝলক’ যার মধ্যে অন্যতম।
দেশ স্বাধীন হওয়ার পর তেজতুরী বাজারের বাসায় আনোয়ারুল আলীমের বইগুলো তাঁর কথামতো সাজিয়ে রেখেছিলেন শোকাহত মা কামরুন্নেসা বেগম। এখন তিনি প্রয়াত। আনোয়ারুল আলীম তাঁর কবিতায় জানিয়েছিলেন—
‘আমি মরে গেলে
আমার বইগুলি যদি কেউ না পড়ে
ওইখানে সাজিয়ে রেখো আমার টেবিলের পরে
যে দিন বৈশাখের প্রথম ঝড়ে
পৃথিবীর সব ধুলো মুছে যাবে
সেদিন খুলে দিও ওই জানালাটা আমার।’
তেজতুরী বাজার, ঢাকা