একজন জয়িতার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার নিচ্ছেন মর্জিনা বেগম l ছবি: সংগৃহীত
শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার নিচ্ছেন মর্জিনা বেগম l ছবি: সংগৃহীত

‘নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী’, সেই বিভাগে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার সম্মানে ভূষিত হয়েছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মর্জিনা বেগম। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত ৮ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ অনুষ্ঠানে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে তাঁকে স্বীকৃতি দেওয়া হয়।

মর্জিনা বেগম গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অবস্থিত যৌনকর্মীদের সংগঠন মুক্তি মহিলা সমিতির (এমএমএস) নির্বাহী পরিচালক। শ্রেষ্ঠ জয়িতার স্বীকৃতি হিসেবে তাঁর হাতে সনদপত্র, ক্রেস্ট ও ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

যেভাবে জীবন শুরু

১৩ বছর বয়সে ফরিদপুরের টেকেরহাট এলাকার আসবাবপত্রের ক্ষুদ্র ব্যবসায়ী আবদুর রবের সঙ্গে মর্জিনার বিয়ে হয়। কিন্তু তিনি ছিলেন তিন সন্তানের বাবা। মর্জিনা বেগম ছিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী। স্বামীর বাড়ির নির্যাতন সইতে না পেরে ফিরে আসেন নানাবাড়ি। একদিন স্বামী রব তাঁকে ফেলে চলে যান। কয়েক মাস পর ১৯৮০ সালে নানাও মারা যান। বাধ্য হয়ে তিনি পিঠা বিক্রি করে জীবন শুরু করেন। কিছুদিন পর দালালের খপ্পরে পড়ে বিক্রি হয়ে যান সিরাজগঞ্জ যৌনপল্লিতে। ১৯৮৮ সালে ফিরে আসেন দৌলতদিয়া ঘাটে।

মুক্তি মহিলা সমিতি গঠন

দৌলতদিয়া যৌনপল্লিতে আসার পর দেখেন, স্থানীয় দালালসহ সমাজের নানা স্তরের মানুষের হাতে প্রতিনিয়ত নির্যাতনের মুখোমুখি হতে হয় সাধারণ যৌনকর্মীদের। সমস্যার সমাধানে তিনি যৌনকর্মীদের সঙ্গে নিয়ে মোকাবিলা করতে শুরু করেন নানা সমস্যার।

১৯৯৫ সালে স্থানীয় বেসরকারি সংস্থা কেকেএসে যোগ দেন। ২১ জন যৌনকর্মী নিয়ে সেভ দ্য চিলড্রেন অস্ট্রেলিয়া এবং কেকেএস যৌথভাবে তাদের নিয়ে নেতৃত্ববিষয়ক দল গঠন, অধিকার আদায়সহ বিভিন্ন সচেতনতামূলক বিষয়ে প্রশিক্ষণ দেয়।

কিন্তু অন্যের অধীনে এভাবে কত দিন? ১৯৯৮ সালে পল্লির সমস্যা সমাধানে ১১ জন মিলে একটি সমিতি গঠন করেন। যার নাম দেন মুক্তি মহিলা সমিতি (এমএমএস)। ১৯৯৯ সালে সমাজসেবা অধিদপ্তর থেকে সমিতির নিবন্ধন পান। যৌনকর্মীর সন্তানদের শিক্ষার সুযোগ তৈরি করা, স্বাস্থ্যসেবা, ভোটাধিকার প্রয়োগসহ বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করেন। এ জন্য তাঁকে একাধিকবার জেলহাজতেও যেতে হয়। তাঁকে সইতে হয় নানা নির্যাতন। ২০০২ সালে বাংলাদেশ সেক্স ওয়ার্কার নেটওয়ার্ক অব বাংলাদেশ সদস্যপদ এবং ২০০৯ সালে এনজিও ব্যুরোর নিবন্ধন পায় সংগঠনটি।

মর্জিনা বেগম বলেন, ‘শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পাওয়ায় দায়িত্ব আরও বেড়ে গেছে। নারীরা যদি সচেতন হয়, তাহলে সোনার বাংলা গড়া সম্ভব। ২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত পল্লির ৪৯৬ জন শিশুকে শিক্ষামুখী করতে পেরেছি। ভবিষ্যতে অবহেলিত এসব শিশুকে নিয়ে আরও কাজ করতে চাই। তাদের মধ্যে আলো ছড়িয়ে দিতে চাই। মানুষ, রাষ্ট্র, বিশ্ববাসী যেন জানতে পারে, এ রকম শিশুরা এখানে বসবাস করে।’

সংগঠনের কর্মকাণ্ড

সচেতনতামূলক নাটক, যৌনকর্মীদের অধিকার আদায়, ব্যক্তিগত সঞ্চয়, এইডসের ভয়াবহতা তুলে ধরা, মাদকের বিরুদ্ধে সেমিনার, শিশু শিক্ষায় সবাইকে জাগিয়ে তোলা এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন করে থাকে মুক্তি মহিলা সমিতি। ২০১১ সালে দৌলতদিয়া শিশু সুরক্ষা প্রকল্প (ডিসিপিপি) নামে পাইলট প্রকল্পসহ ২০১২ সালে সক্ষমতার উন্নয়ন, সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে নেটওয়ার্কিং সভা, শিশু সুরক্ষা কমিটিকে সহায়তা প্রদান, চাইল্ড ক্লাব প্রতিষ্ঠা, উদ্ধার, অ্যাডভোকেসি, নিউট্রিশন সাপোর্টসহ অপরাজিত নামের আরেকটি প্রকল্প চালু করে এই সমিতি। ২০১০ সালে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের সহযোগিতায় ৩৫০ জন শিশুকে নিয়ে শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ২০১৫ সাল থেকে সরকারের বিভিন্ন কর্মসূচিতে যুক্ত থাকে সংগঠনটি।