বারো বছর তিন মাস বয়সে ঢাকায় চলে আসা। বাবা-মাকে ছাড়া থাকতে হয়েছে তখন থেকেই। আর তাই নিজের পছন্দ-অপছন্দ গড়ে উঠেছে অনেকটা নিজের মতো করেই। তবে ঘড়িটা সেই ছোট্ট বেলায় বাবা পরিয়ে দিয়েছিলেন ডান হাতে। তখন থেকে ঘড়ি ডান হাতেই পরি।’ নিজের স্টাইল নিয়ে এভাবেই বলছিলেন সৈয়দ শামসুল হক। অনেকে মনে করেন, লেখক মানেই পাঞ্জাবি-পায়জামা পরে আলাদা একটা চেহারায় থাকতে হবে। এমনটি পছন্দ নয় সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের। শহুরে জীবনযাপনে ঢাকার গুলশানে নিজের বাড়িটাকেও সাজিয়েছেন নিজেদের মতো করেই। লেখালেখির জন্যও ধরাবাঁধা কোনো ক্ষণ নেই। মন চাইলেই লিখতে বসেন। তবে নিজের বাড়িতে বসে লিখলেও একটা বিষয় মাথায় রাখেন শুরু থেকেই। গোসল করে পরিপাটি হয়ে লিখতে বসেন তিনি। সৈয়দ শামসুল হক বলেন, ‘লেখার কাগজ ও কলমটা অবশ্যই দামি হওয়া চাই। না হলে নিজের সৃষ্টিকে অবহেলা করা হয়। সেই সঙ্গে লেখাটাকে কাজ মনে করেই লিখতে বসি। তাই সম্পূর্ণ পরিপাটি হয়ে সুন্দর জামাকাপড় পরে তবেই লেখা শুরু করি।’ জিনসের প্যান্ট খুব পছন্দ সৈয়দ শামসুল হকের। আর এই ভালো লাগার শুরুটা ১৯৬০ সালের দিকে। পাকিস্তানের করাচিতে গিয়ে জিনসের সঙ্গে প্রথম পরিচয় ঘটে। স্টাইল এবং আরাম—এই দুই কারণে গাঁটছড়া বাঁধেন জিনস প্যান্টের সঙ্গে। মোটা কাপড়ের শার্ট তাঁর পছন্দ। তবে শার্টের দুই দিকে দুটি পকেট থাকতে হবে। কারণ, হাতের কাছের প্রয়োজনীয় সবকিছু এই পকেটেই রাখেন তিনি। ফুলহাতা শার্টই বেশি পরেন। খাটো হাতার শার্ট পরলেও সেটা খুব কম। রঙের ক্ষেত্রে গাঢ় রং ভালো লাগে। নীল, ধূসর, কালো এসব রঙের পোশাক বেশি পরেন। স্যান্ডেল পরাতেও স্টাইল মেনে চলেন। কিশোর বয়স থেকেই পেছনের দিকে স্ট্র্যাপ বাঁধা স্যান্ডেল পরেন। চশমাটা পরতেন নিজের প্রয়োজনে। তবে সেখানেও আছে স্টাইল। চশমার কাচে এক্সিকিউটিভ লেন্স ব্যবহার করেন। যেখানে আলোর উজ্জ্বলতায় চশমার কাচ কালো হয়ে যায়। ফ্রেমটা গাঢ় রঙের। ঘড়ির ডায়ালটা কালোই পছন্দ। পছন্দের ঘড়ি সংগ্রহে আছে সাত থেকে আটটা। একেক সময় একেকটা পরেন। নির্ধারিত কোনো ব্র্যান্ড নয়, পছন্দ হলেই পোশাকটা কিনে নেন। তবে সোনার জিনিস টুকটাক পরেন। ডান হাতে একটা হীরার আংটি, সঙ্গে ঘড়ি এবং একটা তামার বালা পরেন। বাঁহাতে আছে বিয়ের সময়ে শাশুড়ির দেওয়া সোনার আংটি। যার ভেতরে কালো পাথরে বসানো আছে নিজের ও স্ত্রীর নামের প্রথম অক্ষর। পাশের বাঁ তর্জনীতে একটা নবরত্নের আংটি পরেন। আর হাতে একটি সোনার ব্রেসলেট। গলায় একটি সোনার চেন। ‘সব মিলিয়ে একটা রাফ লুক আমার বেশি পছন্দের। স্যুট পরে চলা আমার ভালো লাগে না। তবে বিশেষ কোনো অনুষ্ঠানে গেলে মুজিব কোট পরে যাই। খুব বেশি শীত পড়লে বেছে নেই ক্যাপ। মানুষ দেখা বা চেনা আমার একটা অন্যতম শখ। এর বাইরে আমার আলাদা শখ নেই, যা রেখে গেলে আমার কষ্ট হবে। জীবনের মতো সংসারজীবনেও হালকা চলন আমার পছন্দ।’ বলেন সৈয়দ হক। অবসর খুব বেশি না মিললেও যেটুকু মেলে তখন ছবি আঁকতে বসেন। ছবিগুলো আছে অনেকটা অন্তরালেই। নিজের ৮০তম জন্মদিনে তা অন্যদের দেখানোর ইচ্ছে আছে তাঁর। ভালোবাসেন খোলামেলা আর পরিচ্ছন্ন একটা পরিবেশই। আর তাই ভ্রমণ অনেক পছন্দের। ‘ভালোবাসি জীবনকে’ একথা বলার পরই যেন একটা সতেজ হাসি তাঁর মুখে ছড়িয়ে পড়ল।