একজন বধির লোকের গল্প
একজন বধির লোককে একবার তার এক বন্ধু বলল, ‘তোমার প্রতিবেশী অমুক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে শয্যাগত ও মরণাপন্ন। আজই তোমার তাঁকে দেখতে যাওয়া উচিত।’বধির লোকটি তখন মনে মনে ভাবতে শুরু করে দিল, যাব তো বটেই। কিন্তু আমি কানে খুবই কম শুনি। কী শুনতে কী শুনি আর কী বলে ফেলি, সেটার কি কোনো ঠিক-ঠিকানা আছে? শুনেছিলাম, দুজন বধির লোকের রাস্তায় সাক্ষাৎ ঘটলে পর একজন অপরজনকে জিজ্ঞেস করেছিল, ‘কী ভাই, বাজারে যাচ্ছ?’ প্রত্যুত্তরে অপরজন বলেছিল, ‘না ভাই, একটু বাজারে যাচ্ছি।’ আর প্রথমজন তখন একগাল হেসে বলে উঠেছিল, ‘ও তাই বলো; আমি ভাবলাম তুমি বুঝি বাজারে যাচ্ছ।’ তা আমার বেলায় এ রকম ঘটার আশঙ্কা কম, যেহেতু আমি কানে কম শুনলেও অসুস্থ প্রতিবেশী ঠিকই শুনতে পারেন। তবে সমস্যা হচ্ছে, অসুস্থতা হেতু তাঁর কণ্ঠস্বরটি নিশ্চয়ই খুব ক্ষীণ হয়ে গিয়ে থাকবে। যা হোক, তাঁর ঠোঁটের নড়াচড়া থেকেই আমি বুঝে নেব তিনি কী বলছেন। আমি গিয়েই সালামান্তে জিজ্ঞেস করব, ‘আপনি কেমন আছেন, হে প্রিয় প্রতিবেশী?’ তিনি খুব সম্ভব উত্তর দেবেন, ‘আছি ভালো’ অথবা ‘আছি একরকম’। তখন আমি বলব, ‘মহান আল্লাহকে অসংখ্য ধন্যবাদ। তা, খাদ্যদ্রব্য হিসেবে কী খাচ্ছেন?’ সম্ভবত তিনি খিচুড়ি কিংবা কোনো তরল খাদ্যের নাম বলবেন। আমি তখন বলব, ‘আশা করি ওটা আপনার জন্য মঙ্গলজনক হবে।’ অতঃপর যে চিকিৎসকের অধীনে চিকিৎসা চলছে তাঁর নাম জিজ্ঞেস করব। রোগী চিকিৎসকের নাম বাতলালে আমি তৎক্ষণাৎ তাঁকে ভরসা দেওয়ার জন্য বলে উঠব, ‘ইনি একজন উত্তম চিকিৎসক। তাঁর সম্পর্কে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। তিনি যে রোগীরই চিকিৎসা করেন, রোগী খুব তাড়াতাড়ি সেরে ওঠে। কাজেই তিনি যখন আপনাকে দেখছেন, আপনার আর চিন্তার কোনো কারণ নেই। ইনশাল্লাহ খুব শিগগিরই আপনি সেরে উঠবেন।’এভাবে চিন্তাভাবনা করে বধির লোকটি রোগী দেখতে গেল। কিন্তু যথাসময়ে কী বলতে কী বলে বিপত্তি বাধাল, সেটাই এখন শোনা যাক— বধির লোকটি রোগীর শয্যার পাশে এসে বসে হাসিমুখে সালাম করে প্রথমেই জিজ্ঞেস করল, ‘কেমন আছেন?’ ‘আমি মরতে বসেছি’, রোগী জবাব দিলেন। বধির লোকটি সেটা শুনতে না পেয়ে মনে মনে যেটা মহড়া দিয়ে এসেছিল, সেই অনুসারে বলে উঠল, ‘মহান আল্লাহকে অসংখ্য ধন্যবাদ।’ কিন্তু রোগী তাতে খুবই দুঃখিত ও অসন্তুষ্ট হয়ে মনে মনে ভাবতে লাগলেন—এতে আল্লাহকে ধন্যবাদ দেওয়ার কী হলো? প্রতিবেশী লোকটি বোধকরি আমার প্রতি শত্রুভাবাপন্ন। এটার কারণ যে লোকটির বধিরতা, রোগী সেটা বুঝতেই পারেননি। যা হোক, পরবর্তী প্রশ্ন ছিল, ‘আপনি কী খেয়েছেন?’ এটার উত্তরে তাই রোগী রেগেমেগে একটি মাত্র শব্দ উচ্চারণ করলেন, ‘বিষ।’ সঙ্গে সঙ্গে আগন্তুক সহাস্য বদনে বলে উঠল, ‘আশা করি, ওটা আপনার জন্য মঙ্গলজনক হবে।’ এটাতে রোগীর রাগ আরও বেড়ে গেল। ‘আচ্ছা এবার বলুন,’ রোগীকে দর্শনার্থী পুনরায় জিজ্ঞেস করল, ‘কোন চিকিৎসক দ্বারা আপনার চিকিৎসা করাচ্ছেন?’‘তিনি হচ্ছেন স্বয়ং আজরাইল। এখন আপনি আসুন।’ অসুস্থ মানুষটি ক্ষীণকণ্ঠে চিৎকার করে উঠলেন।‘ওহ্ তাই!’ বধির ব্যক্তিটি এবার বলল, ‘তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই। কিছুক্ষণ আগেই আমার সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘটেছে এবং আমি তাঁকে অনুরোধ করেছি, আপনার প্রতি সর্বাত্মক মনোযোগ প্রদানের জন্য।’এতটুকু বলেই দর্শনার্থী বধির ব্যক্তিটি বিদায় নিল এবং হূষ্টচিত্তে ভাবতে লাগল যে একজন প্রতিবেশীর প্রতি দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করেছে। অপরদিকে মরণাপন্ন রোগী ভাবতে লাগলেন, এই লোকটি আমার জাতশত্রু। সে আমার আরোগ্য লাভ নাকি আমার মরা মুখ দেখতে এসেছিল? আমি জানি না লোকটি কেন আমার প্রতি এতটা বৈরী মনোভাবাপন্ন!