একজন বাবুল আক্তার ও পুলিশের পিক-আপ
উত্তর চট্টগ্রামের ফটিকছড়ির প্রত্যন্ত এলাকা থেকে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলা। জেলার সব উপজেলায় সরকারি পিক-আপ ভ্যান নিয়ে চষে বেড়িয়েছেন একজন সহকারী পুলিশ সুপার (এএসপি)। তাঁর নাম বাবুল আক্তার। তদারকির দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নির্বাচনের এক-দুইদিন আগে নিজের পিক-আপে থাকা মাইকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ব্যাপক প্রচারণা চালান। হাটবাজারসহ জনসমাগমের জায়গাগুলোতে লোকজনকে জড়ো করে বাবুল আক্তার স্পষ্ট ভাষায় বলেছেন, যেকোনো সন্ত্রাসী তৎপরতা চালানোর চেষ্টা করা হলে তা পুলিশ কঠোর হস্তে দমন করবে। ব্যালট বাক্সে হাত দিলে সেই হাত আর অক্ষত অবস্থায় ফেরত নেওয়া যাবে না। প্রয়োজনে পুলিশের বন্দুকে যতক্ষণ গুলি থাকবে ততক্ষণ তার সদ্ব্যবহার করা হবে। তাঁকে আরও বলতে শোনা গেছে, ‘এখানে যারা নির্বাচনী দায়িত্ব পালন করছেন তাঁদের সবাই বাইরের এলাকা থেকে আসা পুলিশ। ফলে নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব হবে না। ভোটার ছাড়া বহিরাগত কোনো লোকজনকে কেন্দ্র ঘোরাফেরা করতে দেওয়া হবে না। কেউ করলে তাঁকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে।’জানা গেছে, পুলিশের এ ধরনের প্রকাশ্য ঘোষণায় সন্ত্রাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে অপরাধ শনাক্ত করা এবং অপরাধী গ্রেপ্তারে পারদর্শী বাবুল আক্তারের মুখ থেকে এই ধরনের প্রকাশ্য ঘোষণা শুনে যেসব প্রার্থী নির্বাচনে কারচুপি করার চেষ্টা করেছিলেন তাঁরা পিছু হটেন। রাউজান, রাঙ্গুনিয়া এবং ফটিকছড়ির ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণে এই ঘোষণা ভোটার, প্রার্থী এবং সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলে। ফলে নির্বাচনের পরিস্থিতি হয়ে ওঠে শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ।এ প্রসঙ্গে বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনের আগে আমরা মাইকে যা ঘোষণা করেছি তা সত্যি সত্যি করেছি। এ কারণে পুলিশের প্রতি মানুষের এক ধরনের আস্থা সৃষ্টি হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসীরা এগুনোর সাহস পায়নি। এই আস্থার কারণেই শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্ভব হয়েছে।’