
ছিরু মোল্লা কিছু করেটরে না। করার মতো বোধ-আক্কেলও তার নাই। এর কাছ থেকে চেয়ে চা খায়, ওর কাছ থেকে বিড়ি চেয়ে খায়। কেউ এক বেলা দিলে খায়, না দিলে না খেয়ে বটতলায় বসে থাকে। ঘুমায় ইশকুল ঘরের বারান্দায়। বাথরুম সারে ইশকুলের টয়লেটে। দশ দিন পরে গোসল করে খালে। তার তিন কুলে কেউ নেই।
কোনো বাড়ির ছেলে বখাটে ভাদাইম্যা হয়ে গেলে বাপ-মা তাকে ‘ছিরু মোল্লা’ বলে ডাকে। মানে, বাপে খেদানো মায়ে তাড়ানো উঠতি পোলাপানের ভাবগুরু এই ছিরু মোল্লা।
ওপরওয়ালার কুদরত বোঝা বড় দায়। আচমকা ছিরু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে গেল। কেমন করে? বলছি...।
এলাকায় প্রভাবশালী দুই পক্ষের দুই নেতা ইলেকশনে ‘খাড়াবেন’। নমিনেশন পেপার জমা দেওয়ার কয়েক দিন আগে এক নেতা আরেক নেতাকে খুনের মামলায় জড়িয়ে অ্যারেস্ট করিয়ে দিলেন। হাজতের বাইরে থাকা নেতা ভাবলেন, মাঠ ফাঁকা হয়ে গেছে। আদতে তা হলো না। হাজতের ভেতর থেকে অন্য নেতা তাঁর লোকজনকে বললেন, ‘পারলে অর বিরুদ্ধে শিয়াল-কুত্তা দাঁড় করাতাম। সেইটা যহন সম্ভব না, তহন ছিরু মোল্লারে দাঁড় করায়ে দে! এইটাই হবে আসল অপমান!’
ছিরু মোল্লাকে দাঁড় করানো হলো। তাকে নিয়ে সবাই হাসিঠাট্টা করল। হাসিঠাট্টার ভোট হলো। সবাই ঠাট্টা করে ভোটও দিল। সন্ধ্যায় জানা গেল, ঠাট্টা করে দেওয়া ভোটে ছিরু বিপুল ভোটে জিতে গেছে।
উৎসাহী জনতা ছিরুকে কাঁধে তুলে বাজারের দিকে রওনা হলো। সঙ্গে চলছে বিজয় মিছিল। ছিরু এখনো বুঝে উঠতে পারছে না, সে আসলে কী হয়েছে। ‘চেয়ারম্যান’ জিনিসটা কী, এটা খায় নাকি মাথায় নেয়, তা সে বুঝতে পারছে না। তবে এটুকু বুঝতে পারছে, সে মারাত্মক কিছু একটা হয়ে গেছে। বিশেষ সম্মানের কিছু একটা। এখন তার কী করা উচিত, তা-ও সে বুঝে উঠতে পারছে না। বাজারে যাওয়ার পথের পাশেই বাপের কবর। জনতার কাঁধে চেপে যাওয়ার সময় ছিরু বলে ওঠে, ‘এট্টু নামাও! এট্টু নামাও! বাপজানের কবরের কাছে মোরে এট্টু নামাও!’
নামানো হলো। ছিরু যাতে একান্তে বাবার বিদেহী আত্মার দোয়া নিতে পারে, সে জন্য সবাই দূরে সরে গেল।
ছিরু কবরের ওপর শুয়ে বিকট চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগল, ‘ওরে! মরবার আগে বাজান দেইক্ক্যা গ্যালা না মুই অইলামডা কী?’ আহাজারির একপর্যায়ে ছিরুর মনে হলো, কবর থেকে তার বাবা কথা বলছে। মনে হলো, সে স্পষ্ট শুনতে পাচ্ছে বাবার গলা।
: হারামজাদা, তুই সারাডা জীবনই আবাল থাইক্ক্যা গ্যালা! তুই বোঝো না কী অইছো? তুই ভিআইপি অইছো!
ছিরু প্রথমে ভয় পেল। পরে সামলে উঠে বাবার সঙ্গে কথা বলা শুরু করল।
: বাজান ভিআইপি কী?
: ইংরেজিতে কী কয় হেইয়্যা তো কবার পারতেছি না, তয় বাংলা করলে ভিআইপির মানে দাঁড়ায়—ভারি ইজ্জতদার পাবলিক।
: মানে বিরাট ইজ্জতদার লোক?
: হয়, তুমারে লইয়া লোকজন যে মিছিল করল, অ্যার পরও বোঝো না!
: বাজান, ভিআইপি যহন মুই অইয়াই পড়ছি, অ্যালে মোর কী করতে অইবে?
: তর আর কিচ্চু করা লাগব না। যা করার গরমেন্ট করব। আইজকার থেইক্যা তুই আলাদা জাতের। তর থাকার জায়গা আলাদা। খাওয়ার জায়গা আলাদা। হাগামুতার জায়গা আলাদা। এমনকি হাঁটা–চলার জায়গাও আলাদা।
: বাজান, তাইলে তো আমি একলা অইয়া যামু!
: উহু, একলা অবি না। তর জাতের আরও লোক আছে না! তাগো লগে মিশবি। তারা অবশ্য তর লগে মন থিকা মিশব না, কিন্তু মিশার ভান করব। তুইও মিশার ভান করবি। এই জগৎটা অইলো ভানের জগৎ।
: বাজান, তাইলে তো এই জগৎ বালা না!
: খারাপও না। প্রথম প্রথম খারাপ মনে অইবে, পরে দেখবি এই জগৎই আসল জগৎ।
: বাজান, ভিআইপি অইলে যদি থাকা-খাওয়া-চলা-ফিরা সব আলাদা অয়, তাইলে তো আমপাবলিক আমার কাছে আসব না!
: এইডাই তো মারফতি! এই আমপাবলিক তরে এহন কান্ধে উঠায়া আনন্দ করতাছে ঠিকই, দুইদিন পর অ্যারা আর তর কাছে যাইতে পারব না।
: কিন্তু আমি তো অগো থিকা আলাদা অইতে পারুম না।
: পারবি, যক্ষনই তরে চেয়ারে বসায় দিবো, তক্ষনই তুই অইন্য মানুষ অয়া যাবি।
: ক্যান, আমি বদলায়া যামু?
: হ। চেয়ার তো সাহেবি জিনিস, আর সাহেবরা এই দ্যাশ শাসন করছে কতকাল মনে নাই? চেয়ারে বসলেই তুই ভিআইপি অয়া যাবি। এইবার ক, আমার নাম কী? মানে তর বাপের নাম কী?
: তুমার নাম ইদরিশ আলী মোল্লা।
: এইবার যা, ভিআইপি চেয়ারে যায়া বস গা!
ছিরু মোল্লা ধীরে ধীরে উঠে আসে। পাবলিক আবার হইহই করে ছিরুকে কাঁধে তুলে নিয়ে ছোটে। মিছিল চলতে থাকে। বিজয় মিছিলের মধ্যে ছিরুর কানে মরা বাপের কথাগুলো বাড়ি খেতে থাকে।
ছয় মাস পর।
ছিরু মোল্লা ইউপি কার্যালয়ে চেয়ারে বসে আছে। সামনে দাঁড়ানো কফিল মিয়া। এই কফিলের কাছ থেকে সে বহুবার চা-বিড়ি চেয়ে খেয়েছে। কফিল চারিত্রিক সনদ নেওয়ার জন্য এসেছে। কয়েক দিন ঘুরেও পাচ্ছে না। ছিরু গাঁইগুঁই করছে।
: তুমরা তো মিয়া উপকার মনে রাখো না। চোখ পাল্টি দেও। এখন যে তুমারে কাগজখান দিমু। এট্টু পরেই তো বাজারে গিয়া গালি দিয়া কইবা, ‘ছিরু চেয়ারম্যান লোক সুবিধার না।’
: না, তা কমু ক্যান, ছিরু ভাই!
‘অ্যাই ব্যাদ্দপ!’ ছিরু ধমকে ওঠে। ‘“ছিরু ভাই” আবার কী? “চেয়ারম্যান সাব” কও! একজন ভিআইপির লগে কেমনে কথা কওয়া লাগে বোঝো না!’
কফিল প্রথমে হতভম্বের মতো হলেও পরে বুঝতে পারে দোষটা তারই। তবু রাগ করে বলে, ‘চেয়ারম্যান সাব, চেয়ারে বইসা সব ভুললেন! দেইখেন, বাপের নামটা য্যান না ভোলেন।’
কফিল চলে যায়। ছিরুর হঠাৎ খেয়াল হয়, তাই তো! সে তার বাবার নাম মনে করতে পারছে না। বারবার চেষ্টা করছে। কিন্তু মনে পড়ছে না। কী অস্বস্তিকর বিষয়! সে পায়চারি করে। অস্বস্তি যায় না। ছিরু আবার চেয়ারে বসে। চেয়ারে বসতেই দেখে, অস্বস্তি কেটে গেছে।