একজন মকবুল স্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে বসন্তের ছোঁয়া। অনেক দূর থেকেও রাস্তার ধারের পলাশ ও শিমুলের গাছগুলো নজর কাড়ে। এ সময় ফুলের মধুতে ঠোঁট ভেজাতে ব্যস্ত শালিক, বসন্তবৌরীসহ আরও নাম না জানা অনেক পাখি। তবে প্রকৃতি নয়। আমাদের গন্তব্য একটু অন্যদিকে। যে পথ ধরে হাঁটছি তা পুরু বালির স্তরে ঢাকা। পায়ে হাঁটা ছাড়া কোনো গতি নেই! যেতে যেতে লোকজনের কাছে জানতে চাই, মকবুল হোসেন স্যারের বাড়ি কোনটা? একজন আঙুল দিয়ে নির্দেশ করে—সামনের বাজার পার হলেই।সেই বাজার যে এত দূরে, তা কে জানত! হাঁটতে হাঁটতে ১০টি বাজার পেরিয়ে যাই আমরা। অবশেষে খোঁজ মেলে কাঙ্ক্ষিত বাজারের। ততক্ষণে একরকম ধূলিস্নান হয়ে গেছি। স্থানটা লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম। সেখানকারই একটি প্রাথমিক বিদ্যালয়, নাম পূর্ব ঠ্যাংঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বেশ পুরোনো প্রাথমিক বিদ্যালয় এটি। প্রতিটি শ্রেণীর জন্য আলাদা শ্রেণীকক্ষ। ক্লাস হয় দুটি পর্বে। দিনের প্রথম পর্বের ক্লাস শেষ হয়েছে। তারপর সবাই ছুটে যাচ্ছে স্কুলের আমগাছের তলায়। সেখানে আবার কী? সেটা দেখতেই এগিয়ে যাই। অল্প সময়ের মধ্যে সব শ্রেণীর শিক্ষার্থীর উপস্থিতিতে সরগরম হয়ে যায় গাছতলাটি। আর তাদের মধ্যমণি হয়ে সবাইকে গল্পে গল্পে নানা শিক্ষা দিচ্ছিলেন একজন শিক্ষক। এখানকার সবার প্রিয় মকবুল হোসেন স্যার। তাঁর কাছেই এসেছি আমরা। দুই বছর আগে চাকরি থেকে অবসর নিয়েছেন তিনি। এর পরও ছেড়ে যেতে পারেননি তাঁর প্রিয় স্কুল ও শিক্ষার্থীদের। ৩৭ বছর ধরে তিনি শিক্ষকতা করেছেন এই স্কুলে। মনের টানে প্রতিদিনই নিয়ম করে ছুটে আসেন এখনো। আমগাছতলা থেকে অফিস কক্ষে চলে আসেন মকবুল হোসেন। চোখের চশমাটা খুলে রেখে ঘাম মোছেন। জানতে চাই, অবসরে যাওয়ার পরও এই বয়সে বিশ্রাম না নিয়ে কেন স্কুলে আসেন? খানিক সময় নিয়ে স্মৃতির পৃষ্ঠা হাতড়ে চলে যান অতীতে। ‘স্বাধীনতাযুদ্ধের পর এই স্কুলে যোগদান করেছিলাম। স্কুলের পাশেই বাড়ি বানিয়েছি। প্রত্যন্ত অঞ্চল হওয়ায় সহজে কেউ এ স্কুলে যোগদান করতে চাইত না। আবার যোগদান করলেও অল্প সময়ে অন্য কোথাও বদলি নিয়ে চলে যেত সবাই।’ এমন সমস্যায় হরদমই পড়তে হয়েছিল মকবুল হোসেনকে। ‘অনেক সময় একজন শিক্ষক নিয়েই স্কুল চালাতে হয়েছিল। একসময় আমার স্ত্রী মরিয়ম খাতুন এ স্কুলে যোগদান করেন। দুজন মিলেই লেগে পড়ি এই প্রত্যন্ত এলাকার গরিব শিশুদের পড়াশোনা শেখানোর কাজে।’ শুধু পড়ানোই নয়, মানুষের কাছে ছুটে যান তাঁরা ছোট্ট শিশুদের স্কুলমুখী করাতে। এভাবেই আস্তে আস্তে এই স্কুলটিকে দাঁড় করানোর চেষ্টা করেছেন তিনি। ‘স্কুলটা আমার পরিবারের মতো। স্কুলের ভালো ফল করার ব্যাপারে আমার চেষ্টা ছিল সব সময়। শিক্ষকের অভাবে সেই কাজ বেশ কঠিন ছিল।’ তবে গেল প্রাথমিক সমাপনী পরীক্ষার আগে তিনি এক শিক্ষককে অনেক অনুরোধ করে তাঁর নিজের বাড়িতে রাখেন। কারণ একটাই, ভালো ফল করাতেই হবে। শেষমেশ মুখে হাসি ফুটেছিল সবার। ছাত্র-শিক্ষক সবার অক্লান্ত পরিশ্রমে ভালো ফল আসে। স্কুলের শতভাগ শিক্ষার্থী পাস করে সেই পরীক্ষায়। আনন্দে সেদিন কেঁদে ফেলেছিলেন মকবুল হোসেন। তাঁর কথা, ‘চাকরি থেকে অবসরে গেলেও নিজের দায়িত্ব আর সামাজিক দায়বদ্ধতা থেকে অবসর নিইনি আমি।’ কোনো রকম বেতন-ভাতা ছাড়াই প্রতিদিনই শিক্ষার্থীদের পাঠদান করান ষাটোর্ধ্ব এ মানুষটি। আর আনন্দ দিয়েই পড়াতে ভালোবাসেন তিনি। ক্লাসের পড়া ক্লাসেই শেষ করান তিনি। কারণ, এ অঞ্চলের বেশির ভাগ শিশুই মা-বাবার সঙ্গে মাঠে কাজ করে। পড়াশোনার সময় কই! অবসরে বাসায় থাকলে অনেক শিক্ষার্থীই পড়া বুঝে নিতে আসে, নিরাশ করেন না কাউকেই। এ নিয়ে বেশ ভালোই আছেন মকবুল হোসেন। যত দিন সামর্থ্য আছে, তত দিন এভাবেই প্রতিদিন স্কুলে আসতে চান তিনি। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ জয়নাল আবেদীন বলেন, ‘মকবুল স্যার অবসরে যাওয়ার পরও যেভাবে হাসি মন নিয়ে প্রতিদিন স্কুলে এসে শিক্ষার্থীদের পড়ান, তাতে অনেক গরিব শিক্ষার্থী উপকৃত হয় আর আমাদের মতো শিক্ষকেরা ভবিষ্যতে এমন মহত্ কাজ করার উত্সাহ পাই।’ঘণ্টা বাজছিল বাইরে। আমাদের বিদায় জানান মকবুল হোসেন। খাতা হাতে নিয়ে ঢুকে যান একটি ক্লাসে। ক্লাস শুরু হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। বাইরে থেকে কেবল শোনা যায় শিক্ষার্থীদের সমবেত কণ্ঠস্বর: ‘সদা সত্য কথা বলব, মিথ্যা বলব না’, ‘বাবা-মাকে সম্মান করব’, ‘বড়দের শ্রদ্ধা করব...’একসময় ফিরতে হয় আমাদের। ধীরে ধীরে স্কুল-সীমানার বাইরে পা বাড়াই। শিক্ষার্থীদের কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসতে থাকে। তবে মনে গেঁথে থাকে সেই নীতিবাক্যগুলো ও একজন মহত্ শিক্ষকের কথা।