একজন মানুষও যেন চিকিত্সার অভাবে মারা না যায়
গত দুই যুগ ধরে আলোকের অন্যতম কর্ণধার ও চেয়ারম্যান হিসেবে আমার উপলব্ধি হলো দেশের সাধারণ ও নিম্নবিত্ত মানুষের চিকিত্সাসেবা সুলভমূল্যে দেওয়ার জন্য একটি সহানুভূতিশীল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠার, যেখানে কম খরচে বিভিন্ন ধরনের চিকিত্সা পাওয়া যাবে। সেই লক্ষ্যে আজ আলোকের এই ১০০ শয্যার হাসপাতালের প্রতিষ্ঠা এবং শুভযাত্রা।
আমাদের লক্ষ্য হচ্ছে একজন মানুষও যেন চিকিত্সার অভাবে মারা না যায়। তারা যেন মনে না করেন বেসরকারি হাসপাতাল মানেই হচ্ছে ব্যয়বহুল একটা কিছু। এই লক্ষ্যেই আমরা আজ এই ১০০ বেডের হাসপাতালটি প্রতিষ্ঠা করেছি। এ ছাড়া শিগগিরই ৮০ বেডের আরেকটি হাসপাতাল আমরা উদ্বোধন করতে যাচ্ছি, যা মা ও শিশুস্বাস্থ্যের সব ধরনের সুযোগ–সুবিধার কথা চিন্তা করে করা হচ্ছে। ইতিমধ্যে আলোক হেল্থকেয়ার লিমিটেড ঢাকা ছাড়াও টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় একটি ডায়াগনস্টিক ও ফাউন্ডেশন হাসপাতাল প্রতিষ্ঠা করেছে, যা দুস্থ মানুষের স্বাস্থ্যসেবা ছাড়াও বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ডও চালিয়ে যাচ্ছে।
স্বাধীনতা–উত্তর বাংলাদেশের স্বাস্থ্যসেবা ছিল খুবই ভঙ্গুর। দেশের স্বাস্থ্যসেবার মান খুবই খারাপ অবস্থায় ছিল। কিন্তু কিছু সাহসী, উদ্যোগী মানুষের চেষ্টায় ও সর্বোপরি সরকারের সহযোগিতায় বেশ কিছু বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়, যার ফলে আমাদের বেসরকারি স্বাস্থ্য খাতের আজ ব্যাপক উন্নতি আমরা দেখতে পাচ্ছি। এখন অনেক মারাত্মক রোগব্যাধির চিকিত্সা সাধারণ মানুষের কাছে সহজলভ্য। এ ধরনের উদ্যোগ গৃহীত না হলে আজ অনেক মানুষই সুচিকিত্সার অভাবে মারা যেত।
আমি আশা করি অদূর ভবিষ্যতে দেশের সব মানুষ আমাদের এই হাসপাতালের কল্যাণে নিজেদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবে এবং এর সুফলও পাবে।
এম এ মজিদ মিয়া, চেয়ারম্যান, আলোক হেল্থকেয়ার ও হাসপাতাল