একজন শঙ্খবণিকের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শঙ্খ কেটে শাঁখা বানানো হয়েছে, সেই শাঁখায় নকশা করছেন কালাচাঁন নন্দী। ছবি: প্রথম আলো
শঙ্খ কেটে শাঁখা বানানো হয়েছে, সেই শাঁখায় নকশা করছেন কালাচাঁন নন্দী। ছবি: প্রথম আলো

বাংলা একাডেমি বাংলাদেশের শঙ্খশিল্প নিয়ে একটি বই প্রকাশ করেছিল। শিপ্রা সরকারের লেখা বইটির নাম ‘শঙ্খশিল্প’। বইয়ে লেখা হয়েছে, বাংলাদেশের কয়েকটি স্থান শঙ্খশিল্পের জন্য বিখ্যাত ছিল, যা আজ বিলুপ্তপ্রায়। এর মধ্যে উল্লেখযোগ্য একটি স্থান হলো বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাটাজোর গ্রাম। বইটি পড়ার পর সিদ্ধান্ত নেওয়া হলো, বাটাজোর গ্রামের শাঁখারিপাড়া ঘুরে আসব আমরা।
গেল ঈদের ছুটিতে গৌড় নদীতে হাজির আমরা। শাঁখারিপাড়াটা সম্পর্কে কেউ তেমন কিছু বলতে পারল না। শেষমেশ একজন বলেন, বাটাজোর বাসস্ট্যান্ডে গিয়ে খোঁজ নিলে শাঁখারিপাড়াটা কোথায়, তা জানা যাবে। সেটাই করলাম আমরা। বাটাজোর বাসস্ট্যান্ডের একজন দোকানি পথ বাতলে দিলেন।
আষাঢ় মাসের বৃষ্টিতে রাস্তার অবস্থা ভালো নয়। পুকুরের পাড় দিয়ে, জঙ্গল মাড়িয়ে, কাদায় মাখামাখি হয়ে আমরা পা রাখলাম শাঁখারিপাড়ায়। সেখানে দেখা হলো কালাচান নন্দীর সঙ্গে। কালাচান একজন শঙ্খবণিক। টিনের ঘরে বসে ৪৫ বছরের এই মানুষটি তখন শাঁখায় নকশা করায় ব্যস্ত। পরিচয় দিতেই বসতে বলে ভেতরের ঘরে চলে গেলেন। গায়ে একটা হলদে রঙা শার্ট চাপিয়ে আবার নিজের আসনে এসে বসলেন। আসনে পাটের বস্তা বিছানো। কথা বলতে বলতেই চলতে লাগল তাঁর কাজ।

কালাচান নন্দী ১৯৮৮ সাল থেকে শাঁখায় নকশা করার কাজ করছেন। পুরোনো দিনের কথা জানতে চাইলে কিছুক্ষণ চুপ করে থাকলেন। কিছুক্ষণের জন্য কাজ থামিয়ে বললেন, ‘১৯৮৭ সালে এসএসসি পরীক্ষায় ফেল করার পর হইতেই এই কাজ করতেছি। তবে এর আগেও বাবার লগে মাঝেমদ্যে বইতাম।’
কবে থেকে আপনার পরিবার শঙ্খশিল্পের সঙ্গে যুক্ত হলো? কালাচান বললেন, ‘জানামতে আমার পূর্বপুরুষের হগলে শাঁখাবণিক। কেউ কহনো অন্য পেশায় আছিল না। শঙ্খ থেকে শাঁখা (হাতে পরিধানযোগ্য) বানাইতে ম্যালাগুলা ধাপ পার হইতে হয়। কেউ শাঁখা কাটে, কেউ চুড়ির (শাঁখার) আকার দেয়, কেউবা বাইরের নকশা করে। নকশা আবার অনেক রহম হয়।’
এটুকু বলে থামেন তিনি। হাতের আঙুলে জড়ানো রাবারের প্যাড ঠিক করেন। এই প্যাড হাতের আঙুল রক্ষা করে।
অনেক রকমের নকশা মানে বিষয়টি একটু ব্যাখ্যা করবেন? স্মিত হাসেন কালাচান, ‘এক জোড়া শাঁখা ২০০ টাহা হইতে শুরু কইর‍্যা তিন হাজার টাহা পর্যন্ত বিক্রি হয়। দামের লগে মিলাইয়্যা ডিজাইন করি। যেমন দাম তেমন ডিজাইন।’
শাঁখার নকশাগুলো কি আপনি ঠিক করেন? কালাচানের জবাব, ‘পাইকার আমারে শাঁখা দিয়া যায়। তাগো পছন্দমতো ডিজাইন করি।’
কালাচানের সঙ্গে কথা বলে আমরা জানলাম, একটি শঙ্খ থেকে দুই থেকে পাঁচ জোড়া পর্যন্ত শাঁখা হয়, যা হিন্দু বিবাহিত নারীদের প্রিয় অলংকারের তালিকায় আছে বহুকাল ধরে।
আয় কেমন হয়? এবার কালাচান নন্দীর হাসি কিছুটা মিলিয়ে যায়, ‘ভোর ব্যালা ঘুমের তোন উইড্যা বহি আর রাইত ১১টা পর্যন্ত কাজ করি। হ্যাতেও ডেলি ২০০-৩০০ টাহার বেশি কামাই করতে পারি না। এক জোড়া শাঁখা ডিজাইন করতে আধা ঘণ্টার তোন এক ঘণ্টা সময় লাগে। ডেইলি ১০ থেকে ১২ জোড়া ডিজাইন করতে পারি। আর এক জোড়া শাঁখা ডিজাইন কইর‍্যা ১৫ থেইকা ২৫ টাহা পাই।’
কিছুক্ষণ বিরতি নিয়ে আবার বলতে থাকেন কালাচান, ‘শরীলডা ভালো না। জয়েন্টে ব্যতা। এহন আর আগের মতো কাজ করতে পারি না। আগে ডেইলি ১৫ থেইকা ২০ জোড়া শাঁখা ডিজাইন করতে পারতাম। তহন ৫০০ টাহার মতো ডেইলি আয় হইত।’
এক ছেলে ও এক মেয়ের বাবা কালাচান নন্দীর এই টাকায় সংসার চালাতে কষ্ট হয়। তবু তিনি ছেলেমেয়ের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। ছেলে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে আর মেয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। স্ত্রী গৃহিণী।
সংসারে স্বাচ্ছন্দ্য না থাকলেও এই পেশায় কাজ করতে পেরে গর্বিত কালাচান নন্দী। অতীত হাতড়ে বলেন, ‘এইডা আমার বাপ-দাদার পেশা। পরিবারের ঐতিহ্য। তবে কত দিন যে এই পেশায় থাহন যাইবে, জানি না!’ চিন্তার ভাঁজ কপালে ফেলেই বলতে থাকেন, ‘একটা সময় আছিল এই শাঁখারিপাড়ার তোন দ্যাশের বেশির ভাগ জায়গায় শাঁখা যাইত। হারা দিন কাজ করতে হইতো শাঁখারিদের, পাড়াডা তহন ঘুমাইত না। কিন্তু সেই অবস্তা এহন আর নাই।’
‘কারণ কী?’ জিজ্ঞেস করি আমরা।
‘আগে শুধু শঙ্খবণিকেরা এই কাজ করত।’ কালাচান বলেন, ‘আর এহন হিন্দু সম্প্রদায়ের অন্য কাস্টের মানুষ তো করেই, অনেক মুসলমানও করতাছে। তাই আমরা এহন আর আগের মতো অর্ডার পাই না।’
এখানেই শেষ নয়। গৌরনদী থেকে শঙ্খশিল্প বিলুপ্তির পেছনে এর চেয়েও গুরুত্বপূর্ণ তথ্য দিলেন কালাচান। সরকার ইমপোর্ট লাইসেন্স বাতিল করায় শ্রীলঙ্কা থেকে শঙ্খ আমদানি বন্ধ হয়ে গেছে। এখন ভারত থেকে শঙ্খ আনতে হয়। এতে খরচ অনেক বেশি। আবার এই শঙ্খের মানও ভালো নয় বলে জানালেন তিনি।
কালাচান আবার বলতে থাকেন, ‘আগে এহেনে ৪০ থেকে ৫০ ঘর শঙ্খবণিক থাকলেও এহন ৫-৭ ঘর এই কাজ করে।’ এমনকি নিজের ছেলেকেও এই পেশায় আনবেন কি না, তা নিয়ে তিনি দ্বিধান্বিত, ‘এহন এই পেশার কোনো ভবিষ্যৎ নেই। শাঁখারিপাড়ার অনেকেই অন্য পেশায় চইল্যা গ্যাছে। কামাই না থাকলে ঐতিহ্য দিয়া কী অইবে? তবে সরকার যদি সাহায্য করে, আবার শ্রীলঙ্কা থেইকা মাল আনতে দেয়, তয় বাপ-দাদার এই পেশা পোলারেও ছাড়তে দিমু না।’
কালাচান নন্দী চান গৌরনদীর শঙ্খশিল্পের সেই সোনালি অতীত ফিরে আসুক। আবার কোলাহলময় হয়ে উঠুক শাঁখারিপাড়া।