কাঁধে ঝোলা, মুখে হাসি। ছোট-বড় সবার সঙ্গেই তাঁর খুব ভাব। কখনো দেখা যায় উপমহাদেশের বিখ্যাত সংগীতশিল্পীদের স্মরণে সংগীতানুষ্ঠানের নিমন্ত্রণ করতে, আবার কখনো সামাজিক বিভিন্ন সমস্যায় সোচ্চার হওয়ার আহ্বান করতে। তাঁর সঙ্গে গল্পের ফাঁকে ঝোলা থেকে বের করে দেন বাদাম, বুট বা আলুবুখারা ইত্যাদি। এমন মজার মানুষটিকে চেনা খুব কঠিন নয়। তিনি চট্টগ্রামের জনপ্রিয় মুখ—শিল্পী শাহরিয়ার খালেদ, যিনি প্রায় চল্লিশ দশক ধরে মঞ্চে গান করছেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্বে স্নাতকোত্তর করেছেন এবং বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভুক্ত শিল্পী ও সংগীত পরিচালক। বর্তমানে গান, বিভিন্ন সামাজিক আন্দোলন ও পারিবারিক ব্যবসা নিয়ে কাটছে তাঁর ব্যস্ত সময়। এর মাঝেই কথা হয় তাঁর সঙ্গে।‘আমি সবুজের আলপনা আঁকব আবার যদি শ্রাবণ এনে দাও’, ‘চোখের আড়ালে আমি চলে গেলে তুমি কি আমায় মনে রাখবে’, ‘কষ্টই দিয়ে গেলে...’ ইত্যাদি বিভিন্ন জনপ্রিয় গান ছাড়াও তাঁর মৌলিক গানের সংখ্যা প্রায় ৪০টি।শিল্পী হয়ে ওঠার শুরুর দিকটা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা পিতামহ কাজেম আলী মাস্টার। তিনি চিন্তা-চেতনায় সব দিক থেকেই ছিলেন অগ্রসরমান। আমার তিন ফুফু সেই সময়ে (চল্লিশ থেকে ষাটের দশক) কাব্যচর্চা করতেন। তাই সাংস্কৃতিক পরিবেশটা পরিবারেই তৈরি ছিল। ছোটবেলা দেখতাম বিয়েতে বা যেকোনো অনুষ্ঠানে তিন-চার দিন ধরে গান বাজত। সেসব গান শুনে শুনে মনের অজান্তেই গাইতাম। গলায় সুর ছিল তাই পঞ্চম শ্রেণীতেই ভর্তি করিয়ে দেওয়া হয় আলাউদ্দিন ললিতকলা একাডেমিতে। ১৯৭৫-এ ভর্তি হই আর্য সংগীতে। তখন সেখানে শিখা রানী দাশ, প্রবাল চৌধুরীরাও গান শিখতেন। এভাবেই শুরু।’ছোটবেলা থেকেই বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে জেলা ও জাতীয় পর্যায়ে বিভিন্ন পুরস্কারও পান তিনি। তারপর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে যুক্ত হন বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ ও উদীচীর সঙ্গে। তিনি বলেন, ‘এই সংগঠনগুলোর যে আদর্শ—প্রকৃতি পরিবেশ এবং নাগরিক অধিকার রক্ষার আন্দোলনগুলো আমাকে আকর্ষণ করে। মনে এমন একটা বোধের জন্ম নিল যে শিল্পীর শুধু গান গাইলেই চলবে না, সমাজের কাছে তাঁর কিছু দায় আছে।’ পরবর্তী সময়ে সেই দায়বোধ থেকেই তিনি জড়িয়ে পড়েন চাক্তাই খাল খনন সংগ্রাম কমিটি, বৃহত্তর উন্নয়ন সংগ্রাম কমিটি, পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম, ফোকলোর সোসাইটির মতো বিভিন্ন সামাজিক আন্দোলন কর্মকাণ্ডের সঙ্গে। শাহরিয়ার খালেদ মূলত হারানো দিনের বাংলা গান, হিন্দি গীত ও গজল করে থাকেন। বাংলা গানের বিখ্যাত যেমন শিল্পী মান্না দে, মাহমুদন নবী প্রমুখের মতো গুণী শিল্পীদের জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকীতে তিনি সংগীত সন্ধ্যার আয়োজন করবেনই। তিনি বলেন, ‘যেসব মনীষী আমাদের সংগীতকে সমৃদ্ধ করেছেন তাঁদেরকে বর্তমান এবং আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। সুর ও বাণীপ্রধান এসব গানের আবেদন যেন উপলব্ধি করতে পারে তারা। আমার প্রচেষ্টা এটাই।’ চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে সদা হাস্যোজ্জ্বল এই মানুষটি তাঁর শিশুসুলভ সারল্য দিয়ে জয় করেছেন সবার মন। শিল্পী হিসেবে তাঁর জনপ্রিয়তা যতটুকু, ঠিক ততটুকু জনপ্রিয় নিজের কর্মের জন্য শিল্পীসত্তা আর কর্মীসত্তার সমন্বয় ঘটিয়ে শাহরিয়ার খালেদ সুখে-দুঃখে, আনন্দ-বেদনায় চট্টগ্রামের মানুষের পাশেই থাকতে চান আজীবন।