একজন সজীব মহলীর ভালোবাসা

আজ বিশ্ব ভালোবাসা দিবস। দেশের অনেক বন্ধুসভা এই দিবসকে ঘিরে নানা আয়োজন করছে।
আমাদের এক বন্ধু নারী-পুরুষের ভালোবাসাকে কিছুতেই মানতে নারাজ। তার স্পষ্ট বক্তব্য হচ্ছে, ভালোবাসা দিবস ঠিক আছে, কিন্তু সবাইকে ভালোবাসলে অসুবিধা কোথায়? আমি আজ আমার বাবা-মা-ভাইবোন সবাইকে ভালোবাসা জানাব। অসুবিধা আছে?
আমাদের এই বন্ধুর নাম সজীব মহলী। খুলনা বন্ধুসভার বন্ধু। বলি, সবই মানলাম। তারপরও কথা থাকে। নিজের প্রেমিকাকে নিয়ে তোমার আজ কী করণীয়!
সজীব হাসে। বলে, সে সৌভাগ্য কি আর আছে! প্রেমিকা যে আমার কপালেই জোটেনি।
এ লেখা যাঁরা পড়ছেন, তাঁরা মনে করতে পারেন, সজীবের প্রেমিকা নেই বলেই ওপরের এ মন্তব্য। না, ওর ভালোবাসার মানুষ থাকলেও ও তা–ই করত।
বন্ধুসভার এমন অনেক প্রেমিক-প্রেমিকার কথা জানি, যাঁরা এই দিনটির জন্য অপেক্ষা করেন। করারই কথা। তাঁদের জন্য তো বিশেষ দিন। আমি এ বিষয় নিয়ে যখন দু-একজন প্রেমিক-প্রেমিকার সঙ্গে কথা বলেছিলাম, তাঁদের মধ্যে কেউ কেউ মুখ খুলতে নারাজ। কেউ কেউ আবার স্মার্টলি বললেন তাঁদের পরিকল্পনার কথা। দিনটি তাঁরা কীভাবে কাটাবেন।
আমার প্রশ্ন শুনে এক জুটি বলল, ‘দাদা নিজের কথা লিখে দিন। আমাদের সঙ্গে মিলে যাবে।’
আজকের এই দিনে সব প্রেমিক-প্রেমিকাকে ভালোবাসা জানাই। সবার ভালোবাসা দীর্ঘজীবী হোক। সব মানুষ পরস্পরকে ভালোবেসে সুখী হোক। সবাই তাঁদের প্রিয়জনকে আজ ভালোবাসার কথা জানাক।
আজ অনেক ভালোবাসার পাত্রপাত্রীদের দেখে মন উৎফুল্ল হবে। তেমনি খুলনার সজীব মহলীর কথাও যাঁরা মানবেন, তাঁদের কথা ভেবে মন আরও বেশি আনন্দে নেচে উঠবে।
সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ