একজন সহকারী শিক্ষা কর্মকর্তা পরিদর্শন করেন ৪৮টি বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরামে ৪৮টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের জন্য মাত্র একজন সহকারী শিক্ষা কর্মকর্তা রয়েছেন। সরকারি নীতিমালা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকাজ সম্পন্ন করা তাঁর জন্য কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।এ ছাড়া উপজেলার সব কটি কিন্ডারগার্টেন স্কুল পরিদর্শন করতে হচ্ছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে। এ সুযোগে শিক্ষকেরা সরকারি নিয়ম না মেনে যে যার মতো বিদ্যালয়ে পাঠদান চালাচ্ছেন। এ ব্যাপারে কয়েকটি বিদ্যালয় থেকে ছাত্র, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির কর্মকর্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে জানা গেছে, উপজেলায় মোট ৪৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ছাত্রছাত্রী রয়েছে প্রায় সাড়ে ১২ হাজার। প্রধান শিক্ষকের পদ রয়েছে ৩৭টি, কর্মরত রয়েছেন ২৭ জন। আর সহকারী শিক্ষকের ১৮০টি পদেই শিক্ষক নিয়োজিত আছেন। উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, নিয়ম অনুযায়ী উপজেলা শিক্ষা কর্মকর্তার প্রতি মাসে পাঁচটি আর সহকারী শিক্ষা কর্মকর্তার প্রতি মাসে ১০টি বিদ্যালয় পরিদর্শন করার কথা। কিন্তু অফিসের কাজকর্ম শেষ করে বিদ্যালয়গুলো যথাসময়ে পরিদর্শনের কাজ শেষ করা হয়ে ওঠে না।উপজেলার প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষকদের প্রতিদিন নয়টা ১৫ মিনিটে বিদ্যালয়ে উপস্থিত হয়ে নয়টা ৩০ মিনিটে ক্লাস শুরু করতে হবে। ছুটি হবে বিকেল চারটা ১৫ মিনিটে। কিন্তু শিক্ষা কর্মকর্তা নিয়মিত তদারকি করতে পারেন না বলে স্কুলগুলোতে এই নিয়ম মানা হচ্ছে না। অলকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কাদের রাব্বানিসহ সব সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। কাদের রাব্বানি জানান, শিক্ষা অফিসে কর্মকর্তা-কর্মচারী শূন্য থাকায় স্কুলের শিক্ষকেরা সেই সুযোগটি কাজে লাগাচ্ছে।উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহেদা আলম জানান, দু-একটি বিদ্যালয় থেকে শিক্ষকদের দেরিতে আসার বিষয়ে অভিযোগ দেওয়া হয়েছিল। তিনি আরও জানান, অফিসে কাজের চাপ বেড়ে যাওয়ায় নিয়মিত বিদ্যালয় পরিদর্শন করা হচ্ছে না।