সফলদের স্বপ্নগাথা
একজন সেবকের হৃদয় চাই
‘টারমিনেটর’ হিসেবে দুনিয়াজোড়া খ্যাতি পেয়েছেন তিনি—হলিউডের অভিনেতা আর্নল্ড শোয়ার্জেনেগার। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাই রাজনীতির অঙ্গনে বেশ প্রভাব আছে তাঁর। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে সাম্প্রতিক হামলার রেশ ধরে ১০ জানুয়ারি নিজের ফেসবুক পেজে একটি বক্তব্য দিয়েছেন আর্নল্ড।
যুক্তরাষ্ট্রের একজন অভিবাসী হিসেবে আমি এ দেশের মানুষ ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বন্ধুদের উদ্দেশে সাম্প্রতিক ঘটনা সম্পর্কে কিছু বলতে চাই। আমি অস্ট্রিয়ায় বড় হয়েছি। ক্রিস্টালনাখট বা ‘ভাঙা কাচের রাত’ সম্পর্কে আমি বেশ ভালোভাবে অবগত। ১৯৩৮ সালের সেই রাতে ইহুদিদের ওপর নাৎসিরা বর্বর হামলা চালিয়েছিল। ৬ জানুয়ারি ছিল যুক্তরাষ্ট্রের জন্য ‘ভাঙা কাচের দিন’। ক্যাপিটল ভবনের জানালাতেও আমরা সেই ভাঙা কাচ দেখেছি। কিন্তু দুষ্কৃতকারীরা শুধু কাচ ভাঙেনি, তারা ভেঙে দিয়েছে পুরোনো ধারণা, যা আমরা স্বাভাবিক বলে ধরে নিয়েছিলাম। তারা শুধু মার্কিন গণতন্ত্রের বাড়ির দরজায় আঘাত করেনি, যে নীতির ওপর ভিত্তি করে আমাদের দেশ দাঁড়িয়ে আছে, সেই নীতিও পায়ে মাড়িয়েছে।
যে ক্ষত বড় গভীর
আমি এমন এক দেশে বড় হয়েছি, যে দেশ গণতন্ত্র হারিয়ে ভুগেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুই বছর পর, ১৯৪৭ সালে আমার জন্ম। বেড়ে ওঠার সময় আমি আশপাশে এমন সব হতাশাগ্রস্ত মানুষ দেখেছি, যারা মদে ডুবে থেকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ শাসনব্যবস্থায় অংশগ্রহণের অনুতাপ ভুলতে চেষ্টা করত। তাদের সবাই ইহুদিবিরোধী বা নাৎসি ছিল না। অনেকে কেবল বাকিদের সঙ্গে পায়ে পা মিলিয়েছে। তারা ছিল আমাদেরই প্রতিবেশী।
জনসমক্ষে একটা ঘটনা আমি কখনো বলিনি, কারণ, এই স্মৃতি আমার জন্য খুব কষ্টকর। আমার বাবা সপ্তাহে এক-দুই দিন মদ্যপ হয়ে বাড়ি ফিরতেন। চিৎকার করতেন, আমাদের কিংবা মায়ের ওপর হাত তুলতেন। আমি আমার বাবাকে দোষী বলতে পারি না। কারণ, আমাদের পাশের বাড়ির লোকটিও তাঁর পরিবারের সঙ্গে একই কাজ করতেন। পাশের বাড়ির পাশের বাড়িতেও একই ঘটনা। এই সবই আমি নিজ চোখে দেখেছি, নিজ কানে শুনেছি। তাঁদের শরীরে ছিল যুদ্ধের ক্ষত, আর মনে যুদ্ধের ভয়াবহতা দেখার দুঃসহ স্মৃতি। এর সবই শুরু হয়েছিল মিথ্যা, মিথ্যা, মিথ্যা আর অসহিষ্ণুতা থেকে। অতএব কোনো কিছু কীভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সেটি আমি স্বচক্ষে দেখেছি। আমি জানি যুক্তরাষ্ট্রে এবং সারা পৃথিবীতেই এমন একটা ভয় ছড়িয়ে আছে, যেকোনো সময় তো সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
আমি সেটা বিশ্বাস করি না। কিন্তু স্বার্থপরতা ও ঘৃণার ভয়াবহ পরিণতির ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের ফল বদলে দিতে চেয়েছিলেন। মিথ্যা বলে মানুষকে পথভ্রষ্ট করে তিনি একটা অভ্যুত্থান করতে চেয়েছেন। আমার বাবা, আমার প্রতিবেশীরাও মিথ্যার কারণে পথ হারিয়েছিলেন। আমি জানি এ ধরনের মিথ্যা কোথায় নিয়ে যায়।
দেশপ্রেমের মানে
প্রেসিডেন্ট ট্রাম্প একজন ব্যর্থ নেতা। সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট হিসেবে ইতিহাসে তাঁর জায়গা হবে। ভালো দিক হলো, শিগগিরই তিনি স্রেফ একটা পুরোনো টুইটের মতো অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। কিন্তু আমাদের মধ্যে যারা এই নির্বাচিত প্রতিনিধির মিথ্যা আর বিশ্বাসঘাতকতাকে সমর্থন করল, তারা? আমি তাদের টেডি রুজভেল্টের একটা উক্তি স্মরণ করিয়ে দেব—‘দেশপ্রেম মানে প্রেসিডেন্টের পাশে দাঁড়ানো নয়, দেশের পাশে দাঁড়ানো।’
আমি ক্যাথলিক হিসেবে বড় হয়েছি। চার্চে গিয়েছি, ক্যাথলিক স্কুলে গিয়েছি, বাইবেল পড়েছি। সেই সময়ে শেখা একটা কথা আমার মনে পড়ে, যেটা আজকের দিনে বেশ প্রাসঙ্গিক—একজন সেবকের হৃদয়। এর অর্থ হলো নিজের চেয়ে বড় কিছুর সেবায় নিযুক্ত থাকা। আমাদের নির্বাচিত প্রতিনিধিদের এখন যা দরকার তা হলো জনগণের সেবকের হৃদয়। আমাদের এমন ‘জনগণের সেবক’ দরকার, যাঁরা তাঁদের ক্ষমতা বা দলের ঊর্ধ্বে গিয়ে ভাববেন।
কয়েক দিন ধরে বিশ্বের নানা প্রান্ত থেকে বন্ধুরা ফোন করছেন, আমাদের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করছেন। আমি তাঁদের সবাইকে বলেছি, আমেরিকা এই অন্ধকার সময় থেকে বেরিয়ে আবার আলো ছড়াবে। এই যে তলোয়ারটা দেখছেন, এটা কোনানের তলোয়ার। তলোয়ারের ধর্ম হলো, যত পোড়াবেন তত শক্তিশালী হবে। হাতুড়ি দিয়ে পেটাবেন, আগুনের আঁচ বাড়িয়ে দেবেন, ঠান্ডা পানিতে ডোবাবেন, আবার পেটাবেন, আবার পোড়াবেন, আবার পানিতে ডোবাবেন...যত বেশি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন, তলোয়ার তত শক্তিশালী হবে। আপনাদের তলোয়ারের দক্ষ কারিগর বানানোর জন্য এসব কথা বলছি না। বলছি, কারণ, আমাদের গণতন্ত্রও তলোয়ারের ওই লোহার পাতের মতো। যত পুড়বে, তত শক্তিশালী হবে। আমাদের গণতন্ত্র যুদ্ধ, অবিচার, বিদ্রোহের আগুনে পুড়েছে। সাম্প্রতিক ঘটনায় আমরা যতটা ভেঙে পড়েছি, আমার বিশ্বাস, এর চেয়েও শক্তিশালী হয়ে আমরা বেরিয়ে আসব। কারণ, কী হারাতে পারি, সেটা এখন আমাদের জানা। আমাদের নিশ্চয়ই নতুন করে ভাবতে হবে, যেন এ
রকম আর না হয়। রাজনৈতিক দল, মতের দ্বন্দ্বকে পেছনে ফেলে গণতন্ত্রকে আগে রাখতে হবে।
(সংক্ষেপিত)