একজন স্থপতি একজন শিল্পী : মায়া লিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়া লিন
মায়া লিন

ভিয়েতনাম যুদ্ধে নিহত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদস্যদের স্মরণে ওয়াশিংটন ডিসিতে স্থাপিত হয় ‘ভিয়েতনাম ভেটেরানস মেমোরিয়াল’ নামক বিশেষ স্থাপত্য। এ স্থাপত্যের নকশাবিদ হলেন মায়া লিন। এ কাজের জন্য খ্যাতি পেয়েছেন মায়া লিন। পুরো নাম মায়া ইয়াং লিন। যাঁর শখ, নেশা, পেশা—সবই শিল্প ও স্থাপত্যকে ঘিরে।
যুক্তরাষ্ট্রে ১৯৫৯ সালে জন্ম নেওয়া মায়া লিনের বাবা হেনরি হুয়ান লিন ছিলেন ওহাইও স্টেট ইউনিভার্সিটির চারুকলা বিভাগের শিক্ষক। বাবাকে দেখেই নকশা আর স্থাপত্য বিষয়ে পড়ার আগ্রহ জন্মে তাঁর।
ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেও হার্ভার্ড ইউনিভার্সিটি, উইলিয়ামস কলেজ এবং স্মিথ কলেজ থেকে বিশেষ সম্মানসূচক ডিগ্রি লাভ করেন। এ ছাড়া তিনি ইয়েল ইউনিভার্সিটি থেকে চারুকলা বিষয়ে সবচেয়ে কম বয়সী সম্মানসূচক পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
১৯৮০ সাল থেকে শুরু করে উল্লেখ করার মতো বেশ কিছু কাজ করেছেন মায়া লিন। এসবের মধ্যে ভিয়েতনাম ভেটেরানস মেমোরিয়াল ছাড়াও আছে যুক্তরাষ্ট্রের আলাবামার সিভিল রাইটস মেমোরিয়াল, ইয়েল ইউনিভার্সিটির ওমেনস টেবিল, ম্যাসাচুসেটসের ওয়েবের হাউস, নিউইয়র্কের মিউজিয়াম ফর আফ্রিকান আর্ট, আমেরিকান এক্সপ্রেস ক্লায়েন্স সার্ভিস সেন্টারের দ্য কারেক্টর অব অ্যা হিল ইত্যাদি কাজ।
নিজের কিছু কাজের জন্য পেয়েছেন স্বীকৃতিও। আমেরিকান একাডেমি অব আর্টস অ্যান্ড লেটারস, আমেরিকান একাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সের সদস্য মায়া লিনের গল্প নিয়ে টাইম সাময়িকী বিশেষ রচনা প্রকাশ করে। এ ছাড়া দ্য নিউইয়র্ক টাইমস-এও তাঁর সেরা কাজগুলো নিয়ে প্রকাশিত হয়েছে একাধিক প্রতিবেদন। সেরা স্থপতি এবং শিল্পীদের তালিকায়ও নিজের নাম উঠিয়েছেন। এখনো তিনি কাজ করছেন এবং আরও ভালো কিছু করার প্রত্যয়ে এগিয়ে চলছেন।
 গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী,
তথ্যসূত্র: উইকিপিডিয়া, মায়ালিন ডট কম, মায়ালিন স্টুডিও