ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ঘরে-বাইরে পাহাড়সম সমস্যার সম্মুখীন। পরমাণু কর্মসূচি ও পাশ্চাত্যবিরোধী বাগাড়ম্বরের জন্য তিনি বিশেষত পশ্চিমা দেশে দারুণ সমালোচিত। অন্যদিকে দেশেও বেশি কট্টরপন্থী ও ঊর্ধ্বতন ধর্মীয় নেতাদের অনেকে তাঁর ওপর বিরক্ত। নতুন আন্তর্জাতিক অবরোধ দেশের অর্থনীতির ওপর চাপ আরও বাড়িয়েছে। কিন্তু মোটেই গা করছেন না আহমাদিনেজাদ। অন্তত মুখে তা-ই বললেন সম্প্রতি নিউইয়র্কে নিউজউইক পত্রিকাকে দেওয়া এই সাক্ষাৎকারে। ভাষান্তর ওমর ফারুকনিউজউইক: আপনি কি পরমাণু জ্বালানি বিনিময়ের আলোচনায় ফিরতে প্রস্তুত? আহমাদিনেজাদ: আমরা সব সময়ই আলোচনার জন্য তৈরি। কিন্তু সফল আলোচনার জন্য অপর পক্ষকে তার অবস্থান সুনির্দিষ্ট করা প্রয়োজন। এই আলোচনা সুসম্পর্ক তৈরি করবে, নাকি আরও বৈরিতার জন্ম দেবে, সেটাও ঠিক করা দরকার। ইহুদিবাদী রাষ্ট্রটির হাতে যে পরমাণু অস্ত্র আছে, সে কথা তাদের ঘোষণা দিতে হবে এবং বলতে হবে, তারা এটা থাকার পক্ষে না বিপক্ষে। তারা যেভাবে এর জবাব দেবে, তা-ই ঠিক করবে, আলোচনা কী রকম হবে। তবে আমরা সংলাপের পক্ষে। আর এটা নিশ্চিত যে, বন্ধু না শত্রু কার সঙ্গে আলোচনা করছি, বোঝা গেলে আলোচনার ধরন আলাদা হবে। নিউজউইক: ইসরায়েলের উদ্বেগ ক্রমেই বাড়ছে। তারা যদি ইরানের কোনো পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়, আপনার সরকার কীভাবে তার জবাব দেবে? আহমাদিনেজাদ: এটা উদ্বেগের কারণ হতে পারে। তার মানে কি এই যে ইসরায়েল ইরানে হামলা চালাবে? তাদের কি সে সামর্থ্য আছে? আমি আপনাকে ইরান সফরের আমন্ত্রণ জানাচ্ছি। আপনি এলেই দেখতে পাবেন, ইরান কত বিশাল একটি দেশ। আমাদের দেশ এত বিশাল ও ব্যাপক, যা ইহুদিবাদীরা কল্পনাও করতে পারবে না। কাজেই ইরানে হামলা হবে না, এটা বলার আর অপেক্ষা রাখে না। তাই ইসরায়েল হামলা চালালে কী করব, সেটি নিয়ে আমরা ভাবিই না।নিউজউইক: ইরানের ওপর জাতিসংঘের সাম্প্রতিকতম অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রভাবটা কী রকম হচ্ছে?আহমাদিনেজাদ: নিষেধাজ্ঞার কোনো প্রভাব ইরানের অর্থনীতিতে পড়ছে না। প্রকৃতপক্ষে ওই নিষেধাজ্ঞার কোনো নেতিবাচক প্রভাব নেই বরং ইতিবাচক একটি প্রভাব আছে। আমি বলব, ইরানের শিল্পকে আরও এগিয়ে নেওয়ার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর সুযোগ করে দিয়েছে এই নিষেধাজ্ঞা। নিউজউইক: আপনার সরকারের সমালোচনায় মুখর বিরোধীদলীয় প্রার্থী মীর হোসাইন মুসাভি ও মেহেদি কারুবিকে গ্রেপ্তারের ইঙ্গিত দিয়েছেন তেহরানের প্রধান অভিসংশক। এ ব্যাপারে আপনার অভিমত কী? আহমাদিনেজাদ: বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। এ ব্যাপারে বিচার বিভাগের অবস্থান কী, সেটি আমাদের দেখতে হবে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, তাঁদের কোনো সমস্যা হবে না। নিউজউইক: আপনি তাহলে মনে করেন না যে তাঁদের বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনা হবে?আহমাদিনেজাদ: এ বিষয়ে আমার কোনো অভিমত নেই। ইরানে আইনের চোখে সবাই সমান। অন্য ইরানিদের মতো ওই দুই ভদ্রলোকের বেলায়ও এ কথা প্রযোজ্য। সাংবাদিকদের ক্ষেত্রে অনেক সময় হয় কি, আপনি বাস্তব পরিস্থিতি যা, তার চেয়ে অনেক বেশি কিছু খবরের কাগজে দেখবেন। নিউজউইক: আপনি প্রায়ই বলেন, ইরানে সবাই সমান অধিকার ভোগ করে। তাহলে এর পরও আপনার সরকারের নীতি-আদর্শের সমালোচক বেশ কিছু পত্রিকা বন্ধ করে দেওয়া হলো কেন?আহমাদিনেজাদ: সরকারের সমালোচনার কারণে কোনো সংবাদপত্র বন্ধ করা হয়নি। এ ধরনের বিষয় দেখার জন্য আমাদের একটি আইনি ব্যবস্থা আছে। ইরানের বিচার বিভাগ স্বাধীন। তারা এ বিষয়গুলো দেখে থাকে। তার পরও আবার বলছি, ইরানের আইনে সব ব্যক্তি ও প্রতিষ্ঠান সমান। নিউজউইক: তাহলে কি আপনি জানেন ইতিমাদ মেলি, ইতিমাদ ও হায়াত-ই-নু-এর মতো কিছু বড় পত্রিকা কী কারণে বন্ধ করে দেওয়া হয়েছে? গত বছর এগুলোসহ বিরোধীদের কয়েক ডজন প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়।আহমাদিনেজাদ: আমি এ কাগজগুলোর ব্যাপারে বিস্তারিত তথ্য জানি না। নিউজউইক: প্রেসিডেন্ট পদে তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আপনি কি সংবিধান সংশোধনের চিন্তা-ভাবনা করছেন?আহমাদিনেজাদ: মোটেই না। একজন লোকের জন্য আপনি সংবিধান পরিবর্তন করতে পারেন না। সংবিধান যেমন আছে, তেমনই থাকবে। এটি সংশোধনের কোনো প্রয়োজনও নেই। কারণ যোগ্যতাসম্পন্ন অনেক প্রার্থীই ইরানে আছেন।