একটা অ্যাপ্লিকেশন এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএম হলের ৩৩১ নম্বর রুমে থাকতাম তখন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার দুই দিন আগে এক সকালে আমরা সবাই ঘুমিয়ে আছি। এমন সময় কেউ একজন আমাদের রুমের দরজায় নক করল। আমার রুমমেট আসাদ জিজ্ঞেস করল, কে? দরজার বাইরে থেকে জবাব এল, ভাই, গ্রাম থেকে আপনার একটা অ্যাপ্লিকেশন এসেছে। আসাদ বলল, অ্যাপ্লিকেশন এসেছে তো জানালা দিয়ে ভেতরে ঢুকিয়ে দাও। সে তখন বলল, ‘অ্যাপ্লিকেশন তো জানালা দিয়ে ঢোকানো যাবে না। এত বড় অ্যাপ্লিকেশন।’ আমরা তো অবাক। এ আবার কেমন অ্যাপ্লিকেশন যে জানালা দিয়ে ঢোকানো যাবে না! আসাদের সঙ্গে আমিও কৌতূহলবশত দরজার কাছে এগিয়ে গেলাম। আমরা দেখলাম, ব্যাগ কাঁধে একটা ছেলে দাঁড়িয়ে আছে। আসাদ জিজ্ঞেস করল, কোথায় অ্যাপ্লিকেশন? দাও আমাকে। ছেলেটা তখন আমাদের অবাক করে দিয়ে বলল, ‘আমিই তো আপনার অ্যাপ্লিকেশন। আমি গ্রাম থেকে এসেছি।’ আমি হাসব না কাঁদব বুঝতে পারলাম না। কোথায় অ্যাপ্লিক্যান্ট আর কোথায় অ্যাপ্লিকেশন! ৬৩ এসএম হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।