একটা গল্পের প্রেমে পড়েছি : ইভান স্পিগেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইভান স্পিগেল
ইভান স্পিগেল
মোবাইল ফোন অ্যাপ্লিকেশন স্ন্যাপচ্যাটের প্রধান নির্বাহী ইভান স্পিগেল। বয়স মাত্র ২৫। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বন্ধুদের সঙ্গে ‘ক্লাস প্রজেক্ট’ হিসেবে স্ন্যাপচ্যাটের ভাবনাটা দাঁড় করিয়েছিলেন। আজ সেই প্রকল্পের হাত ধরেই তিনি বিশ্বের সবচেয়ে কমবয়সী ‘বিলিয়নিয়ার’দের একজন। গত বছরের ১৫ মে যুক্তরাষ্ট্রের মার্শাল স্কুল অব বিজনেসের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলেন এই সফল উদ্যোক্তা।

তোমরা এখন যেখানে বসে আছ, তিন বছর আগে আমিও সেখানে ছিলাম। আমি বসে ছিলাম একটি ফোল্ডিং চেয়ারে, ঠিক যেমনটায় তুমি বসেছ। মাথায় ছিল ক্যাপ, পরনে গাউন। অপেক্ষা করছিলাম মঞ্চে ওঠার জন্য। আমার স্নাতক তখনো শেষ হয়নি। তবু মঞ্চে তাঁরা আমার সঙ্গে হাত মিলিয়েছেন, ছবি তুলেছেন, এবং একটা খালি ফোল্ডার হাতে ধরিয়ে দিয়েছেন! স্নাতক পুরোপুরি সম্পন্ন না করেও গ্র্যাজুয়েটদের সঙ্গে হাঁটার এই সুযোগটা স্ট্যানফোর্ড দেয়। আসন্ন গ্রীষ্মে যেসব শিক্ষার্থীর স্নাতক সম্পন্ন হবে তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের এই বিকল্প ব্যবস্থা। আমি সুযোগটা লুফে নিয়েছিলাম। কারণ, তখনো তৈরি ছিলাম না, কিন্তু উদ্‌যাপনের ওই সুযোগ হাতছাড়া করতে চাইনি। আমার কী-ই বা করার ছিল? যখন আমার বন্ধুরা আমাকে ছাড়াই তাদের মাথার ক্যাপ বাতাসে উড়িয়ে দেবে, তখন আমি বুঝি ডর্মে একা বসে থাকব! সুতরাং আমি সমাবর্তনে যোগ দিয়েছিলাম এবং উত্তপ্ত সূর্যের নিচে বসে কোরি বুকারের বক্তব্য শুনেছিলাম। আমার পরিবারের লোকজনের দিকে তাকিয়ে হাতও নেড়েছিলাম, যাঁরা অনেকটা পথ পাড়ি দিয়ে আমার এই ‘সমাবর্তনের নাটক’ দেখতে এসেছিলেন। যা হোক, আশা করি এবারও মা আমাকে দেখছেন!

আজকের এই বক্তব্য যখন প্রস্তুত করছিলাম, তখন ওই দিনের পুরো ঘটনাটাই আমার কাছে অদ্ভুত এক হেঁয়ালি মনে হচ্ছিল। আমরা অনেক সময় খুব হাস্যকর কিছু কাজ করি শুধু সবার থেকে ‘আলাদা’ হয়ে যাওয়ার ভয়ে। অনুসরণ ব্যাপারটা এতটাই সহজাত যে আমরা সব সময় আমাদের সহকর্মীদের সঙ্গে থাকতে চাই, একটা দলের অন্তর্ভুক্ত হতে চাই। তবে আমাদের নিজস্ব সত্তাটা বেরিয়ে আসে তখনই, যখন আমরা আমাদের অন্তরের ফিসফিসানি শুনি আর অন্য এক পথ বেছে নিতে মনস্থির করি।

আমাদের অনুসরণ করার এই মনোভাব এতটাই প্রবল যে তা নিয়ে বহু গবেষণা হয়েছে। গবেষণায় দেখা গেছে মূলত দুটি বিষয় আছে, যা একটি দলের মধ্যে থেকেও প্রথাকে ভাঙতে সাহায্য করে। প্রথমত, একাই ভিন্নমত পোষণ করার সাহস। দ্বিতীয়ত, দলের ভেতরে থেকেই দলের অন্য সদস্যদের সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ করার যোগ্যতা। রাষ্ট্র আমাদের গোপনীয়তার অধিকার দিয়েছে এবং মুক্তভাবে নিজেকে প্রকাশ করার অধিকারও দিয়েছে। শুধু জনপ্রিয়তা বাড়ানোর জন্যই গণতন্ত্রের নকশাটি আঁকা হয়নি। গণতন্ত্র প্রবর্তন করা হয়েছে ভিন্নমত রক্ষার জন্য। প্রেসিডেন্ট কেনেডি যেমনটা বলেছেন, ‘প্রথাবদ্ধতা হচ্ছে স্বাধীনতার কারারক্ষক এবং উন্নয়নের শত্রু।’

সম্প্রতি আমি যুক্তরাষ্ট্রের বিখ্যাত চিত্রশিল্পী বব রুজেনবার্গের একটি গল্পের প্রেমে পড়েছি। গল্পটি এ রকম: তরুণ বয়সে রুজেনবার্গ একবার তাঁর আদর্শিক গুরু ভিলিয়েম ডি কুনিংয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তিনি ভীষণ নার্ভাস বোধ করছিলেন। তবে তা এ জন্য নয় যে তিনি বিখ্যাত এই আঁকিয়ের সঙ্গে দেখা করতে গেছেন। কারণটা হলো, তিনি গুরুর আঁকা একটা ছবি চাইতে গিয়েছিলেন।

ভিলিয়েম ডি কুনিং জানতেন, রুজেনবার্গ সম্প্রতি তাঁর চিত্রকর্ম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন। সে সময় রুজেনবার্গ একেকটা ছবি আঁকতেন আর মুছে ফেলতেন। কিন্তু এটাই তাঁর কাছে যথেষ্ট মনে হচ্ছিল না। তিনি ঠিক করেন, এবার তাঁর গুরুর আঁকা একটা ছবি মুছে ফেলবেন! তরুণ রুজেনবার্গকে বিস্মিত করে ডি কুনিং রাজি হলেন, তবে যথেষ্ট সময় নিলেন। নিজের স্টুডিও ঘুরে ঘুরে তিনি তাঁর পছন্দের একটি ছবি খুঁজছিলেন, এমন এক ছবি, যেটি মুছে ফেলা খুব কঠিন হবে। অবশেষে একটা ছবি তিনি রুজেনবার্গকে দিলেন। বব রুজেনবার্গ জানান, ছবিটা মুছতে তাঁর প্রায় দুই মাস সময় লেগেছিল। পরে জ্যাসপার জোন্স (যুক্তরাষ্ট্রের আরেক আঁকিয়ে) ছবিটা বাঁধিয়ে নাম দিয়েছিলেন, ‘বব রুজেনবার্গের হাতে মুছে ফেলা ডি কুনিংয়ের চিত্রকর্ম’। এই কাজটি করতে গিয়ে রুজেনবার্গ নিজেই নতুন এক শিল্পকর্মের জন্ম দিয়েছিলেন।

গল্পটা আমার ভীষণ পছন্দের। কারণ, ভিলিয়েম ডি কুনিং এটা মেনে নেওয়ার মতো নম্র ছিলেন যে পরের প্রজন্মের জন্য পথ করে দেওয়াই আমাদের জন্য সর্বোত্তম। যে আমাকে মুছে ফেলবে, তাঁকে স্বাগত জানানোই আমার কাজ! আমি বহুবার একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি। ‘তুমি কেন তোমার ব্যবসাটা বিক্রি করে দিচ্ছ না? খুব বেশি আয় তো হচ্ছে না। এটা স্রেফ খামখেয়ালি। তুমি বরং এই সময়টা নৌকায় করে ঘুরতে পারতে। নৌকায় ঘুরতে সবাই ভালোবাসে। তোমার সমস্যাটা কোথায়?’ এখন আমি জানি, যখন লক্ষ্য থেকে সরানোর জন্য কেউ পেছনে লাগবে, তখন বুঝবে—তুমি ঠিক পথেই আছ। তুমি শেষ পর্যন্ত হাল ছেড়ে দাও বা না দাও, আসল কথা হলো—তুমি কিছু শিখছ। আমরা যখন আমাদের কোম্পানিটি বিক্রি করতে চাইনি, তখন মানুষ আমাদের পাগল বলেছে, অহংকারী বলেছে। আমাদের প্রজন্মের অনেককে বোঝাতে গিয়েই যে শব্দগুলো বারবার ব্যবহৃত হয়েছে। আমি বোঝাতে চাইছি—জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষাটা অর্জন করো তোমার নিজের জীবন থেকেই।

বব রুজেনবার্গের হাতে মুছে ফেলা ডি কুনিংয়ের চিত্রকর্মের মজার দিকটি হলো, সেটি বিক্রির জন্য নয়, ছবিটি এখন সানফ্রান্সিসকোর এক জাদুঘরে নিরাপদে শোভা পাচ্ছে। চিত্রকর্মটি ভীষণ মূল্যবান, কিন্তু এর কোনো বিক্রয়মূল্য নেই। তোমার স্বপ্নকে অনুসরণ করতে যা কিছু দরকার, তার সবটা ইতিমধ্যেই তোমার মধ্যে আছে। নিজের ওপর বিশ্বাস রাখো। বিশ্বাস রাখো সেই মানুষটার ওপর, যে মানুষটা তুমি হতে চাও। (সংক্ষেপিত)

সূত্র: টাইম ম্যাগাজিন। ইংরেজি থেকে অনুবাদ: মারুফ ইসলাম।