একটা মিষ্টি মেয়ের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

যাত্রাবাড়ী থেকে ফার্মগেট আসছি, দোতলা বাসে। শাহবাগ এসে দেখলাম বিশাল জ্যাম। অগত্যা কোনো উপায় না দেখে বাধ্য হয়ে নেমে পড়লাম। মোড়ে এসে দাঁড়ালাম। হঠাৎ খেয়াল করলাম একটা পিচ্চি মেয়ে হাতে ব্যাগ নিয়ে এদিক-ওদিক ছোটাছুটি করছে। ব্যাপারটা বোঝার জন্য দাঁড়িয়ে রইলাম। সে ব্যাগ থেকে চকলেট বের করে দিচ্ছে সবাইকে, কেউ নিচ্ছে না। বুঝলাম সে চকলেট বিক্রি করছে। সে আমার সামনে এসে বলল, ‘চকলেট নিবেন ভাইয়া, নিন না একটা, মাত্র ১ টাকা।’ আমি বললাম, আমি তো চকলেট খাই না। সে একরাশ অভিমান নিয়ে ফিরে যাচ্ছিল। আমি তাকে ডাকলাম, সে এল। আমি তাকে ১০ টাকার একটা নোট দিলাম। সে নিল এবং ১০টা চকলেট বের করে দিতে চাইল। আমি বললাম, লাগবে না, ওটা তুমি রেখে দাও। সে মিষ্টি সুরে জবাব দিল, ‘তাহলে আমি তা নিতে পারব না।’ আমি ওকে বললাম, দেখো, আমার তো কোনো ভাইবোন নেই, আমার একটা ছোট বোন থাকলে তাকে আমি দিতাম না? তুমি আমার ছোট বোনের মতো, রেখে দাও। ও বলল, ‘আমিও কি আমার ভাইয়াকে একটা চকলেট খাওয়াতে পারি না?’ অতঃপর আমি আর না করলাম না। নিলাম এবং তার মাথায় হাত বুলিয়ে দিলাম। বললাম, তুমি পড়াশোনা করো না কেন। সে সঙ্গে সঙ্গে জবাব দিল, ‘কে বলল আমি পড়াশোনা করি না, আমি ক্লাস ২-এ পড়ি।’ এই বলে সে একটা মিষ্টি হাসি দিয়ে চলে গেল। মিষ্টি একটা মেয়ে, মিষ্টি তার হাসি। আমি তার দিকে তাকিয়ে রইলাম।
অভি দীপ্ত, ঢাকা