দোস্ত, একটা ইন্টারেস্টিং গল্প শুনবি? বন্ধুদের বিমর্ষ আড্ডা থেকে আমার প্রসঙ্গ বদলানোর চেষ্টা। বন্ধুদের একজন আগ্রহ প্রকাশ করল, ‘ইন্টারেস্টিং? আচ্ছা বল তো?’আরেকজন বলে উঠল, ‘ইন্টারেস্টিং তো, নাকি টিফিন টাইম সময়টা লস্?’আমি বললাম, আরে, ইন্টারেস্টিং বললাম না, শোন।‘আচ্ছা, শুরু কর।’ঠিক আছে, বলছি।সেবার গ্রীষ্মের ছুটিতে আমরা নানাবাড়িতে গিয়েছিলাম।কবি টাইপের একজন বলে উঠল, ‘আরে ভাই, শুরুটা ভাল দে, বল সময়টা ছিল গ্রীষ্মের কাঠফাটা রোদের, সূর্যের তীব্র রোদে যখন জনজীবন অসহায়...’ আরেকজন তাকে থামিয়ে দিয়ে আমাকে এগোতে বলল।তো আমার নানাবাড়ি গ্রামের দিকে। জায়গাটা গাছগাছালিতে ভর্তি, আবার নানাবাড়ির পাশে রয়েছে বেশ বড় এক পুকুর। নানা এসে আমাকে বললেন, ‘শোন, তোকে আজ আমি সাঁতার শেখাব।’ শহরের ছেলের আবার সাঁতার শিখে কী হবে? নানা যুক্তি দেখালেন, ‘ধর, তুই কোনো লঞ্চে করে কোথাও যাচ্ছিলি, হঠাৎ লঞ্চ ডুবে গেল, তখন তুই কী করবি?’যাক, যুক্তি শুনে সাঁতার শিখতে গেলাম...একজন মাঝে বাধা দিয়ে বলল, ‘এরপর কী হলো? ডুবে গেলি?’আরে দূর, চুপচাপ শোন। এরপর নানা একটা দড়ির প্রান্ত আমার হাতে দিয়ে বললেন, ‘এই দড়িটা ধরে ভাসতে ভাসতে পুকুরের ওপারে যাবি। ডুবে যাচ্ছিস মনে হলে দড়িটা ধরে টান দিবি। আগে ভাসতে শেখা দরকার। জলদি সাঁতার শিখে যাবি।’ আচ্ছা, জামা খুলে দড়িটা ধরে পানিতে নামলাম। তবে বুকে একটা চাপা ভয় ছিল। কিন্তু দেখলাম, দড়ি ধরে ভাসা অনেক সহজ। পানি মাত্র কোমর পর্যন্তই এল। কিন্তু বিপত্তিটা ঘটল যখন পুকুরের মাঝামাঝি এলাম। পানির উচ্চতা আমার ডোবার জন্য যথেষ্ট। হাঁসফাঁস করে কোনোমতে শ্বাস নিচ্ছিলাম। যখন আর পারব না বুঝে দড়িটা টান দিতে যাব, তখনই দড়িটা গেল হাত থেকে ফসকে...আবার আগেরজন বলে উঠল, ‘বলছিলাম না, ডুববি।’আচ্ছা, থাম। এরপর তো যায় যায় অবস্থা, পরিস্থিতি পুরোই টাইট, নানা যখন দেখছিলেন আমি ডুবে যাচ্ছি, তখন নিশ্চয়ই দড়ি ধরে টেনেছিলেন। আর দড়ির অন্য প্রান্ত ভাসতে ভাসতে আমাকে ছাড়া আসায় নিশ্চয়ই বড় বড় চোখে তাকিয়েছিলেন। কিন্তু ততক্ষণে আমি পানির নিচে। তবে সে যাত্রায় বেঁচে গিয়েছিলাম।‘কেমনে বাঁচলি রে? হাসপাতালে নেওয়ার পর?’ টিপ্পনী কাটল একজন।আরে নাহ্, তখন আমার সাঁতার দেখার জন্য কিছু দর্শক এসেছিল। তার মধ্যে সক্রিয় দর্শক ছিলেন আমার মা, তাঁর কাছ থেকে আমি কাছেই ছিলাম। মা লাফিয়ে কোনোমতে টেনেহিঁচড়ে আমাকে ডাঙায় নিয়ে এলেন। পেট চেপে চেপে পানি বের করলেন। এরপর কোনোমতে আমি নিজেকে সামলালাম। এর পর থেকে...আমার সাঁতার শেখার কোর্স সারা জীবনের জন্য খতম করেছেন নানা। আর উপদেশও দিয়েছেন, যাতে আমি কোনোদিন লঞ্চ বা নৌকায় না চড়ি। আমার গল্পের এখানেই সমাপ্তি।একজন হেসে হেসে বলল, ‘তোর জন্য দুঃখ হচ্ছে রে।’আরেকজন বলল, ‘চরম ইন্টারেস্টিং।’কিন্তু তোদের তো মোস্ট ইন্টারেস্টিং জিনিসটাই বলা হয়নি। আসলে আমার মা কিন্তু সাঁতার জানতেন না, তবু কেমন করে জানি...‘দূর ব্যাটা, মজা করিস না, তোর নানার মেয়ে সাঁতার জানে না...’কথাটা শেষ হলো না, টিফিন ঘণ্টা পড়ে গেল, সবাই চলল নিজ নিজ ক্লাসে। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম, তারা ইন্টারেস্টিং বিষয়টা ধরতেই পারল না। মা তো সত্যিই সাঁতার জানেন না, তবু আমাকে কেমন করে বাঁচালেন? আমি এই রহস্য মোটামুটি ভেদ করেছি। কথায় আছে না, ভালোবাসার শক্তিতে সবই সম্ভব...কাজী রিয়াজুল হাসানসেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।