
আয়নার সামনে দাঁড়িয়ে কি মোটা মোটা লাগছে নিজেকে? ভাবছেন, খাবারের তালিকাটা কাটছাঁট না করলেই যেন চলছে না। তাই শর্করা, চর্বি আর আমিষ জাতীয় খাবারগুলো বাদ দিয়ে খাবার পাতের বন্ধু করে নিলেন শুধু সবুজ শাকসবজি আর ফলমূলকে। ভাবছেন সবুজ শাকসবজিই খাচ্ছি এতে আবার ক্ষতি কি? তাৎক্ষণিকভাবে সুফল মিললেও এমন ক্রাশ ডায়েটের পরিণামটা কিন্তু একেবারেই ভালো নয়।
বারডেম জেনারেল হাসপাতালের প্রধান পুষ্টিবিদ আখতারুন নাহার জানালেন, প্রতিদিন যে খাবারগুলো আমরা খেয়ে থাকি তার মধ্যে শরীরের প্রয়োজনীয় সব উপাদান থাকে। এর যেকোনো একটার ঘাটতি হলেই বিগড়ে যায় শরীর। ক্রাশ ডায়েটের ক্ষেত্রে সাধারণত শর্করা, প্রোটিন, ফ্যাট জাতীয় খাবারকে বাদ দিয়ে শাকসবজি আর ফলমূলের খাদ্যতালিকা দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে ওজন কমাতে সহায়তা করলেও পরবর্তী সময়ে এই ডায়েট শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। একদিকে দ্রুত ওজন কমানোটা যেমন শরীরের জন্য একেবারেই ভালো নয় অন্যদিকে শর্করার অভাবে দ্রুত দুর্বল হয়ে পড়ে শরীর হারায়, কর্মক্ষমতা।
খাদ্যতালিকায় প্রোটিন না থাকায় ত্বক হারায় তার স্বাভাবিক লাবণ্য। নষ্ট হয় নখ ও চুলের উজ্জ্বলতা। মাথা ঘোরানো, পেট ও হাড়ের ব্যথার মতো সমস্যাগুলো দেখা দেয়। পাশাপাশি ক্রাশ ডায়েটের ফলে চোখের দৃষ্টিশক্তি পর্যন্ত হারিয়ে যায়। এ জন্য সাত দিনের বেশি ক্রাশ ডায়েট মেনে না চলা ভালো। যাদের ওবেসিটি বা অতিরিক্ত ওজন রয়েছে, তাদের জন্য ক্রাশ ডায়েট বেশ সুফল বয়ে আনে। এতে করে তাদের খাবার প্রবণতা কমে যায়। ফলে পরবর্তী সময়ে আর ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে না।
সুফল বা কুফল যাই হোক না কেন, ক্রাশ ডায়েট করার আগে অবশ্যই একজন পুষ্টি বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে ডায়েট চার্ট করে নেওয়া ভালো। কারণ একেকজনের শারীরিক গঠন একেক রকম। কারও হয়তো রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম আর কারও হয়তো চর্বির পরিমাণ বেশি। এ ছাড়া শরীরের কোলেস্টেরলের পরিমাণটা কেমন রয়েছে, এটা জেনে একজন পুষ্টিবিদ ডায়েট চার্টের তালিকা তৈরি করে দেন। এদিকে বাচ্চা জন্মের পর অনেকেই ওজন কমাতে ক্রাশ ডায়েট মেনে চলেন। এটা কিন্তু একেবারেই উচিত নয়। বিশেষ করে ছয় মাস পর্যন্ত বাচ্চা শুধু মায়ের বুকের দুধ খেয়ে থাকে। এই সময় মাকে তাই সুষম খাবার খেতে হবে।