একটি অবাস্তব গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধ হয়ে যাওয়া কারখানার শ্রমিক ‘ক’ মণ্ডল। স্ত্রী চাঁপা রানীকে হত্যার দায়ে অভিযুক্ত হন। বিচারের রায়ে তাঁর ফাঁসির আদেশ হয়। কিন্তু জেলখানায় স্মৃতি হারিয়ে ফেলেন ‘ক’ মণ্ডল। এদিকে, স্মৃতি না ফেরা পর্যন্ত ফাঁসির আদেশ কার্যকর করা যাবে না। এ জন্য জেল কর্তৃপক্ষ চেষ্টা করল তাঁর জীবনের গল্প বলে স্মৃতি ফিরিয়ে আনতে। সেই গল্প থেকেই উঠে আসে কারখানার শ্রমিকের করুণ কাহিনি। সমাজব্যবস্থায় পুঁজিপতিদের হাতে ‘ক’ মণ্ডল এবং তাঁর পরিবার অসহায়, অক্ষম ও পীড়নের হাজার রজ্জুতে বন্দী। এ রকম কাহিনি নিয়েই গড়ে উঠেছে একটি অবাস্তব গল্প নাটকটি। গত শুক্রবার থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে লোক থিয়েটারের ২১ বছর পূর্তি উপলক্ষে শততম প্রদর্শনী হয় নাটকটির। এই নাটকের প্রদর্শনীর মধ্য দিয়েই ১৯৯১ সালে লোক থিয়েটার যাত্রা শুরু করে। নাটকটি রচনা করেছেন বিমল বন্দ্যোপাধ্যায়। মঞ্চ ও আলোক নির্দেশনা দিয়েছেন মনসুর মাসুদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিন্তী নাথ, সরোজ আহমেদ, রেহানা বেগম, কে এম সাইফুল ইসলাম, শুভাশীষ শর্মা, খোকন মাহিমীয়া, আলাউদ্দীন আকাশ, মিঠুন চক্রবর্তী, আবুল হাসনাত মাহমুদ ও মনসুর মাসুদ। আবহ সংগীতে ছিলেন মো. ফয়সাল, আলোক প্রক্ষেপণে দেবাশীষ চৌধুরী এবং মঞ্চ ব্যবস্থাপনায় নীলিমা আহমেদ ও আবু তালেব।