একটি অসম্মেলন
নামটাই চমকে দেয়। ‘আনকনফারেন্স’। বাংলা করলে দাঁড়ায় অসেম্মলন।ইন্টারনেটে সবচেয়ে সমৃদ্ধ বিশ্বকোষ উইকিপিডিয়ার যে সমাবেশ হয়, সেটা ঠিক আনুষ্ঠানিক, ভাবগম্ভীর থাকে না। তাই একে অসম্মেলনই বলেন উইকিপিডিয়ার সঙ্গে জড়িতরা।বাংলাদেশে ২ ও ৩ মার্চপ্রথমবারের মতো হলো বাংলা উইকিপিডিয়ার অসম্মেলন (http://bn.wikipedia.org)।২৩ হাজার নিবন্ধ নিয়ে বাংলা উইকি এখন বেশ সমৃদ্ধ হতে চলেছে। তাই তো চট্টগ্রামের ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নিতে উইকিপ্রেমীদের আগ্রহের কমতি ছিল না।এ আয়োজনে যেমন ছিল কর্মশালা, মুক্ত আড্ডা, মুক্ত সেমিনার, তেমনি ছিল ছবি দেখাসহ নানা আয়োজন। মুক্ত সেমিনারও ছিল মুক্তধারার।দ্বিতীয় দিনের একটি সেমিনারে দেখা গেল ছয়-সাতজন গোল হয়ে আড্ডা দিচ্ছেন! রচনা প্রতিযোগিতার অংশগ্রহণকারীরা রচনা লিখেছেন নিজেদের পছন্দমতো বিষয়ে। এ জন্যই তো আয়োজনের নাম অসম্মেলন। জানালেন আয়োজকেরা। আয়োজন শুরুর কথাসারা বিশ্বের উইকিপিডিয়ায় কাজ করা উইকিপিডিয়ানদের নিজস্ব শাখা বা চ্যাপ্টার থেকে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়। উইকিমিডিয়া ফাউন্ডেশন অনুমোদিত এসব চ্যাপ্টারের সদস্যরা উইকিপিডিয়াকে জনপ্রিয় করার চেষ্টা চালান।মাস কয়েক আগে বাংলাদেশেও যাত্রা শুরু করেছে উইকিমিডিয়া বাংলাদেশ। ২০০৪ সালে কয়েকজন বাঙালি একসঙ্গে শামিল হয়ে শুরু করেছিলেন বাংলা উইকিপিডিয়া গড়ে তোলার কাজ। ২০০৬ সালে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে দেশে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে বিশেষ কার্যক্রম শুরু হয়। এই দুই সংগঠন এ আয়োজনের আয়োজক।আরেক আয়োজক আইইউবি। আর সহযোগিতায় ছিল ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড, সিএ প্রোপার্টি ডেভলপমেন্ট লিমিটেড এবং ইন্টারনাল ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড।নানা রঙের আয়োজনদুই দিন জুড়েই ছিল নানা ধরনের আয়োজন। বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যেমন ছিল আলাদা কুইজ প্রতিযোগিতা, মুক্ত বিষয়ভিত্তিক রচনা প্রতিযোগিতা, তেমনি সবার জন্য ছিল উইকিপিডিয়ার কর্মশালা, মুক্ত আলোচনা। বিষয়ভিত্তিক সেমিনারের পাশাপাশি দুই দিনের এ আয়োজনে ছিল মুক্তিযুদ্ধবিষয়ক বাংলা চলচ্চিত্র প্রদর্শনী। প্রথম দিনে অসম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মন্জুর আলম। এ সময় বাংলা উইকিপিডিয়ার ব্যুরোক্র্যাট ও প্রশাসক রাগিব হাসানের লিখিত বক্তব্য পড়ে শোনান অসম্মেলনের যুগ্ম আহ্বায়ক সৌমিত্র পালিত। এর পাশাপাশি উইকিমিডিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক স্যু গার্ডেনের দেওয়া ভিডিও বক্তব্য দেখানো হয়। এতে তিনি বাংলা উইকিপিডিয়ার এ আয়োজনের সফলতা কামনা করেন। শেষ দিনে সমাপনী অনুষ্ঠানে কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।কর্মশালা ও সেমিনারআগ্রহী অংশগ্রহণকারীদের জন্য অসম্মেলনে ছিল একাধিক বিষয়ের ওপর কর্মশালা ও সেমিনার। প্রথম দিনে অনুষ্ঠিত হয় ‘মোবাইল ও কম্পিউটারে বাংলা লিখন’ কর্মশালা, যেখানে ডিজিটাল মাধ্যমে কীভাবে বাংলায় লেখা যায়, সে বিষয়টি হাতে-কলমে শেখানো হয়। একই দিনে শুধু শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হয় ‘কীভাবে বাংলা উইকিপিডিয়াতে অবদান রাখা যায়’ শিরোনামে কর্মশালা। কর্মশালায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থী মারিয়া মাহজাবীন বলেন, ‘নিজেদের তথ্যগুলো নিজেরাই যাতে উইকিপিডিয়ায় যোগ করতে পারি, সে জন্যই এ কর্মশালায় এসেছি।’ অসম্মেলনের দ্বিতীয় দিনেও অনুষ্ঠিত হয়েছে ‘বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধকরণ’ বিষয়ে আরেকটি কর্মশালা, যেখানে শিক্ষার্থী ছাড়াও অংশ নিয়েছেন অনেক পেশাজীবীও। কর্মশালাগুলো পরিচালনা করেন বাংলা উইকিপিডিয়ার ব্যুরোক্র্যাট ও প্রশাসক তানভির রহমান। এ ছাড়া প্রথম দিনে অনুষ্ঠিত হয় ‘সর্বজনীন শিক্ষাবিস্তারে উইকিপিডিয়ার ভূমিকা’ শীর্ষক মুক্ত সেমিনার। এতে মূল বক্তা ছিলেন ইংলিশ ল্যাংগুয়েজ ফেলো উইলিয়াম উলফ। দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয়েছে ‘সামাজিক যোগাযোগ ও উইকিপিডিয়া’ এবং ‘উইকিপিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়া’ শীর্ষক সেমিনার। এতে মূল বক্তা ছিলেন আন্তর্জাতিক কারিগরি বক্তৃতামালার (টেডএক্সঢাকা) ঢাকার কিউরেটর সুমন জাহান। মুক্ত আলোচনা ও গণ-আড্ডানানা ধরনের বিষয়ের সঙ্গে বাংলা উইকিপিডিয়া বিষয়ে ছিল মুক্ত আলোচনা। এতে অংশগ্রহণকারীরা আলাদা আলাদা দলে ভাগ হয়ে অংশ নেন। দ্বিতীয় দিনে ছিল গণ-আড্ডা। আড্ডায় উপস্থিত ছিলেন জনপ্রিয় লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক ইয়াসমিন হক। আড্ডায় অংশ নেওয়া অনেকেরই ছিল নানা ধরনের প্রশ্ন। এর মধ্যে ছিল কেউ যদি দুর্নীতি দেখে সে কী করবে, উইকিপিডিয়া সমৃদ্ধ করার ক্ষেত্রে কী কী করা উচিত, আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা এসেছে কি? ইত্যাদি। এসব প্রশ্নের উত্তর দেন মুহম্মদ জাফর ইকবাল। জমজমাট এ আড্ডায় শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন অভিভাবক এবং নানা বয়সী উইকিপ্রেমী।বই ও ডিজিটাল আলোকচিত্র প্রদর্শনীদুই দিনের এ আয়োজনে ছিল মুক্ত সফটওয়্যার-বিষয়ক বই প্রদর্শনী। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির উদ্যোগে প্রযুক্তির পাশাপাশি বিজ্ঞান ও গণিতের বইয়ের প্রদর্শনীও ছিল অসেম্মলনে। এ ছাড়া ছিল ডিজিটাল আলোকচিত্র প্রদর্শনী। আলোকচিত্রী দীন মোহাম্মদ শিবলীর তোলা জাহাজ তৈরির পূর্ণাঙ্গ বিষয় নিয়ে তৈরি করা প্রদর্শনীর ছবিগুলো ছিল আকর্ষণীয় ।ফ্রিল্যান্সারদের আড্ডাআয়োজনের শেষের পথে সমাপনী অনুষ্ঠান শেষে ছিল আইইউবির শিক্ষক রিফাত তাসনিমের পরিচালনায় আইইউবির শিক্ষার্থীদের পরিবেশনায় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিষয়ে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ছিল বিশেষ নাটক। এ ছাড়া অসম্মেলনে ছিল একদল তথ্য প্রযুক্তি ফ্রিল্যান্সারের আড্ডা। এতে তরুণ ফ্রিল্যান্সারদের সঙ্গে আউটসোর্সিংয়ের নানা বিষয়ে আলোচনা করেন ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড বিজয়ী মামুনুর রশীদ। তিনি জানান, উন্মুক্ত বিশ্বকোষের এ আয়োজনে ফ্রিল্যান্সাররাও যাতে উইকিপিডিয়ায় অবদান রাখতে পারেন, সে বিষয়গুলো নিয়ে আড্ডায় আলোচনা হয়েছে।আয়োজকদের কথাঢাকার বাইরে এ ধরনের আয়োজনের বিষয়ে আয়োজক উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি ও বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান জানান, মুক্ত কনটেন্টকে জনপ্রিয় করতে এবং বাংলা উইকিপিডিয়ার বিষয়গুলোকে ছড়িয়ে দিতে ঢাকার বাইরে প্রথমবারের মতো এ আয়োজন করা হয়েছে। গতানুগতিক সম্মেলনের বাইরে অনুষ্ঠিত এ অসম্মেলনটি সফল হয়েছে এবং এ আয়োজন উপলক্ষে মুক্ত ছবির ভান্ডার উইকিমিডিয়া কমন্সের জন্য নিজের তোলা দুই হাজারের বেশি ছবি দান করেন প্রকৌশলী নূরুল আজম, যা এ আয়োজনের জন্য বড় একটি পাওয়া বলে জানান তিনি।এবার আমাদের পালাবর্তমানে প্রায় ২৮২টি ভাষায় উইকিপিডিয়া রয়েছে, যার মধ্যে বাংলা একটি। বাংলা উইকিপিডিয়াতে ২৩ হাজারের বেশি নিবন্ধ থাকলেও এখনো নেই অনেক বিষয়। ইন্টারনেটে বেড়ে ওঠা আগামী প্রজন্মের জন্য আমাদের ইতিহাস, ঐহিত্য, সংস্কৃতির কথা জানাতে সমৃদ্ধ করতে হবে বাংলা উইকিপিডিয়াকে।