
২০১৫ সালের ২৪ মার্চ দ্য নিউইয়র্ক টাইমসে প্রকাশিত অ্যাঞ্জেলিনা জোলির লেখা কলামের নির্বাচিত অংশ
দুই বছর আগে আমি লিখেছিলাম আমার প্রতিরোধমূলক ‘ডাবল মাসটেকটমি’র (দ্বৈত স্তন অপসারণ) কথা। একটি ছোট্ট স্বাস্থ্য পরীক্ষা আমাকে জানিয়েছে, আমার ত্রুটিপূর্ণ বিআরসিএ-১ জিনের ব্যাপারে। সে সময় জেনেছিলাম, আমি ৮৭ শতাংশ স্তন ক্যানসার ও ৫০ শতাংশ ডিম্বাশয় ক্যানসারের ঝুঁকিতে আছি। আমি আমার মা, নানি ও খালাকে এ ক্যানসারের জন্যই হারিয়েছি।
আমি চেয়েছিলাম সব নারীরা এই ঝুঁকি থেকে বেরোনোর সুযোগ সম্পর্কে জানুক। সে সময় প্রতিজ্ঞা করেছিলাম, আমার পরবর্তী প্রতিরোধমূলক পদক্ষেপ সম্পর্কেও সবাইকে জানাব। এবার আমি বলব, আমার ডিম্বাশয় ও ফ্যােলাপিয়ান টিউব অপসারণ প্রক্রিয়ার কথা।
এটা মাসটেকটমির চেয়ে তুলনামূলক সহজ প্রক্রিয়া, কিন্তু এর প্রভাব মাসটেকটমির চেয়ে অনেক গুরুতর। এটা জোরপূর্বক একজন নারীর ঋতুস্রাবকে বাধাগ্রস্ত করে। তাই নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করেছিলাম। এ সময়টায় আমি চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেছি, বিকল্প ওষুধের খোঁজ করেছি, নিজের হরমোনে এস্ট্রোজেন অথবা প্রগেস্টেরনের প্রতিস্থাপন সম্পর্কে জেনেছি। কিন্তু এর পরও উপলব্ধি করলাম, আমার আরেকটু সময় নিয়ে ভেবে দেখা উচিত।
দুই সপ্তাহ আগে রক্ত পরীক্ষার রিপোর্ট জানালেন আমার চিকিৎসক, ‘আপনার সিএ-১২৫ স্বাভাবিক।’ আমি স্বস্তির নিঃশ্বাস নিই। এই পরীক্ষা আমার রক্তে প্রোটিন সিএ-১২৫-এর পরিমাণ মেপেছে। এটা ডিম্বাশয় ক্যানসারের ঝুঁকি শনাক্ত করার জন্য করতে হয়। আমার ক্যানসারের পারিবারিক ধারা থাকায় এই পরীক্ষা প্রতিবছরই করি।
এখানেই শেষ নয়। চিকিৎসক বলতে লাগলেন, ‘টেস্ট রিপোর্টে কিছু কিছু প্রদাহ ধরা পড়েছে, যা বাড়ছে। সব মিলিয়ে বলতে গেলে এটা ক্যানসারের প্রাথমিক ধাপের লক্ষণ হতে পারে।’ আমি স্থির হয়ে থাকি কিছুক্ষণ। চিকিৎসক পরামর্শ দেন, আমি যেন খুব দ্রুত একজন সার্জনের কাছে গিয়ে ডিম্বাশয় পরীক্ষা করিয়ে নিই।
নিজেকে বোঝালাম, আমাকে শান্ত থাকতে হবে, শক্ত হতে হবে। এটা ভাবলে চলবে না যে আমার সন্তানদের বড় হওয়া দেখতে পাব না, নাতি-নাতনি দেখতে পাব না। আমি আমার স্বামীকে (ব্র্যাড পিট) ফোন করলাম। সে তখন ফ্রান্সে ছিল, কিছুক্ষণের মধ্যেই ফিরতি প্লেনে উঠতে যাচ্ছিল। জীবনের এই পরিস্থিতিগুলোর সবচেয়ে সুন্দর বিষয় হলো, সে সময় সব কিছুই একেবারে স্বচ্ছ হয়ে ওঠে। তুমি তখন খুব ভালো করেই বুঝতে পারো, কিসের কিংবা কাদের জন্য তুমি বেঁচে থাকতে চাও?
সেদিনই আমি সার্জনের কাছে যাই। তিনি আমার মায়ের চিকিৎসাও করেছিলেন। যেদিন আমার মা মারা গেলেন, সেদিনই তাঁর সঙ্গে আমার শেষবার দেখা হয়। তাঁর চোখে ছিল পানি। আমাকে দেখেই তিনি বলেন, ‘তুমি দেখতে একেবারে তোমার মায়ের মতো।’ আমি কান্না ধরে রাখতে পারিনি। কিন্তু এরপর আমরা একে অপরের দিকে তাকিয়ে হাসি।
পরীক্ষা-নিরীক্ষা কিংবা আল্ট্রাসাউন্ডে শঙ্কিত হওয়ার মতো কিছুই ঘটেনি। আমি কিছুটা নিশ্চিন্ত হই, এটা সত্যি সত্যিই ক্যানসার হলে তা হতো একেবারে প্রাথমিক পর্যায়ের। জানতে পারলাম, শরীরের অন্য কোনো অংশে ক্যানসার থেকে থাকলে আমি তা আগামী পাঁচ দিনের মধ্যেই জেনে যাব। আমি পাঁচ দিন খুব তাড়ার মধ্য দিয়ে পার করি। বাচ্চাদের নিয়ে সকার খেলা দেখতে যাই, নিবিষ্ট মনে কাজ করি, মোটকথা কোনোভাবেই নিজেকে অস্থিরতায় ফেলতে চাইছিলাম না।

পাঁচ দিন পর রিপোর্ট পেলাম। পিইটি, সিটি স্ক্যান পরিষ্কার দেখাল, টিউমার টেস্টও নেগেটিভ। অনেক খুশি ছিলাম এ নিয়ে। যদিও রেডিও অ্যাক্টিভ ট্রেসার বলছিল, আমি এখনো নিশ্চিন্ত হয়ে আমার সন্তানদের বুকে জড়িয়ে নিতে পারব না। কারণ এখনো কিছু কিছু প্রদাহ বলছে যেকোনো সময় ক্যানসারের প্রাথমিক ধাপে পৌঁছে যেতে পারি আমি। ক্যানসারের ঝুঁকি থেকে নিস্তার পেতে এখনো কিছু সুযোগ আছে, আর তা হলো আমার ডিম্বাশয় আর ফ্যালোপিয়ান টিউব অপসারণ। আর আমি তা-ই করলাম।
আমার ত্রুটিপূর্ণ বিআরসিএ-১ জিনের কারণেই আমি এটা করেছি এমন নয়। আমি চাই অন্য নারীরাও এটা জানুক। বিআরসিএ পজিটিভ না হলেও কিন্তু এই সার্জারিকে এড়িয়ে যাওয়া যায় না। ডিম্বাশয়ে ক্যানসারের ঝুঁকিতে অনেকেই অনেকভাবে পড়তে পারে। কিন্তু এসব ঝুঁকি এড়িয়ে যাওয়ার একটাই পথ—সম্ভাব্য সব সুযোগ সম্পর্কে জানা এবং সবচেয়ে উপযুক্তটি বেছে নেওয়া।
আমার বেলায় ডিম্বাশয় ও ফ্যালোপিয়ান টিউব অপসারণই ছিল সবচেয়ে উপযুক্ত। কারণ বিভিন্ন দেশের চিকিৎসকেরা আমাকে এটাই বলেছেন যে যাঁর পরিবারের তিনজন নারীই ক্যানসারে ভুগে মারা গেছেন, তাঁর কাছে এর চেয়ে উপযুক্ত আর কিছুই হতে পারে না। চিকিৎসকেরা আমাকে এ-ও জানিয়েছেন, আমার আরও আগে এ পদক্ষেপ নেওয়া উচিত ছিল। মায়ের বয়স যখন ৪৯, তখন তাঁর ডিম্বাশয়ে ক্যানসার ধরা পড়ে। আর আমার বয়স এখন ৩৯।
গত সপ্তাহে আমি সেই চূড়ান্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে যাই। এর নাম ল্যাপরোস্কপিক বিলাটেরাল সালপিংগো-ওফোরেক্টমি। অস্ত্রোপচারের পর আমার একটি ডিম্বাশয়ে একটা ছোট টিউমার পাওয়া গেল। কিন্তু কোনো টিস্যুতে কোনো ক্যানসারের লক্ষণ পাওয়া যায়নি।
আমার জরায়ুতে (ইউটেরাস) একটি প্রোগেস্টেরন আইইউডি স্থাপন করা হলো। এটা আমার হরমোনের ভারসাম্য রক্ষায় সহায়তা করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এটা ভবিষ্যতে আমাকে জরায়ুর ক্যানসার থেকেও বাঁচাবে। আমি জরায়ু অপসারণ করব না বলে ঠিক করলাম। কেননা আমার পারিবারিক ইতিহাসে এ রোগটা নেই।
ক্যানসারের ঝুঁকি এড়িয়ে যাওয়া সম্ভব নয় কখনোই। মোদ্দাকথা, এর পরও আমি ক্যানসারে আক্রান্ত হতে পারি। এখন থেকে আমি প্রাকৃতিক উপায়ে নিজের রোগ প্রতিরোধের চেষ্টা চালাব। নিজের নারীত্বকে আরও বেশি পরিপূর্ণ ও তাৎপর্যপূর্ণ মনে করছি এই সিদ্ধান্তগুলো নেওয়ার পর থেকে। আমি এখন আশা করতে পারি, আমার সন্তানদের কোনো দিনও বলতে হবে না, ‘আমার মা ডিম্বাশয়ের ক্যানসারে ভুগে মারা গেছে।’
আমি যে হরমোন প্রতিস্থাপন করেছি, এর ফলে আমার ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে। আমি আর কোনো দিন মা হতে পারব না। আমার মধ্যে কিছু শারীরিক পরিবর্তনও ধীরে ধীরে আসতে পারে। কিন্তু যা-ই হবে, তা নিয়ে আমি স্বস্তিতেই থাকব।
তাঁদের ব্যথা আমি বুঝি, যাঁরা খুব কম বয়সে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন। অনেককে মা হওয়ার আগেই এই অস্ত্রোপচার করাতে হয়েছে। তাঁদের পরিস্থিতি আমার চেয়ে অনেক কঠিন। আমি খোঁজ নিয়ে জেনেছি, ঝুঁকির বিষয়টি আগে থেকেই জানা গেলে অস্ত্রোপচার করে ডিম্বাশয় না ফেললেও হয়। শুধু ফ্যালোপিয়ান টিউব অপসারণের মধ্য দিয়েও ঝুঁকি কাটানো যায়। ফলে সেসব নারী মা হওয়ার ক্ষমতা হারান না। ঋতুস্রাবও বন্ধ হয় না। আশা করছি, এটা জেনে এখন অনেকেই সচেতন হবেন।
এ ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া সহজ বিষয় নয়। কিন্তু স্বাস্থ্যগত এ বিষয়গুলোকে সাহসের সঙ্গে নিয়ন্ত্রণ করা সম্ভব। আপনি চাইলেই পরামর্শ নিতে পারেন, এসব বিষয়ে জানতে পারেন, পড়তে পারেন, নিজের পরিস্থিতি ও প্রয়োজন বুঝে পদক্ষেপও নিতে পারেন। জ্ঞানই শক্তি।
অনূদিত