একটি আইডিয়ার জন্মরহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রস+আলোর লেখকদের জন্য বৃহস্পতিবার দিনটা কালো দিন হিসেবে বিবেচিত। এই দিনটা পরবর্তী সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার শেষ দিন। সোমবার রস+আলো বেরোনোর পর আমরা হাঁফ ছেড়ে বাঁচি। যেন খুব কঠিন একটা পরীক্ষা শেষ হলো। পরবর্তী পরীক্ষার আগে বিস্তর ছুটি। পরীক্ষার সময় ভাবতাম, পরদিন থেকে লেখাপড়া শুরু করব; আর এ ক্ষেত্রে ভাবি, আজ থাক, কাল সকালে নতুন সংখ্যার আইডিয়া নিয়ে ভাবব। সকালে ভাবি, রাতটা হোক, ফাটায় ফেলব। রাতে ভাবি, কাল ভোরে উঠে লেখালেখি শুরু। সাড়ে পাঁচটায় অ্যালার্ম দিয়ে রাখি। সেই অ্যালার্ম কীভাবে কীভাবে যেন বন্ধ হয়ে যায়! বউয়ের ডাকাডাকিতে ঘুম ভাঙে দশটায়। বউ জানায়, অ্যালার্ম নাকি আমি নিজ হাতে বন্ধ করেছি। যাকগে, কী আর করা! প্রেমিকের মন আর আমার ঘুম—দুটোই যে কখন ভাঙবে সেটা আগে থেকে বলা কষ্টকর।

অফিসের জন্য রেডি হতে হতে ভাবি, রাতে বাসায় এসে লিখব। এভাবেই কখন বৃহস্পতিবার চলে আসে টের পাই না। শুরু হয় জোর করে মাথা থেকে আইডিয়া ডাউনলোড করার প্রক্রিয়া। আইডিয়া লুকানো থাকতে পারে যেকোনো জায়গায়, যেকোনো কথার মধ্যে। সুতরাং চোখ-কান খোলা রাখো। বউ হয়তো বলল, ‘অ্যাই, দেখো তো বাবুর খেলনাটা খাটের নিচে পড়েছে নাকি।’

আমি অর্ধেক শরীর খাটের তলায় গলিয়ে দিই। মিনিট দশেক পরে স্টারপ্লাসের সিরিয়ালের ব্রেক হলে বউয়ের মনে পড়ে তার পতিপ্রবর এত সময় ধরে খাটের নিচে কী করে! সে ছুটে আসে হন্তদন্ত হয়ে।

: অ্যাই, তোমার কী হলো? খাটের নিচে কী করো? কিছু পেলে?

: হ্যাঁ, একটা আইডিয়া পেলাম। বউয়ের ঝাড়ি থেকে বাঁচতে খাটের নিচে ঘুমানোর উপকারিতা-সংক্রান্ত ফাটাফাটি আইডিয়া।

: আর বাবুর খেলনা?

: নাহ্, এই আইডিয়ার মধ্যে খেলনা ঢোকানো যাবে না। খেলনা নিয়ে নতুন কিছু ভাবব। এই ধরো বড়রা যদি বাচ্চাদের মতো খেলনা দিয়ে খেলত, তাহলে কেমন হতো টাইপ।

বউ রেগেমেগে ঝাঁটা নিয়ে আসে। আমি বাইম মাছের মতো পিছলে আর মুরালিধরনের স্পিনের মতো বাঁক নিয়ে পুরোপুরি খাটের তলায় ঢুকে পড়ি। বউয়ের রুদ্রমূর্তি দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলি বাকি রাত এখানে কাটানোই আমার স্বাস্থ্যের জন্য উপকারী হবে।

সকালে লেখা মেইল করি। সম্পাদক সাহেব বলেন, ‘বাহ্, খুব সুন্দর আইডিয়া। আপনি অনেক দিন পর অসাধারণ কিছু লিখলেন। আপনার উন্নতি চোখে পড়ার মতো, কিন্তু ছাপানো যাবে না।’

: কেন?

: আরেকটু ভালো হলেই ছাপতাম। আপনি ভাবেন ভাবেন। আরও ভাবেন।

আমি ভাবতে থাকি। বউ বলে, ‘কী ব্যাপার? অফিসে যাবা না?’

আমি খাতা-কলম নিয়ে বসতে বসতে বলি, ‘গুড আইডিয়া। একজন বিবাহিত পুরুষের অফিসে লেট হওয়ার ১০টি কারণ লিখে ফেললে দারুণ হবে।’

: অফিসের সময় যে চলে যাচ্ছে, সেই হিসাব আছে?

: হুম, জোশ বলেছ। বিবাহিত পুরুষ ঘুমে থাকে। তার সময়ের হিসাব থাকে না। এটা একটা পয়েন্ট হতে পারে। বাকি আর নয়টা ভাবি, দাঁড়াও।

: উফ্, তোমাকে নিয়ে আর পারি না। অসহ্য মানুষ একটা। তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটা ধ্বংস হয়ে গেল...!

: ইয়েস ইয়েস! সেকেন্ড পয়েন্ট, বউয়ের সাথে ঝগড়া করতে গিয়ে লেট।

: নাহ্, তোমার সাথে কথা বলা মানে সময় নষ্ট। তুমি তোমার ইচ্ছামতো যা খুশি করো।

: হুম, অফিসে যেতে ইচ্ছা করে না, এটা তৃতীয় পয়েন্ট।

বউ রেগেমেগে চলে যায়। আমি বহু কষ্টে সাতটা পয়েন্ট লিখে মেইল করি। সম্পাদক রিপ্লাই দেন, ‘সোহাইল সাহেব, আপনার লেখালেখির তো ঈর্ষণীয় উন্নতি হইছে। এত ভালো লেখা বহুদিন পাই না। লেখাটার মধ্যে সামান্য আরেকটু ফান থাকলেই ছাপা যেত।

: তার মানে, এটাও ছাপানোর মতো হয়নি?

সম্পাদক আশা দেন, ‘আরে আপনারা হলেন ইয়াং ব্লাড। এত অল্পতে হতাশ হলে চলে? আরেকটু ভাবেন। লেখা আসবে।’

আমি প্রশ্ন করি, ‘ভাই, আপনার বাসায় মুরগি আছে?’

: হঠাৎ এই প্রশ্ন কেন?

: জাস্ট কৌতূহল। মুরগি আছে কি?

: হ্যাঁ আছে। দুটো মুরগি, একটা মোরগ।

: ডেইলি কয়টা ডিম দেয়?

: আরে, আর বইলেন না। মুরগিগুলা খুব অলস। দিনে তিনটার বেশি ডিম কোনোভাবেই পাড়াতে পারি না ওদের দিয়ে। আর মোরগটার কথা কী বলব! বিশাল ফাঁকিবাজ। সপ্তাহে তার কাছ থেকে সর্বোচ্চ দুইটা ডিম আদায় করতে পারি।

আমি দীর্ঘশ্বাস ফেলে বলি, ‘আমারও এ রকম ধারণাই ছিল। আপনার পক্ষেই সম্ভব। আপনি মহান।’

সম্পাদক সিরিয়াস হয়ে বলেন, ‘এসব উল্টাপাল্টা না বকে আইডিয়া ভাবেন।’

: ইয়েস আইডিয়া, উল্টা প্রশ্নের পাল্টা উত্তর কেমন হতে পারে। যেমন একজন ভাত খাচ্ছে। আরেকজন সেটা দেখে প্রশ্ন করল, ‘কী রে, ভাত খাচ্ছিস?’ তখন খাদক পাল্টা উত্তর দেবে, ‘না রে, দাতগুলোকে চর্বণাশীলন করাচ্ছি।’

: ভাবেন ভাবেন, অসাধারণ আইডিয়া।

আমি ভাবতে ভাবতে ফেসবুকে আসি। আমার প্রোফাইলে লেখা ‘কন্ট্রিবিউটিং রাইটার অ্যাট রস+আলো’ এডিট করে লেখি, ‘ভাবিস্ট অ্যাট রস+আলো’।

সেটা দেখেই হয়তো এক সুন্দরী মেয়ে মেসেজ দেয়, ‘পত্রিকায় আপনার লেখা ছাপা হয় বলে খুব ভাব বাড়ছে, না? আপনাকে ব্লক দিলাম। আমি লিস্টে ভাব নেওয়া পাবলিক রাখি না।’

আমি ফিরতি মেসেজে তাকে কী বলব ভাবতে ভাবতে ব্লক খেয়ে যাই। দীর্ঘশ্বাস ছেড়ে ভাবি, ভাবনা ছাড়া আর কী আছে জীবনে!